বিশেষ প্রতিনিধি:
রংপুরের শিক্ষক গণপতি চক্রবর্ত্তী ও তাঁর পরিবারের সদস্যদের হত্যাকাণ্ডের বিচার, সারাদেশে হত্যার ঘটনা বন্ধ এবং ঘনঘন লোডশেডিংয়ের প্রতিবাদে গাইবান্ধায় বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি)।
শনিবার বিকেলে সিপিবি গাইবান্ধা জেলা শাখার উদ্যোগে শহরের ১ নম্বর রেলগেট এলাকায় দলীয় কার্যালয় থেকে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে ডিবি রোডের গানাসাস মার্কেটের সামনে গিয়ে সমাবেশে মিলিত হয়।
সমাবেশ শুরুর আগে সম্প্রতি নেপালে ভয়াবহ বন্যায় নিহতদের স্মরণে এক মিনিট নীরবতা পালন করা হয়।
সিপিবি জেলা সভাপতি মোস্তাফিজুর রহমান মুকুলের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে বক্তব্য দেন কেন্দ্রীয় কমিটির সদস্য মিহির ঘোষ, জেলা সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মুরাদজামান রব্বানী, সম্পাদকমণ্ডলীর সদস্য গোলাম রব্বানী মুসা, রেবতী বর্মণ, সাদেকুল ইসলাম মাস্টার, মিতা হাসান, সুপ্রিয়া ঘোষ ও যোগেশ্বর বর্মণসহ অন্যান্য নেতৃবৃন্দ।
বক্তারা বলেন, শিক্ষক গণপতি চক্রবর্ত্তী ও তাঁর পরিবারের সদস্যদের হত্যাকাণ্ড দেশজুড়ে ব্যাপক উদ্বেগ ও আতঙ্কের সৃষ্টি করেছে। এ ঘটনার প্রকৃত রহস্য দ্রুত উদঘাটন করে দোষীদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে।
তারা আরও বলেন, দেশে একের পর এক হত্যাকাণ্ড এবং আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতিতে সাধারণ মানুষ নিরাপত্তাহীনতায় ভুগছে। একই সঙ্গে ঘনঘন লোডশেডিংয়ে জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে।
সমাবেশ থেকে অবিলম্বে লোডশেডিং বন্ধ, গ্যাস-বিদ্যুৎ ও সারের নিরবচ্ছিন্ন সরবরাহ নিশ্চিত করা, শ্রমিক ছাঁটাই বন্ধ এবং শিক্ষক গণপতি চক্রবর্ত্তী পরিবারের হত্যাকাণ্ডের সুষ্ঠু তদন্ত ও ন্যায়বিচারের দাবি জানানো হয়।
বক্তারা সারাদেশে হত্যা, সহিংসতা ও অপরাধ দমনে কার্যকর পদক্ষেপ গ্রহণেরও আহ্বান জানান।
প্রকাশক - শেখ রবিউল ইসলাম রবি, সম্পাদক - মোঃ আনিসুর রহমান, বার্তা সম্পাদক - শারীদ মোল্লা। অস্থায়ী প্রধান কার্যালয় - সোনারগাঁ,নারায়ণগঞ্জ, ঢাকা -বাংলাদেশ। Reg : TL-1061, fb: daily nayakontho, e-mail :[email protected], [email protected],web:www.dailynayakontho.com,
কপিরাইট © প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত | দৈনিক নয়া কন্ঠ | Developed by UNIKBD.COM