রাজশাহীতে প্রাণিসম্পদ প্রতিষ্ঠানে বৃক্ষরোপণ
মোস্তাফিজুর রহমান লিটন
রাজশাহী ব্যুরো
‘বৃক্ষ রোপণে সাজাবো দেশ, সবার আগে বাংলাদেশ’—এই স্লোগানকে সামনে রেখে সরকারের নির্বাচনী অঙ্গীকার বাস্তবায়নের লক্ষ্যে রাজশাহীতে প্রাণিসম্পদ প্রতিষ্ঠানসমূহে বৃক্ষরোপণ কর্মসূচি শুরু হয়েছে।
শুক্রবার (২৮ আগস্ট) বিকেলে রাজশাহী নগরীর তালাইমারী এলাকায় মেট্রো প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতালে এ কর্মসূচির উদ্বোধন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী সিটি কর্পোরেশনের প্রশাসক মোঃ মাহফুজুর রহমান রিটন। প্রাণিসম্পদ অধিদপ্তরের মহাপরিচালক (ডিজি) মোঃ শাহজামান খানের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে প্রাণিসম্পদ প্রতিষ্ঠানসমূহের কর্মকর্তাদের মধ্যে বিভিন্ন প্রজাতির গাছের চারা বিতরণ করা হয়।
প্রধান অতিথির বক্তব্যে রাসিক প্রশাসক মোঃ মাহফুজুর রহমান রিটন বলেন, “মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান নতুন বাংলাদেশ বিনির্মাণে এবং দেশের মানুষের ভাগ্যোন্নয়নে কাজ করে যাচ্ছেন। ইতোমধ্যে প্রধানমন্ত্রী ঘোষিত ৩১ দফা রূপরেখার মধ্যে অনেক দফা বাস্তবায়ন করা হয়েছে। আমরা জনগণের জন্য, দেশের মানুষের জন্য কাজ করতে চাই। দুর্নীতিমুক্ত ও জনবান্ধব প্রতিষ্ঠান গড়ে তুলতে চাই।”
তিনি আরও বলেন, “পরিবেশের ভারসাম্য রক্ষায় বৃক্ষরোপণের কোনো বিকল্প নেই। বৃক্ষ শুধু পরিবেশকে সুরক্ষা দেয় না, মানুষের জীবন ও জীবিকার সঙ্গেও ওতপ্রোতভাবে জড়িত। প্রাণিসম্পদ প্রতিষ্ঠানগুলোর আঙিনা ও খালি জায়গায় পরিকল্পিতভাবে বৃক্ষরোপণের মাধ্যমে সবুজায়ন বাড়ানোর পাশাপাশি এসব প্রতিষ্ঠানকে আরও নান্দনিক ও পরিবেশবান্ধব করে গড়ে তোলা সম্ভব।”
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহীর অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) সবুর আলী, রাজশাহী সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা রেজাউল করিম, প্রাণিসম্পদ অধিদপ্তর রাজশাহী বিভাগের পরিচালক ড. আনন্দ কুমার অধিকারী এবং জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা মোঃ আতাউর রহমান।
কর্মসূচির আওতায় রাজশাহী জেলার প্রাণিসম্পদ দপ্তর ও সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোর আঙিনা এবং খালি জায়গায় বিভিন্ন প্রজাতির ফলদ, বনজ ও ঔষধি গাছের চারা রোপণ করা হবে।
আয়োজকরা জানান, প্রাণিসম্পদ প্রতিষ্ঠানগুলোর আঙিনা সবুজায়নের পাশাপাশি পরিবেশের ভারসাম্য রক্ষা, প্রতিষ্ঠানের সৌন্দর্যবর্ধন এবং স্বাস্থ্যকর পরিবেশ নিশ্চিত করাই এ কর্মসূচির অন্যতম লক্ষ্য। পরিকল্পিত বৃক্ষরোপণের মাধ্যমে প্রাণিসম্পদ খাতের প্রতিষ্ঠানগুলোকে আরও পরিবেশবান্ধব ও নান্দনিক হিসেবে গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করা হয়।
বৃক্ষরোপণ কর্মসূচির মধ্য দিয়ে সরকারি প্রতিষ্ঠানগুলোতে সবুজায়ন বাড়ানোর পাশাপাশি পরিবেশ সংরক্ষণে জনসচেতনতা সৃষ্টি এবং ভবিষ্যৎ প্রজন্মের জন্য বাসযোগ্য পরিবেশ নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করা হয়।
প্রকাশক - শেখ রবিউল ইসলাম রবি, সম্পাদক - মোঃ আনিসুর রহমান, বার্তা সম্পাদক - শারীদ মোল্লা। অস্থায়ী প্রধান কার্যালয় - সোনারগাঁ,নারায়ণগঞ্জ, ঢাকা -বাংলাদেশ। Reg : TL-1061, fb: daily nayakontho, e-mail :[email protected], [email protected],web:www.dailynayakontho.com,
কপিরাইট © প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত | দৈনিক নয়া কন্ঠ | Developed by UNIKBD.COM