আরিফুল ইসলাম জয়পুরহাট প্রতিনিধি:
জয়পুরহাট পৌরসভা থেকে নাগরিকত্ব, মৃত্যু ও ওয়ারিশান সনদ নিতে গিয়ে ভোগান্তির অভিযোগ উঠেছে। সনদ পেতে আগে সাবমার্সিবল পাম্পের ফি বাবদ ৬ হাজার ৫০০ টাকা ব্যাংকে জমা দেওয়ার শর্ত দেওয়া হচ্ছে বলে অভিযোগ করেছেন সেবাপ্রত্যাশীরা।
ভুক্তভোগীদের দাবি, টাকা জমার রসিদ দেখানো ছাড়া অনেক ক্ষেত্রে সনদ দেওয়া হচ্ছে না। এতে নিম্ন ও মধ্যবিত্ত পরিবারের মানুষ সবচেয়ে বেশি সমস্যায় পড়ছেন।
বুলুপাড়ার বাসিন্দা রফিকুল ইসলাম রোস্তম বলেন, পাম্পের জন্য ৬ হাজার ৫০০ টাকা জমা দেওয়ার পরও ওয়ারিশান সনদ নিতে তাঁকে দুই দিন পৌরসভায় ঘুরতে হয়েছে। তাঁর প্রশ্ন, ওয়ারিশান সনদের সঙ্গে পাম্পের ফি কেন যুক্ত করা হচ্ছে।
পৌরবাসী মোত্তালেব হোসেন বলেন, স্বল্প আয়ের মানুষের পক্ষে একসঙ্গে এত টাকা দেওয়া কঠিন। সেবা নিতে এসে এ ধরনের শর্ত দেওয়া অযৌক্তিক বলেও মন্তব্য করেন তিনি।
পৌর বিএনপির সভাপতি অধ্যাপক আমিনুল ইসলাম বকুল বলেন, নাগরিকদের ওপর এমন শর্ত চাপিয়ে দেওয়া অন্যায়। জনস্বার্থে দ্রুত হয়রানি বন্ধ করা প্রয়োজন।
তবে পৌরসভার প্রধান নির্বাহী কর্মকর্তা আশিক খান বলেন, রাজস্ব আয় বাড়াতে পৌরসভার সভায় সিদ্ধান্তটি নেওয়া হয়েছে। স্থানীয় সরকার প্রতিষ্ঠান হিসেবে রাজস্ব বৃদ্ধির সিদ্ধান্ত নেওয়ার এখতিয়ার পৌরসভার রয়েছে।
পৌরসভার প্রশাসক নুরুল ইসলাম বলেন, একটি সেবা দেওয়ার সঙ্গে অন্য সেবার শর্ত যুক্ত করে নাগরিককে বঞ্চিত করার সুযোগ প্রচলিত আইনে আছে কি না, তা তাঁর জানা নেই।
জেলা প্রশাসক মো. আল-মামুন মিয়া জানান, এ বিষয়ে লিখিত অভিযোগ পাননি। অভিযোগ পেলে বিষয়টি খতিয়ে দেখে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
প্রতিষ্ঠাতা - শেখ রবিউল ইসলাম রবি, সম্পাদক - মোঃ আনিসুর রহমান, বার্তা সম্পাদক - শারীদ মোল্লা, অস্থায়ী প্রধান কার্যালয় - সোনারগাঁ,নারায়ণগঞ্জ, ঢাকা -বাংলাদেশ,
Reg : TL-1061, fb: daily nayakontho, e-mail :dailynayakontho@gmail.com, dailynayakonthonews@gmail.com, web:www.dailynayakontho.com.
কপিরাইট © প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত | দৈনিক নয়া কন্ঠ | Developed by UNIKBD.COM