রাজশাহীতে মুখতার দো’আলম কনফারেন্স
মোস্তাফিজুর রহমান লিটন
রাজশাহী ব্যুরো
পবিত্র ঈদে মিলাদুন্নবী (দ.) উপলক্ষে রাজশাহীতে ‘মুখতার দো’আলম কনফারেন্স-২০২৬’ অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২২ আগস্ট) নগরীর ম্যাংগো রিসোর্ট কনভেনশন হলে খানকাহ বখশীয়া দরবারে মুখতারীয়া-এর উদ্যোগে এ কনফারেন্স অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী সিটি কর্পোরেশনের প্রশাসক মোঃ মাহফুজুর রহমান রিটন। কনফারেন্সে সভাপতিত্ব ও প্রধান আলোচকের দায়িত্ব পালন করেন খানকাহ বখশীয়া দরবারে মুখতারীয়া-এর সাজ্জাদানশীন ড. শাহ মুহাম্মদ ওয়ারকার আহমাদ মুখতারী।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মানসুরিয়া খানকাহ শরীফের প্রভাষক এস.এম আজিজুল আলম, সালেহীয়া দারুস সুন্নাত আলিয়া মাদরাসা, রাজশাহীর অধ্যক্ষ মাওলানা আলতাফ হোসেন, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শহীদ স্মৃতি সংগ্রহশালার পরিচালক ড. মুহাম্মদ শফিকুল ইসলাম এবং রাজশাহী বিশ্ববিদ্যালয়ের আরবী বিভাগের প্রফেসর ড. আ. সালাম আল মাদানী।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন কাজী মুহাম্মদ মোসলেহ উদ্দীন মুখতারী। পরে পবিত্র কোরআন শরীফ তেলাওয়াত, হামদ ও নাতে রাসুল (দ.) পরিবেশন করা হয়। এছাড়া মহানবী হযরত মুহাম্মদ (সা.)-এর জীবন, আদর্শ ও ইসলামের শান্তি-সম্প্রীতির শিক্ষা নিয়ে বিভিন্ন বিষয়ে আলোচনা অনুষ্ঠিত হয়।
কনফারেন্সে দেশের বিভিন্ন স্থান থেকে আগত আলেম-ওলামা, ধর্মীয় ব্যক্তিবর্গ ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন।
প্রধান অতিথির বক্তব্যে রাজশাহী সিটি কর্পোরেশনের প্রশাসক মোঃ মাহফুজুর রহমান রিটন বলেন, ইসলামের শান্তি, সাম্য, মানবিকতা ও ভ্রাতৃত্বের শিক্ষা মানুষের জীবনে বাস্তবায়ন করতে হবে। মহানবী হযরত মুহাম্মদ (সা.)-এর আদর্শ অনুসরণ করে একটি নৈতিক, মানবিক ও সম্প্রীতিপূর্ণ সমাজ গঠনে সবাইকে এগিয়ে আসতে হবে।
তিনি আরও বলেন, ধর্মীয় ও নৈতিক মূল্যবোধের চর্চার মাধ্যমে সমাজ থেকে হিংসা, বিদ্বেষ ও বিভেদ দূর করা সম্ভব। পারস্পরিক সৌহার্দ্য, সহমর্মিতা ও ভ্রাতৃত্ববোধকে আরও সুদৃঢ় করার জন্য ধর্মীয় মূল্যবোধকে ব্যক্তি ও সামাজিক জীবনে প্রতিষ্ঠিত করতে হবে।
আয়োজকরা বলেন, মহানবী হযরত মুহাম্মদ (সা.)-এর আদর্শ ও শিক্ষা মানুষের মধ্যে শান্তি, মানবিকতা, সম্প্রীতি ও নৈতিক মূল্যবোধ প্রতিষ্ঠায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। এ ধরনের ধর্মীয় আয়োজনের মাধ্যমে সমাজে পারস্পরিক শ্রদ্ধাবোধ ও সৌহার্দ্য আরও বৃদ্ধি পাবে।
প্রতিষ্ঠাতা - শেখ রবিউল ইসলাম রবি, সম্পাদক - মোঃ আনিসুর রহমান, বার্তা সম্পাদক - শারীদ মোল্লা, অস্থায়ী প্রধান কার্যালয় - সোনারগাঁ,নারায়ণগঞ্জ, ঢাকা -বাংলাদেশ,
Reg : TL-1061, fb: daily nayakontho, e-mail :[email protected], [email protected], web:www.dailynayakontho.com.
কপিরাইট © প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত | দৈনিক নয়া কন্ঠ | Developed by UNIKBD.COM