আরিফুল ইসলাম জয়পুরহাট প্রতিনিধি:
জয়পুরহাটের ক্ষেতলাল উপজেলার বড়তারা ইউনিয়নের পাঠানপাড়া উচ্চ বিদ্যালয় মাঠে হোপীরহাট বর্ণালী ক্লাবের উদ্যোগে ফুটবল খেলার আয়োজন শুরু হয়েছে। বৃহস্পতিবার (২০ আগস্ট) বিকেলে আনুষ্ঠানিকভাবে এ আয়োজনের উদ্বোধন করা হয়।
উদ্বোধনী ম্যাচকে ঘিরে দুপুর থেকেই মাঠে দর্শকদের উপস্থিতি বাড়তে থাকে। বিকেল ৪টার দিকে উদ্বোধনী অনুষ্ঠান শেষে মাঠে গড়ায় প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ম্যাচটি।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বড়তারা ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান নুরুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বড়তারা ইউনিয়ন বিএনপির সভাপতি আব্দুল হালিম মাস্টার, সহ-সভাপতি নাসির উদ্দিন সরদার, ক্ষেতলাল যুবদল নেতা জিল্লুর রহমান, বড়তারা ইউনিয়ন বিএনপি নেতা হেলাল উদ্দিন, ইউনিয়ন ছাত্রদলের সাধারণ সম্পাদক নুর ইসলাম এবং পাঠানপাড়া উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি আরিফুল ইসলাম সাদ্দাম।
এ ছাড়া স্থানীয় রাজনৈতিক ও সামাজিক নেতৃবৃন্দ, ক্রীড়া সংগঠক, খেলোয়াড় এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।
উদ্বোধনী অনুষ্ঠানে বক্তারা বলেন, তরুণদের সুস্থ ও ইতিবাচক কর্মকাণ্ডে যুক্ত রাখতে খেলাধুলার বিকল্প নেই। নিয়মিত ক্রীড়াচর্চা তরুণদের মাদক ও নানা ধরনের অপরাধ থেকে দূরে রাখার পাশাপাশি তাদের মধ্যে শৃঙ্খলা, নেতৃত্বের গুণাবলি ও পারস্পরিক বন্ধন তৈরি করতে সহায়তা করে।
মাঠের খেলায় মুসলিমগঞ্জ একাদশ ও ছোটতারা একাদশের মধ্যে শুরু থেকেই ছিল হাড্ডাহাড্ডি লড়াই। নির্ধারিত সময় শেষে দুই দলই একটি করে গোল করায় ১-১ সমতায় ম্যাচ শেষ হয়।
জয়-পরাজয় নির্ধারণে এরপর টাইব্রেকারের আশ্রয় নেওয়া হয়। স্নায়ুচাপের মুহূর্তে দারুণ দক্ষতা দেখিয়ে মুসলিমগঞ্জ একাদশ ৪-২ গোলে ছোটতারা একাদশকে হারিয়ে মাঠ ছাড়ে।
খেলা দেখতে বিকেল থেকেই মাঠের চারপাশে জড়ো হন অসংখ্য দর্শক। তাদের উচ্ছ্বাস ও করতালিতে পুরো মাঠজুড়ে তৈরি হয় প্রাণবন্ত ক্রীড়ামুখর পরিবেশ।
প্রকাশক - শেখ রবিউল ইসলাম রবি, সম্পাদক - মোঃ আনিসুর রহমান, বার্তা সম্পাদক - শারীদ মোল্লা। অস্থায়ী প্রধান কার্যালয় - সোনারগাঁ,নারায়ণগঞ্জ, ঢাকা -বাংলাদেশ। Reg : TL-1061, fb: daily nayakontho, e-mail :[email protected], [email protected],web:www.dailynayakontho.com,
কপিরাইট © প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত | দৈনিক নয়া কন্ঠ | Developed by UNIKBD.COM