সঞ্জু বনিক সৌরভ, পঞ্চগড় জেলা প্রতিনিধি:
পঞ্চগড়, ২৭ আগস্ট ২০২৬: পঞ্চগড় সদর উপজেলায় অসচ্ছল ও চলাচলে সমস্যায় থাকা মানুষের পাশাপাশি শিক্ষার্থীদের জন্য সহায়তার উদ্যোগ নেওয়া হয়েছে। এ কর্মসূচির আওতায় ২০ জনকে হুইলচেয়ার এবং বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীদের মধ্যে ৩৯টি বাইসাইকেল দেওয়া হয়েছে।
বৃহস্পতিবার (২৭ আগস্ট) সদর উপজেলা পরিষদ চত্বরে আয়োজিত এক অনুষ্ঠানের মাধ্যমে নির্বাচিত সুবিধাভোগীদের হাতে এসব সহায়তা তুলে দেওয়া হয়। উপজেলা প্রশাসন ও সমাজসেবা কার্যালয়ের উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ফাহমিদা সুলতানা, জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক এমএ মজিদ, অ্যাডভোকেট আদম সুফি, সদর উপজেলা বিএনপির সভাপতি আবু দাউদ প্রধান, সাধারণ সম্পাদক মাহফুজার রহমান বাবু এবং উপজেলা সমাজসেবা কর্মকর্তা লায়লা আরজুমানসহ সংশ্লিষ্টরা।
অনুষ্ঠানে বক্তারা বলেন, আর্থিকভাবে পিছিয়ে থাকা ও শারীরিক প্রতিবন্ধকতার কারণে যারা স্বাভাবিক জীবনযাত্রায় বাধার মুখে পড়ছেন, তাদের প্রয়োজন অনুযায়ী সহযোগিতা করা জরুরি। একইভাবে দূরের এলাকা থেকে বিদ্যালয়ে যাতায়াতকারী শিক্ষার্থীদের জন্য একটি বাইসাইকেল নিয়মিত পড়াশোনা চালিয়ে যাওয়ার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ সহায়ক হতে পারে।
বাইসাইকেল পাওয়া দশমাইল বালিকা উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থী মারজান সুলতানা বলেন, বিদ্যালয়ে যেতে তাকে প্রতিদিন দীর্ঘ পথ অতিক্রম করতে হয়। বাইসাইকেল পাওয়ায় এখন সময় কম লাগবে এবং নিয়মিত বিদ্যালয়ে যাতায়াত করাও সহজ হবে।
হুইলচেয়ার পাওয়া গড়িনাবাড়ী ইউনিয়নের জোদ্দারপাড়া এলাকার আলেমা খাতুন জানান, চলাফেরায় দীর্ঘদিন ধরে নানা সমস্যার মুখোমুখি হতে হয়েছে তাকে। নিজের ব্যবহারের জন্য হুইলচেয়ার পাওয়ায় এখন আগের তুলনায় অনেক বেশি স্বাচ্ছন্দ্যে চলাচল করতে পারবেন বলে জানান তিনি।
জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক এমএ মজিদ বলেন, মানুষের প্রয়োজনের সময়ে তাদের পাশে দাঁড়ানোই জনকল্যাণমূলক কর্মকাণ্ডের অন্যতম উদ্দেশ্য। সুবিধাবঞ্চিত মানুষের কষ্ট কমাতে এ ধরনের উদ্যোগ আরও বিস্তৃত হওয়া প্রয়োজন।
অ্যাডভোকেট আদম সুফি বলেন, সমাজের পিছিয়ে থাকা মানুষের জীবনযাত্রা সহজ করতে সম্মিলিতভাবে কাজ করা দরকার। মানুষের সুখ-দুঃখের সঙ্গে সম্পৃক্ত থেকেই তাদের প্রয়োজনীয় সহযোগিতা নিশ্চিত করার ওপর গুরুত্ব দেন তিনি।
উপজেলা সমাজসেবা কর্মকর্তা লায়লা আরজুমান বলেন, সরকারি বিভিন্ন সামাজিক নিরাপত্তা ও কল্যাণমূলক কর্মসূচির আওতায় প্রকৃত সুবিধাভোগীদের চিহ্নিত করে সহায়তা দেওয়ার কার্যক্রম চলছে। প্রয়োজনের ভিত্তিতে এ ধরনের সহযোগিতা পৌঁছে দেওয়ার চেষ্টা করা হচ্ছে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা ফাহমিদা সুলতানা বলেন, সরকারি সহায়তা যাতে সঠিক মানুষের কাছে পৌঁছায়, সে বিষয়টিকে গুরুত্ব দেওয়া হচ্ছে। চলাচলে অক্ষম ব্যক্তিদের জন্য হুইলচেয়ার এবং দূরবর্তী এলাকার শিক্ষার্থীদের বিদ্যালয়ে যাতায়াত সহজ করতে বাইসাইকেল দেওয়া হয়েছে। ভবিষ্যতেও প্রয়োজন অনুযায়ী এ ধরনের কার্যক্রম চালু রাখার উদ্যোগ থাকবে।
অনুষ্ঠানে উপজেলা প্রশাসন ও সমাজসেবা কার্যালয়ের কর্মকর্তা-কর্মচারী, শিক্ষক-শিক্ষার্থী, সুবিধাভোগী এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
প্রকাশক - শেখ রবিউল ইসলাম রবি, সম্পাদক - মোঃ আনিসুর রহমান, বার্তা সম্পাদক - শারীদ মোল্লা। অস্থায়ী প্রধান কার্যালয় - সোনারগাঁ,নারায়ণগঞ্জ, ঢাকা -বাংলাদেশ। Reg : TL-1061, fb: daily nayakontho, e-mail :[email protected], [email protected],web:www.dailynayakontho.com,
কপিরাইট © প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত | দৈনিক নয়া কন্ঠ | Developed by UNIKBD.COM