ভোলায় ১৪০০ পিস ইয়াবাসহ নারী মাদক কারবারি আটক
ভোলা প্রতিনিধি:
ভোলায় ১৪০০ পিস ইয়াবাসহ এক নারীকে আটক করেছে বাংলাদেশ কোস্ট গার্ড দক্ষিণ জোন। বুধবার (২৬ আগস্ট) সকালে ভোলা সদর উপজেলার ইলিশা লঞ্চঘাট সংলগ্ন এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।
কোস্ট গার্ড সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে সকাল ৮টার দিকে কোস্ট গার্ড বেইস ভোলার একটি দল ইলিশা লঞ্চঘাট এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে। এ সময় সন্দেহভাজন এক নারীকে আটক করে তল্লাশি চালালে তার কাছ থেকে ১ হাজার ৪০০ পিস ইয়াবা উদ্ধার করা হয়।
আটক নারী হলেন মোছা. রুমি (২৪)। তিনি চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলার কালাবাইজাবুনিয়া, লিচুবাগান এলাকার মৃত কবির হোসেনের স্ত্রী এবং মৃত আবদুর রহিমের মেয়ে বলে জানা গেছে। উদ্ধার করা ইয়াবার আনুমানিক মূল্য ৭ লাখ টাকা।
বাংলাদেশ কোস্ট গার্ড দক্ষিণ জোনের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট মো. সালমান বিন শওকত বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, জব্দ করা ইয়াবা ও আটক নারীকে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য ভোলা সদর থানায় হস্তান্তর করা হয়েছে।
সাম্প্রতিক সময়েও ভোলায় কোস্ট গার্ডের মাদকবিরোধী একাধিক অভিযান পরিচালিত হয়েছে। গত ৮ আগস্ট ভোলা সদর উপজেলার পূর্ব ইলিশা এলাকায় ৩০ কেজি গাঁজাসহ একজনকে আটকের তথ্যও প্রকাশিত হয়েছে।
মাদকবিরোধী অভিযানের অংশ হিসেবে উপকূলীয় ও নদীপথে কোস্ট গার্ডের নজরদারি ও অভিযান অব্যাহত রয়েছে।
ভোলা জেলা প্রতিনিধি — মাহি
প্রকাশক - শেখ রবিউল ইসলাম রবি, সম্পাদক - মোঃ আনিসুর রহমান, বার্তা সম্পাদক - শারীদ মোল্লা। অস্থায়ী প্রধান কার্যালয় - সোনারগাঁ,নারায়ণগঞ্জ, ঢাকা -বাংলাদেশ। Reg : TL-1061, fb: daily nayakontho, e-mail :[email protected], [email protected],web:www.dailynayakontho.com,
কপিরাইট © প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত | দৈনিক নয়া কন্ঠ | Developed by UNIKBD.COM