নয়া কন্ঠ নিউজ ডেস্কঃ
রাজবাড়ীর পাঁচটি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পদায়ন থাকা ২৩ চিকিৎসক বর্তমানে জেলার বাইরে বিভিন্ন সরকারি স্বাস্থ্য প্রতিষ্ঠানে সংযুক্ত হিসেবে দায়িত্ব পালন করছেন। তবে তাদের পদ রাজবাড়ীর কর্মস্থলেই বহাল থাকায় এসব পদকে শূন্য দেখানো যাচ্ছে না। ফলে নতুন চিকিৎসক নিয়োগ বা পদায়নের সুযোগও তৈরি হচ্ছে না। এতে জেলার উপজেলা পর্যায়ের স্বাস্থ্যসেবা কার্যক্রমে সংকট দেখা দিয়েছে।
সিভিল সার্জন কার্যালয় সূত্রে জানা গেছে, রাজবাড়ী সদর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সাতজন, পাংশার তিনজন, কালুখালীর চারজন, বালিয়াকান্দির দুজন এবং গোয়ালন্দের দুজন চিকিৎসকসহ জেলার বিভিন্ন স্বাস্থ্য প্রতিষ্ঠানের মোট ২৩ চিকিৎসক বর্তমানে সংযুক্তিতে রাজবাড়ীর বাইরে কর্মরত রয়েছেন।
রাজবাড়ীর সিভিল সার্জন ডা. এস এম মাসুদ জানান, এসব চিকিৎসক ঢাকাসহ দেশের বিভিন্ন হাসপাতাল ও স্বাস্থ্য প্রতিষ্ঠানে দায়িত্ব পালন করলেও তাদের বেতন-ভাতা রাজবাড়ীর নিজ নিজ কর্মস্থল থেকেই দেওয়া হচ্ছে। ফলে সংশ্লিষ্ট পদগুলো কাগজে-কলমে পূর্ণ থাকায় নতুন চিকিৎসক পদায়ন করা সম্ভব হচ্ছে না।
তিনি বলেন, চিকিৎসকের ঘাটতি পূরণে নতুন করে পদায়নের প্রয়োজন থাকলেও বিদ্যমান পদগুলো শূন্য না থাকায় প্রশাসনিকভাবে সে সুযোগ পাওয়া যাচ্ছে না। এর প্রভাব পড়ছে বিশেষ করে উপজেলা ও প্রত্যন্ত এলাকার সাধারণ রোগীদের চিকিৎসাসেবায়।
সমস্যাটি নিরসনে জেলা প্রশাসন, স্বাস্থ্য মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তাদের পাশাপাশি রাজবাড়ী-১ আসনের সংসদ সদস্য ও সংস্কৃতি প্রতিমন্ত্রী আলী নেওয়াজ মাহমুদ খৈয়মকে লিখিতভাবে বিষয়টি জানানো হয়েছে বলে জানান সিভিল সার্জন।
তার ভাষ্য, সংযুক্তিতে থাকা চিকিৎসকদের পদগুলো শূন্য করা গেলে প্রয়োজন অনুযায়ী নতুন চিকিৎসক রাজবাড়ীতে পদায়নের সুযোগ তৈরি হবে। পাশাপাশি পরিস্থিতি বিবেচনায় কিছু চিকিৎসককে রাজবাড়ী সদর হাসপাতালেও সংযুক্ত করা যেতে পারে। এতে জেলার প্রত্যন্ত অঞ্চলের স্বাস্থ্যসেবা আরও কার্যকর করার সুযোগ তৈরি হবে।
এ বিষয়ে রাজবাড়ীর জেলা প্রশাসক আফরোজা পারভীন বলেন, বিষয়টি স্বাস্থ্য মন্ত্রণালয়ের আওতাধীন। সিভিল সার্জনের পক্ষ থেকে তাকে লিখিতভাবে বিষয়টি জানানো হয়েছে এবং তিনি সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তাদের বিষয়টি অবহিত করেছেন।
জেলার স্বাস্থ্যসেবা স্বাভাবিক রাখতে দ্রুত এ সমস্যার প্রশাসনিক সমাধান প্রয়োজন বলে সংশ্লিষ্টরা মনে করছেন।
প্রকাশক - শেখ রবিউল ইসলাম রবি, সম্পাদক - মোঃ আনিসুর রহমান, বার্তা সম্পাদক - শারীদ মোল্লা। অস্থায়ী প্রধান কার্যালয় - সোনারগাঁ,নারায়ণগঞ্জ, ঢাকা -বাংলাদেশ। Reg : TL-1061, fb: daily nayakontho, e-mail :[email protected], [email protected],web:www.dailynayakontho.com,
কপিরাইট © প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত | দৈনিক নয়া কন্ঠ | Developed by UNIKBD.COM