মোঃ আলমগীর বান্দরবান জেলা প্রতিনিধি:
পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের দায়িত্বের পাশাপাশি কক্সবাজার জেলার সার্বিক সরকারি কার্যক্রম তদারকি ও সমন্বয়ের দায়িত্ব পেয়েছেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী সাচিং প্রু জেরী এমপি।
বৃহস্পতিবার (২৭ আগস্ট ২০২৬) মন্ত্রিপরিষদ বিভাগের মাঠ প্রশাসন সংযোগ অধিশাখা থেকে জারি করা এক প্রজ্ঞাপনে দেশের ৬৪ জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি, দুর্নীতি ও মাদক নিয়ন্ত্রণ, সুশাসন, স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিতকরণসহ সরকারি উন্নয়ন ও জনকল্যাণমূলক কার্যক্রম তদারকি ও সমন্বয়ের জন্য ৩০ জন মন্ত্রী, প্রতিমন্ত্রী ও জাতীয় সংসদের হুইপকে দায়িত্ব দেওয়া হয়।
প্রজ্ঞাপন অনুযায়ী, কক্সবাজার জেলার দায়িত্ব পেয়েছেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী সাচিং প্রু জেরী। অন্যদিকে পার্বত্য তিন জেলা বান্দরবান, রাঙামাটি ও খাগড়াছড়ির দায়িত্ব দেওয়া হয়েছে মীর মোহাম্মদ হেলাল উদ্দিনকে।
সরকারের প্রজ্ঞাপনে বলা হয়েছে, বিগত সময়ে দেশের বিভিন্ন জেলায় উন্নয়ন বরাদ্দ কাগজে-কলমে থাকলেও ব্যাপক দুর্নীতির মাধ্যমে অর্থ লুটপাটের অভিযোগ রয়েছে। লুটপাটের অর্থের একটি অংশ বিদেশে পাচার এবং অপর একটি অংশ মাদকসহ সামাজিক অবক্ষয়, জননিরাপত্তা ও রাষ্ট্রীয় নিরাপত্তার জন্য হুমকিস্বরূপ কর্মকাণ্ডে ব্যবহারের বিষয়টি সরকার গভীর উদ্বেগের সঙ্গে লক্ষ্য করেছে।
এ অবস্থায় জেলা পর্যায়ে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা, দুর্নীতি ও মাদক নিয়ন্ত্রণ, সুশাসন প্রতিষ্ঠা, স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করার পাশাপাশি সরকারি উন্নয়ন ও জনকল্যাণমূলক কার্যক্রম আরও কার্যকরভাবে বাস্তবায়নের লক্ষ্যে মন্ত্রী, প্রতিমন্ত্রী ও হুইপদের এ দায়িত্ব দেওয়া হয়েছে।
যে দায়িত্ব পালন করবেন সাচিং প্রু জেরী
দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী হিসেবে সাচিং প্রু জেরী কক্সবাজার জেলার সরকারি দপ্তরগুলোর কার্যক্রমের সঙ্গে সমন্বয় করবেন এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে প্রয়োজনীয় পরামর্শ দেবেন।
এ ছাড়া মাদকের অপব্যবহার ও অবৈধ পাচার নিয়ন্ত্রণ, চোরাচালান প্রতিরোধ এবং পুরোনো অপরাধ দমনে সংশ্লিষ্টদের প্রয়োজনীয় দিকনির্দেশনা দেওয়ার সুযোগ থাকবে। পাশাপাশি সরকারের নির্বাচনী ইশতেহার বাস্তবায়ন, দারিদ্র্য বিমোচন, কর্মসংস্থান সৃষ্টি, সামাজিক নিরাপত্তা কর্মসূচি এবং বিভিন্ন উন্নয়ন ও জনকল্যাণমূলক কর্মকাণ্ড তদারকি ও সমন্বয় করবেন তিনি। প্রয়োজন হলে জেলার বিভিন্ন সভায় অংশ নিয়ে পরামর্শও দিতে পারবেন দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী।
কক্সবাজারের জন্য গুরুত্বপূর্ণ দায়িত্ব
দেশের অন্যতম গুরুত্বপূর্ণ পর্যটন ও সীমান্তবর্তী জেলা কক্সবাজার। মাদক ও চোরাচালান নিয়ন্ত্রণ, আইনশৃঙ্খলা পরিস্থিতি, পর্যটন, সীমান্ত নিরাপত্তা এবং বিভিন্ন উন্নয়ন কর্মকাণ্ডের কারণে জেলাটির জাতীয় গুরুত্ব রয়েছে।
এমন একটি জেলার সরকারি কার্যক্রম তদারকি ও সমন্বয়ের দায়িত্ব একজন মন্ত্রীর ওপর দেওয়াকে সরকারের গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত হিসেবে দেখা হচ্ছে। বিশেষ করে মাদক ও চোরাচালান প্রতিরোধ, সরকারি উন্নয়ন প্রকল্পে স্বচ্ছতা নিশ্চিত করা এবং জনকল্যাণমূলক কর্মকাণ্ডে গতি আনতে নতুন দায়িত্বপ্রাপ্ত মন্ত্রীর ভূমিকা গুরুত্বপূর্ণ হবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।
পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের দায়িত্বও থাকছে
এর আগে গত ২১ আগস্ট সাচিং প্রু জেরীকে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী হিসেবে দায়িত্ব দেওয়া হয়। নতুন দায়িত্ব বণ্টনের ফলে তিনি একই সঙ্গে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের দায়িত্ব পালন করবেন।
প্রকাশক - শেখ রবিউল ইসলাম রবি, সম্পাদক - মোঃ আনিসুর রহমান, বার্তা সম্পাদক - শারীদ মোল্লা। অস্থায়ী প্রধান কার্যালয় - সোনারগাঁ,নারায়ণগঞ্জ, ঢাকা -বাংলাদেশ। Reg : TL-1061, fb: daily nayakontho, e-mail :[email protected], [email protected],web:www.dailynayakontho.com,
কপিরাইট © প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত | দৈনিক নয়া কন্ঠ | Developed by UNIKBD.COM