রাজশাহী সীমান্তে বিজিবির অভিযানে মাদক জব্দ
মোস্তাফিজুর রহমান লিটন
রাজশাহী ব্যুরো
রাজশাহী সীমান্তে পৃথক অভিযান চালিয়ে বিপুল পরিমাণ ভারতীয় মাদকদ্রব্য জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। এসব অভিযানে ২৯৯ পিস ভারতীয় ইয়াবা, ১৯০ পিস ভারতীয় ট্যাপেনট্রাডল ট্যাবলেট এবং ১৭ বোতল ভারতীয় ‘Eskuf’ সিরাপ জব্দ করা হয়। তবে এসব ঘটনায় কাউকে আটক করা সম্ভব হয়নি।
বিজিবি জানায়, মহাপরিচালকের দিকনির্দেশনা অনুযায়ী সীমান্ত দিয়ে অবৈধভাবে চোরাচালানি পণ্য, মাদকদ্রব্য ও অবৈধ অনুপ্রবেশ ঠেকাতে রাজশাহী ব্যাটালিয়ন (১ বিজিবি) সীমান্ত এলাকায় গোয়েন্দা নজরদারি ও টহল তৎপরতা জোরদার করেছে।
এরই ধারাবাহিকতায় শনিবার (২৯ আগস্ট) ভোর ৫টার দিকে রাজশাহী ব্যাটালিয়ন (১ বিজিবি)-এর অধীন খানপুর বিওপির একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে, দামকুড়া থানার ষাঁট বিঘা এলাকা দিয়ে মাদকের একটি চালান বাংলাদেশে প্রবেশ করবে। খবর পেয়ে বিজিবির টহল দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে জঙ্গলের মধ্যে অবস্থান নিয়ে অপেক্ষা করতে থাকে।
দীর্ঘ সময় অপেক্ষার পর টহল দল দেখতে পায়, একজন মাদক কারবারি আন্তর্জাতিক সীমান্ত অতিক্রম করে বাংলাদেশে প্রবেশ করছে। বিজিবি সদস্যরা তাকে আটকের জন্য ধাওয়া করলে তার কাছে থাকা একটি পলিথিনের প্যাকেট ফেলে পালিয়ে যায় ওই ব্যক্তি। পরে প্যাকেটটি তল্লাশি করে ২৯৯ পিস ভারতীয় ইয়াবা ট্যাবলেট জব্দ করা হয়। জব্দকৃত মাদকদ্রব্য মালিকবিহীন হিসেবে দেখানো হয়েছে। এ বিষয়ে দামকুড়া থানায় জমা দেওয়ার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।
এর আগে একই দিন রাত ১২টা ৪৫ মিনিটের দিকে রাজশাহী ব্যাটালিয়নের অধীন শাহাপুর বিওপির নিয়মিত টহল দল গোপন সংবাদের ভিত্তিতে কাটাখালী থানার টাংগন পশ্চিমপাড়া এলাকার বালুর চরে মাদকদ্রব্য লুকিয়ে রাখার খবর পায়। পরে বিজিবির আভিযানিক দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে তল্লাশি চালায়। এ সময় বালুর চরের মধ্যে পলিথিনে মোড়ানো অবস্থায় ১৯০ পিস ভারতীয় ট্যাপেনট্রাডল ট্যাবলেট জব্দ করা হয়। এ মাদকদ্রব্যও মালিকবিহীন বলে জানিয়েছে বিজিবি। জব্দকৃত মাদকদ্রব্য কাটাখালী থানায় জমা দেওয়ার প্রক্রিয়া চলছে।
এছাড়া গত ২৮ আগস্ট রাত ১০টা ৪৫ মিনিটের দিকে রাজশাহী ব্যাটালিয়নের অধীন বেলপুকুর চেকপোস্টের একটি আভিযানিক দল নিজস্ব গোয়েন্দা তথ্যের ভিত্তিতে বেলপুকুর থানার জামিয়া পাড়া এলাকার একটি আমবাগানে মাদকদ্রব্য লুকিয়ে রাখার খবর পায়। খবরের ভিত্তিতে বিজিবির দল ঘটনাস্থলে পৌঁছে তল্লাশি চালায়। একপর্যায়ে মাটিতে লুকিয়ে রাখা একটি ছোট ব্যাগের ভেতর থেকে ১৭ বোতল ভারতীয় ‘Eskuf’ সিরাপ জব্দ করা হয়। এসব মাদকদ্রব্যও মালিকবিহীন বলে জানানো হয়েছে। জব্দকৃত মাদকদ্রব্য বেলপুকুর থানায় জমা দেওয়ার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।
বিজিবি আরও জানায়, এসব মাদকদ্রব্যের সঙ্গে জড়িত সংশ্লিষ্ট কারবারিদের শনাক্ত করে তাদের বিরুদ্ধে যথাযথ আইনানুগ ব্যবস্থা গ্রহণের লক্ষ্যে গোয়েন্দা তৎপরতা অব্যাহত রয়েছে।
প্রকাশক - শেখ রবিউল ইসলাম রবি, সম্পাদক - মোঃ আনিসুর রহমান, বার্তা সম্পাদক - শারীদ মোল্লা। অস্থায়ী প্রধান কার্যালয় - সোনারগাঁ,নারায়ণগঞ্জ, ঢাকা -বাংলাদেশ। Reg : TL-1061, fb: daily nayakontho, e-mail :[email protected], [email protected],web:www.dailynayakontho.com,
কপিরাইট © প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত | দৈনিক নয়া কন্ঠ | Developed by UNIKBD.COM