রাজবাড়ী (বালিয়াকান্দি) প্রতিনিধিঃ
পবিত্র ঈদ-ই মিলাদুন্নবী (সা.) উদযাপন উপলক্ষে রাজবাড়ীর বালিয়াকান্দিতে এক বর্ণাঢ্য ও সুশৃঙ্খল আনন্দ মিছিল অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২৬ আগস্ট) ফজরের সালাত আদায়ের পরপরই তেঁতুলিয়া মুজাদ্দেদিয়া আব্দুল্লাহিল মারুফ সিদ্দিকিয়া কোরআনিয়া মাদ্রাসার উদ্যোগে এই আনন্দ মিছিলের আয়োজন করা হয়।
মাদ্রাসার শিক্ষক-শিক্ষার্থী এবং স্থানীয় ধর্মপ্রাণ মুসল্লিদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে মিছিলটি তেঁতুলিয়া ও গোহালবাড়ী এলাকার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। এ সময় সর্বকালের সর্বশ্রেষ্ঠ মানব মহানবী হযরত মুহাম্মদ (সা.)-এর পবিত্র ধরায় আগমনকে স্বাগত জানিয়ে অংশগ্রহণকারীরা নবীপ্রেম, বিশ্বশান্তি ও ইসলামের সাম্য-সম্প্রীতির চিরন্তন আদর্শ তুলে ধরেন।
আয়োজক কমিটির পক্ষ থেকে জানানো হয়, মহানবী (সা.)-এর জীবনদর্শন ও শান্তির বার্তা সর্বস্তরের মানুষের মাঝে পৌঁছে দেওয়া এবং কোমলমতি শিক্ষার্থীদের ধর্মীয় মূল্যবোধ ও নৈতিক শিক্ষায় অনুপ্রাণিত করাই এই আয়োজনের মূল লক্ষ্য।
তেঁতুলিয়া মুজাদ্দেদিয়া আব্দুল্লাহিল মারুফ সিদ্দিকিয়া কোরআনিয়া মাদ্রাসার পরিচালনায় সার্বিক আয়োজনটি অত্যন্ত ভাবগম্ভীর ও শান্তিপূর্ণ পরিবেশে সম্পন্ন হয়।
প্রকাশক - শেখ রবিউল ইসলাম রবি, সম্পাদক - মোঃ আনিসুর রহমান, বার্তা সম্পাদক - শারীদ মোল্লা। অস্থায়ী প্রধান কার্যালয় - সোনারগাঁ,নারায়ণগঞ্জ, ঢাকা -বাংলাদেশ। Reg : TL-1061, fb: daily nayakontho, e-mail :[email protected], [email protected],web:www.dailynayakontho.com,
কপিরাইট © প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত | দৈনিক নয়া কন্ঠ | Developed by UNIKBD.COM