মোস্তাফিজুর রহমান লিটন, রাজশাহী ব্যুরো:
রাজশাহীর গোদাগাড়ী সীমান্তে অভিযান চালিয়ে ৫ হাজার পিস ভারতীয় ইলেকট্রিক রেজিস্টেন্স জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। তবে এ ঘটনায় জড়িত কোনো চোরাকারবারীকে আটক করা সম্ভব হয়নি।
বৃহস্পতিবার (২৭ আগস্ট) রাত আনুমানিক সাড়ে ১২টার দিকে রাজশাহী ব্যাটালিয়ন (১ বিজিবি) অধীনস্থ প্রেমতলী বিওপির একটি নিয়মিত টহল দল গোপন সংবাদের ভিত্তিতে এ অভিযান পরিচালনা করে।
বিজিবি সূত্রে জানা গেছে, গোদাগাড়ী থানার ফরাদপুর এলাকার একটি মেহগনি বাগান দিয়ে চোরাকারবারীরা ভারত থেকে অবৈধভাবে একটি চালান বাংলাদেশে প্রবেশ করাবে—এমন গোপন তথ্য পায় বিজিবি। তথ্যের ভিত্তিতে প্রেমতলী বিওপির টহল দল দ্রুত ঘটনাস্থলে গিয়ে মেহগনি বাগানের মধ্যে অবস্থান নেয়।
দীর্ঘ সময় অপেক্ষার পর টহল দল দেখতে পায়, একজন চোরাকারবারী আন্তর্জাতিক সীমান্ত অতিক্রম করে বাংলাদেশে প্রবেশ করছে। বিজিবি সদস্যরা তাকে আটক করার জন্য ধাওয়া করলে তার হাতে থাকা একটি পলিথিনের প্যাকেট ফেলে পালিয়ে যায় ওই ব্যক্তি।
পরে বিজিবির সদস্যরা পলিথিনের প্যাকেটটি তল্লাশি করে এর ভেতর থেকে ৫ হাজার পিস ভারতীয় ইলেকট্রিক রেজিস্টেন্স উদ্ধার করেন। জব্দ করা এসব মালামালের আনুমানিক মালিকানা শনাক্ত করা সম্ভব হয়নি।
জব্দকৃত ইলেকট্রিক রেজিস্টেন্স শুল্ক গুদাম, রাজশাহীতে জমা দেওয়ার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছে বিজিবি।
এদিকে, এ ঘটনার সঙ্গে জড়িত চোরাকারবারীকে শনাক্ত ও তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নিতে বিজিবির গোয়েন্দা তৎপরতা অব্যাহত রয়েছে।
সীমান্ত দিয়ে অবৈধভাবে চোরাচালান, মাদক ও অনুপ্রবেশ বন্ধে বিজিবির সদস্যরা নিয়মিত টহল ও গোয়েন্দা নজরদারি জোরদার করেছেন বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।
প্রকাশক - শেখ রবিউল ইসলাম রবি, সম্পাদক - মোঃ আনিসুর রহমান, বার্তা সম্পাদক - শারীদ মোল্লা। অস্থায়ী প্রধান কার্যালয় - সোনারগাঁ,নারায়ণগঞ্জ, ঢাকা -বাংলাদেশ। Reg : TL-1061, fb: daily nayakontho, e-mail :[email protected], [email protected],web:www.dailynayakontho.com,
কপিরাইট © প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত | দৈনিক নয়া কন্ঠ | Developed by UNIKBD.COM