রাজশাহীতে জাপানি ভাষা ও স্কিল ডেভেলপমেন্ট ইনস্টিটিউট স্থাপনের আগ্রহ
মোস্তাফিজুর রহমান লিটন
রাজশাহী ব্যুরো
রাজশাহী সিটি কর্পোরেশনের (রাসিক) প্রশাসক মোঃ মাহফুজুর রহমান রিটনের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় করেছেন জাপানের ব্যবসায়ী প্রতিনিধিরা। বুধবার (২৬ আগস্ট) দুপুরে নগর ভবনে রাসিক প্রশাসকের দপ্তরে এ সাক্ষাৎ ও মতবিনিময় অনুষ্ঠিত হয়।
সাক্ষাৎকালে জাপানি ব্যবসায়ী প্রতিনিধিরা রাজশাহীতে জাপানি ভাষা শিক্ষা ও স্কিল ডেভেলপমেন্ট ইনস্টিটিউট স্থাপনের বিষয়ে আগ্রহ প্রকাশ করেন। একই সঙ্গে প্রশিক্ষণের মাধ্যমে দক্ষ জনশক্তি তৈরি করে তাদের জাপানে কর্মসংস্থানের সুযোগ সৃষ্টির বিষয়েও আলোচনা করেন তারা।
জাপানি প্রতিনিধিরা জানান, রাজশাহীতে একটি মানসম্মত ভাষা ও দক্ষতা উন্নয়ন কেন্দ্র প্রতিষ্ঠার মাধ্যমে স্থানীয় শিক্ষিত ও আগ্রহী তরুণ-তরুণীদের জাপানি ভাষা এবং বিভিন্ন কারিগরি ও কর্মমুখী বিষয়ে প্রশিক্ষণ দেওয়া সম্ভব। এর মাধ্যমে জাপানের শ্রমবাজারে রাজশাহীর দক্ষ জনশক্তির কর্মসংস্থানের সুযোগ তৈরি হবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন।
এ সময় রাসিক প্রশাসক মোঃ মাহফুজুর রহমান রিটন বলেন, রাজশাহীতে দক্ষ জনশক্তি তৈরির মাধ্যমে বিদেশে কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হলে তা নগরবাসীর জন্য অত্যন্ত ইতিবাচক উদ্যোগ হবে। তবে এ ধরনের কার্যক্রম বাস্তবায়নের ক্ষেত্রে বাংলাদেশ সরকারের যথাযথ কর্তৃপক্ষ এবং স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের প্রয়োজনীয় অনুমোদন গ্রহণ করতে হবে। প্রচলিত আইন ও বিধি-বিধান অনুসরণ করে উদ্যোগটি বাস্তবায়নে প্রয়োজনীয় সহযোগিতার আশ্বাস দেন তিনি।
জাপানের প্রতিনিধি দলে ছিলেন সিটেক কো-অপারেটিভ অ্যাসোসিয়েশনের শিনিচি মারুমায়া ও জেনকির প্রতিনিধি মোঃ বান্নু। এ সময় আরও উপস্থিত ছিলেন প্রফেসর মঞ্জুর রহমান, প্রফেসর এসএমএ হোরাইরা, মোঃ ফজলে তাহের বকুল ও অ্যাডভোকেট মোঃ মেহেদী প্রমুখ।
এ সময় রাজশাহী সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা মোঃ রেজাউল করিম, সচিব সোহেল রানা, তত্ত্বাবধায়ক প্রকৌশলী খায়রুল বাকের, তত্ত্বাবধায়ক প্রকৌশলী (ভারপ্রাপ্ত) আহমদ আল মঈন, প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডা. এফএএম আঞ্জুমান আরা বেগমসহ সিটি কর্পোরেশনের অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
প্রকাশক - শেখ রবিউল ইসলাম রবি, সম্পাদক - মোঃ আনিসুর রহমান, বার্তা সম্পাদক - শারীদ মোল্লা। অস্থায়ী প্রধান কার্যালয় - সোনারগাঁ,নারায়ণগঞ্জ, ঢাকা -বাংলাদেশ। Reg : TL-1061, fb: daily nayakontho, e-mail :[email protected], [email protected],web:www.dailynayakontho.com,
কপিরাইট © প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত | দৈনিক নয়া কন্ঠ | Developed by UNIKBD.COM