ঋণের চাপে আশুলিয়ায় যুবকের আত্মহত্যা
মো: সুজন আহমেদ (সাভার উপজেলা) প্রতিনিধি :
ঢাকার আশুলিয়ায় ঋণের চাপের কারণে সূর্য মনি দাস ওরফে সজিব (৩৫) নামে এক যুবক বিষপানে আত্মহত্যা করেছেন বলে অভিযোগ উঠেছে। এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
বৃহস্পতিবার (২০ আগস্ট) বিকেলে তিনি বিষাক্ত পদার্থ সেবন করেন। পরে গুরুতর অবস্থায় পরিবারের সদস্যরা তাকে আশুলিয়ার গণস্বাস্থ্য কেন্দ্রে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। দিবাগত রাত সাড়ে ১২টার দিকে আশুলিয়া থানার পুলিশ শিমুলিয়া ঋষিপাড়া এলাকা থেকে তার মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠায়।
নিহত সূর্য মনি দাস ওরফে সজিব আশুলিয়ার ঋষিপাড়া এলাকার নূকোল চন্দ্র মনি দাসের ছেলে। তিনি ধামরাইয়ের রঘুনাথপুর স্ট্যান্ডে একটি সেলুনে কাজ করতেন।
স্বজনদের দাবি, তিনি আশা, আম্বালা, পল্লীমঙ্গল, এসডিআইসহ কয়েকটি এনজিও থেকে ঋণ নিয়েছিলেন। পাশাপাশি স্থানীয় বিভিন্ন ব্যক্তির কাছ থেকেও সুদের ভিত্তিতে টাকা ধার করেন। সব মিলিয়ে তার ঋণের পরিমাণ প্রায় ১৪ লাখ টাকায় দাঁড়ায়। দীর্ঘদিন ধরে ঋণের কিস্তি ও সুদের চাপের কারণে তিনি মানসিকভাবে বিপর্যস্ত ছিলেন।
স্থানীয় বাসিন্দাদের ভাষ্য, বিভিন্ন এনজিও ও পাওনাদারের চাপ তিনি দীর্ঘদিন ধরে সহ্য করছিলেন। সেই চাপের কারণেই তিনি বিষাক্ত পদার্থ সেবন করেছেন বলে তাদের ধারণা।
তবে নাম প্রকাশে অনিচ্ছুক কয়েকজন এলাকাবাসী ভিন্ন একটি দাবি করেছেন। তাদের মতে, সূর্য মনি দাসের সঙ্গে তার শ্যালিকার প্রেমের সম্পর্ক ছিল। সম্প্রতি শ্যালিকার বিয়ে অন্যত্র ঠিক হওয়ায় তিনি মানসিকভাবে ভেঙে পড়েন। যদিও তারা এটিও স্বীকার করেন যে তিনি ঋণগ্রস্ত ছিলেন। এ দাবির স্বাধীন কোনো সত্যতা নিশ্চিত হওয়া যায়নি।
আশুলিয়া থানার উপ-পরিদর্শক (এসআই) মো. মিরাজ আকন্দ জানান, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে এবং এ ঘটনায় একটি অপমৃত্যুর মামলা হয়েছে। প্রাথমিকভাবে পরিবারের সদস্যরা ঋণের চাপকে আত্মহত্যার কারণ হিসেবে জানিয়েছেন। ঘটনার প্রকৃত কারণ জানতে তদন্ত চলছে।
প্রতিষ্ঠাতা - শেখ রবিউল ইসলাম রবি, সম্পাদক - মোঃ আনিসুর রহমান, বার্তা সম্পাদক - শারীদ মোল্লা, অস্থায়ী প্রধান কার্যালয় - সোনারগাঁ,নারায়ণগঞ্জ, ঢাকা -বাংলাদেশ,
Reg : TL-1061, fb: daily nayakontho, e-mail :[email protected], [email protected], web:www.dailynayakontho.com.
কপিরাইট © প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত | দৈনিক নয়া কন্ঠ | Developed by UNIKBD.COM