ঈদে মিলাদুন্নবী উপলক্ষে বুধবার বাংলাবান্ধা বন্দরে বাণিজ্য বন্ধ
পঞ্চগড় জেলা প্রতিনিধি | সঞ্জু বনিক সৌরভ
তেঁতুলিয়া (পঞ্চগড়), ২৫ আগস্ট ২০২৬: পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে পঞ্চগড়ের তেঁতুলিয়ায় অবস্থিত বাংলাবান্ধা স্থলবন্দরে একদিনের জন্য সব ধরনের আমদানি-রপ্তানি কার্যক্রম বন্ধ থাকবে। বুধবার (২৬ আগস্ট) দিনভর বন্দর দিয়ে পণ্য পরিবহন ও বাণিজ্যিক কার্যক্রম স্থগিত থাকবে।
বন্দরসংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, সরকারি ছুটি এবং চারদেশীয় বাণিজ্যের সঙ্গে যুক্ত ব্যবসায়ীদের সিদ্ধান্তের কারণে এ কার্যক্রম বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ফলে বাংলাদেশ, ভারত, নেপাল ও ভুটানের মধ্যে বাংলাবান্ধা বন্দর দিয়ে পণ্য আমদানি-রপ্তানি বুধবার বন্ধ থাকবে।
তবে বন্দর বন্ধ থাকলেও ইমিগ্রেশন চেকপোস্ট দিয়ে বৈধ পাসপোর্টধারী যাত্রীদের যাতায়াত স্বাভাবিক থাকবে। জরুরি সেবা ও প্রয়োজনীয় দাপ্তরিক কার্যক্রমও চালু থাকবে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।
বাংলাবান্ধা স্থলবন্দর আমদানি-রপ্তানিকারক গ্রুপের আহ্বায়ক ও সাবেক উপজেলা চেয়ারম্যান রেজাউল করিম শাহীন জানান, সরকারি ছুটির পাশাপাশি চার দেশের ব্যবসায়ীদের পারস্পরিক সিদ্ধান্তের ভিত্তিতেই একদিনের জন্য বাণিজ্যিক কার্যক্রম বন্ধ রাখা হচ্ছে।
বাংলাবান্ধা ল্যান্ড পোর্ট লিমিটেডের ইনচার্জ আবুল কালাম আজাদ জানান, সরকারি ছুটির কারণে বন্দরের সঙ্গে সংশ্লিষ্ট বাণিজ্যিক কার্যক্রম বুধবার বন্ধ থাকবে।
অন্যদিকে বাংলাবান্ধা ইমিগ্রেশন চেকপোস্টের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কেফায়েতুল ওয়ারেছ বলেন, সরকারি ছুটি থাকলেও ইমিগ্রেশন দিয়ে যাত্রী পারাপারে কোনো বিঘ্ন হবে না।
একদিন বন্ধ থাকার পর বৃহস্পতিবার (২৭ আগস্ট) সকাল থেকে বাংলাবান্ধা স্থলবন্দরে স্বাভাবিক নিয়মে আমদানি-রপ্তানি কার্যক্রম পুনরায় শুরু হওয়ার কথা রয়েছে।
প্রকাশক - শেখ রবিউল ইসলাম রবি, সম্পাদক - মোঃ আনিসুর রহমান, বার্তা সম্পাদক - শারীদ মোল্লা। অস্থায়ী প্রধান কার্যালয় - সোনারগাঁ,নারায়ণগঞ্জ, ঢাকা -বাংলাদেশ। Reg : TL-1061, fb: daily nayakontho, e-mail :[email protected], [email protected],web:www.dailynayakontho.com,
কপিরাইট © প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত | দৈনিক নয়া কন্ঠ | Developed by UNIKBD.COM