রাজশাহী সীমান্তে ২,৫০০ ট্যাপেনট্রাডল জব্দ
মোস্তাফিজুর রহমান লিটন
রাজশাহী ব্যুরো
রাজশাহী মহানগরীর সীমান্তবর্তী এলাকায় অভিযান চালিয়ে একটি নৌকাসহ ২ হাজার ৫০০ পিস ভারতীয় ট্যাপেনট্রাডল ট্যাবলেট জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। তবে এ ঘটনায় জড়িত মাদক কারবারি পালিয়ে যাওয়ায় কাউকে আটক করা সম্ভব হয়নি।
বিজিবি সূত্রে জানা গেছে, মহাপরিচালকের নির্দেশনা অনুযায়ী সীমান্ত এলাকায় চোরাচালান, মাদকদ্রব্য পাচার এবং নারী ও শিশু পাচার প্রতিরোধে রাজশাহী ব্যাটালিয়ন (১ বিজিবি) গোয়েন্দা নজরদারি ও টহল তৎপরতা জোরদার করেছে।
এরই ধারাবাহিকতায় বৃহস্পতিবার (২৭ আগস্ট) বিকেল ৪টার দিকে তালাইমারী বিওপির একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে, বোয়ালিয়া থানাধীন ঘোষপাড়া নদীর পাড় এলাকা দিয়ে মাদকের একটি চালান বাংলাদেশে প্রবেশ করবে।
খবর পেয়ে বিজিবির আভিযানিক দল দ্রুত ঘোষপাড়া নদীর পাড় এলাকায় গিয়ে ঝাউবনের মধ্যে অবস্থান নিয়ে ফাঁদ পাতে। কিছুক্ষণ পর বিজিবি সদস্যরা দেখতে পান, এক ব্যক্তি একটি নৌকাযোগে নদীর পাড়ে আসছেন।
এ সময় বিজিবি সদস্যরা তাকে আটকের জন্য ধাওয়া করলে ওই ব্যক্তি নৌকাটি ফেলে পালিয়ে যায়। পরে বিজিবির সদস্যরা নৌকাটি তল্লাশি করে এর ভেতর থেকে ২ হাজার ৫০০ পিস ভারতীয় ট্যাপেনট্রাডল ট্যাবলেট উদ্ধার করেন। জব্দ করা মাদকদ্রব্যগুলো মালিকবিহীন বলে জানিয়েছে বিজিবি।
বিজিবি জানিয়েছে, জব্দ করা মাদকদ্রব্য ও নৌকা বোয়ালিয়া থানায় হস্তান্তরের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।
পালিয়ে যাওয়া মাদক কারবারিকে শনাক্ত এবং তার সঙ্গে জড়িত অন্যদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের লক্ষ্যে বিজিবির গোয়েন্দা তৎপরতা অব্যাহত রয়েছে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।
প্রকাশক - শেখ রবিউল ইসলাম রবি, সম্পাদক - মোঃ আনিসুর রহমান, বার্তা সম্পাদক - শারীদ মোল্লা। অস্থায়ী প্রধান কার্যালয় - সোনারগাঁ,নারায়ণগঞ্জ, ঢাকা -বাংলাদেশ। Reg : TL-1061, fb: daily nayakontho, e-mail :[email protected], [email protected],web:www.dailynayakontho.com,
কপিরাইট © প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত | দৈনিক নয়া কন্ঠ | Developed by UNIKBD.COM