মহারাষ্ট্রে সরকারি হাসপাতালে অগ্নিকান্ড, মৃত অন্তত ৩ সদ্যোজাত
সুজন চক্রবর্তী, ভারত প্রতিনিধিঃ
ভারতের মহারাষ্ট্রের সরকারি হাসপাতালে ভয়াবহ কান্ড। আগুন ধরে গেল শিশুদের ওয়ার্ডে। পুড়ে মৃত্যু হয়েছে অন্তত ৩ টি সদ্যোজাতের। সোমবার (২৪ আগস্ট ) ভোররাতে ঘটেছে মর্মান্তিক ঘটনাটি। জানা যায়, অমরাবতী জেলা মহিলা হাসপাতালের ওই ওয়ার্ডে ৩৯টি সদ্যোজাত শিশু চিকিৎসাধীন ছিল। এদিন ভোর রাতে আচমকাই আগুন ধরে যায় হাসপাতালে। বেশ কয়েকটি শিশুকে উদ্ধার করা গেলেও পুড়ে ছাই হয়ে যায় ৩টি প্রাণ। গোটা ঘটনায় প্রশ্ন উঠছে হাসপাতালের অগ্নি নির্বাপন ব্যবস্থা নিয়ে। জানা যায়, ভোর সাড়ে ৩টায় ভেন্টিলেটরে বিস্ফোরণ ঘটে। দাউদাউ করে আগুন ধরে যায় সেখান থেকে। শিশুদের ওয়ার্ডে আগুন ছড়িয়ে পড়ে। হাসপাতালের কর্মী, ডাক্তার - নার্স সকলেই ছুটে এসে শিশুদের উদ্ধার করতে শুরু করেন। কোনও মতে হাসপাতাল চত্বরের বাইরে নিয়ে আসা হয় শিশুদের। কিন্তু ততক্ষণে চিকিৎসাধীন ৩ সদ্যোজাতের মৃত্যু হয়েছে। গুরুতর আহত আরও ৬ শিশু। তাদের স্থানীয় সুপার স্পেশালিটি হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে চিকিৎসার জন্য। ডিসিপি সহ পুলিশের উচ্চকর্তাদের অনেকেই ঘটনাস্থলে পৌঁছেন। শুরু হয়েছে তদন্ত। স্থানীয় প্রশাসনের তরফ থেকে ও ঘোষণা করা হয়েছে এনকোয়ারি কমিটি। কার গাফিলতিতে এমন মর্মান্তিক ঘটনা ঘটল, হাসপাতাল কর্তৃপক্ষ কেন সচেতন ছিল না এই বিষয়গুলি খতিয়ে দেখবে এই কমিটি। প্রাথমিকভাবে জানা গেছে, শিশুদের জন্য ৩ টি বিভাগ রয়েছে ওই হাসপাতালে। সব মিলিয়ে ভর্তি ছিল ৩৯ টি শিশু। তাদের অধিকাংশকেই বের করে আনা হয়েছে। স্থানীয় বিধায়ক তথা রাজ্যের মন্ত্রী চন্দ্র শেখর বাওয়ানকুলে শোকপ্রকাশ করেছেন ৩ শিশুর মৃত্যুতে। সরকারি সাহায্যের ঘোষণা ও করেছেন।
প্রকাশক - শেখ রবিউল ইসলাম রবি, সম্পাদক - মোঃ আনিসুর রহমান, বার্তা সম্পাদক - শারীদ মোল্লা। অস্থায়ী প্রধান কার্যালয় - সোনারগাঁ,নারায়ণগঞ্জ, ঢাকা -বাংলাদেশ। Reg : TL-1061, fb: daily nayakontho, e-mail :[email protected], [email protected],web:www.dailynayakontho.com,
কপিরাইট © প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত | দৈনিক নয়া কন্ঠ | Developed by UNIKBD.COM