পঞ্চগড়ে সার নিয়ে আতঙ্কের কারণ নেই, সংকট বিতরণ ব্যবস্থায়: ফরহাদ হোসেন
পঞ্চগড় জেলা প্রতিনিধি | সঞ্জু বনিক সৌরভ
পঞ্চগড়, ২৯ আগস্ট ২০২৬: দেশে পর্যাপ্ত সার মজুত রয়েছে, তাই সার নিয়ে কৃষকদের আতঙ্কিত হওয়ার কোনো কারণ নেই। তবে কৃষকের হাতে সঠিক সময়ে সার পৌঁছানোর ক্ষেত্রে বিতরণ ব্যবস্থায় সমস্যা রয়েছে বলে জানিয়েছেন পানিসম্পদ প্রতিমন্ত্রী আলহাজ্ব ফরহাদ হোসেন আজাদ এমপি।
শনিবার (২৯ আগস্ট) পঞ্চগড় সদর উপজেলা পরিষদ হলরুমে জেলার নিবন্ধিত রাসায়নিক সার ডিলারদের সঙ্গে সার সরবরাহ, বিতরণ, মজুত ও সার্বিক ব্যবস্থাপনা বিষয়ক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
সভায় সভাপতিত্ব করেন পঞ্চগড়ের জেলা প্রশাসক মোছাঃ শুকরিয়া পারভীন। অনুষ্ঠানটি আয়োজন করে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, পঞ্চগড়।
সভা শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ফরহাদ হোসেন আজাদ বলেন, পঞ্চগড়সহ সারাদেশে কৃষকদের প্রয়োজন অনুযায়ী পর্যাপ্ত সার সরবরাহ ও মজুত রয়েছে। মূল সমস্যা হচ্ছে, মজুত থাকা সার সঠিকভাবে কৃষকের কাছে পৌঁছে দেওয়ার ক্ষেত্রে বিতরণ ব্যবস্থায় ঘাটতি রয়েছে।
তিনি বলেন, কিছু ডিলারের যথাযথ ব্যবস্থাপনার অভাবে কোথাও কোথাও কৃষকদের সার সংগ্রহে ভোগান্তিতে পড়তে হচ্ছে। বিশেষ করে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের দীর্ঘ সময় লাইনে দাঁড়িয়ে সার সংগ্রহ করতে হচ্ছে। এতে কৃষকদের মধ্যে অসন্তোষ ও বিভ্রান্তি তৈরি হচ্ছে।
কৃষকদের ভোগান্তি কমাতে বিতরণ ব্যবস্থাকে আরও কার্যকর করার উদ্যোগ নেওয়া হচ্ছে জানিয়ে ফরহাদ হোসেন আজাদ বলেন, শূন্য পদে নতুন ডিলার নিয়োগের পাশাপাশি ইউনিয়নভিত্তিক ডিলারশিপ চালুর উদ্যোগ নেওয়া হয়েছে। এর মাধ্যমে কৃষকের কাছাকাছি পর্যায়ে সার সরবরাহ নিশ্চিত করা এবং চাহিদার সময়ে সার পাওয়ার ব্যবস্থা আরও সহজ করা হবে।
ফরহাদ হোসেন আজাদ বলেন, সার নিয়ে কোনো ধরনের গুজব, অনিয়ম কিংবা কৃত্রিম সংকট সৃষ্টি মেনে নেওয়া হবে না। কেউ সার মজুত করে বাজারে সংকট তৈরি বা কৃষকদের বিভ্রান্ত করার চেষ্টা করলে তার বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
তিনি প্রশাসন ও সার ডিলারদের কৃষকের স্বার্থকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে স্বচ্ছতা ও দায়িত্বশীলতার সঙ্গে সার সরবরাহ ও বিতরণ নিশ্চিত করার আহ্বান জানান।
প্রতিষ্ঠাতা - শেখ রবিউল ইসলাম রবি, সম্পাদক - মোঃ আনিসুর রহমান, বার্তা সম্পাদক - শারীদ মোল্লা, অস্থায়ী প্রধান কার্যালয় - সোনারগাঁ,নারায়ণগঞ্জ, ঢাকা -বাংলাদেশ,
Reg : TL-1061, fb: daily nayakontho, e-mail :[email protected], [email protected], web:www.dailynayakontho.com.
কপিরাইট © প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত | দৈনিক নয়া কন্ঠ | Developed by UNIKBD.COM