আশুলিয়ায় ১০ লিটার চোলাই মদসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার
মো: সুজন আহমেদ (সাভার উপজেলা) প্রতিনিধি : ঢাকার আশুলিয়ায় মাদকবিরোধী বিশেষ অভিযানে ১০ লিটার চোলাই মদসহ দুই পেশাদার মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার (১৯ আগস্ট) সকালে পূর্ব ডেন্ডাবর আরবি রোড এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন শেরপুর সদর উপজেলার বাকেরকান্দা এলাকার মৃত সরাফত আলীর ছেলে মো. মোমিন মিয়া (৩৪) এবং ঝিনাইগাতী উপজেলার প্রতাবনগর এলাকার জলিলের ছেলে মুন্তাজ (৩০)। তারা দীর্ঘদিন ধরে আশুলিয়ার পূর্ব ডেন্ডাবর আরবি রোড এলাকায় ভাড়া বাসায় বসবাস করছিলেন।
পুলিশ সূত্রে জানা যায়, ঢাকা জেলার পুলিশ সুপার শামীমা পারভীনের সার্বিক দিকনির্দেশনায় পরিচালিত মাদকবিরোধী অভিযানের অংশ হিসেবে বুধবার সকাল ৮টা ৫০ মিনিটে আশুলিয়া থানার এসআই মো. রাসেল আহম্মেদের নেতৃত্বে একটি দল পূর্ব ডেন্ডাবর আরবি রোডের পাকা সড়কে অভিযান পরিচালনা করে। অভিযানের সময় দুইজনকে আটক করা হয় এবং তাদের কাছ থেকে ১০ লিটার চোলাই মদ উদ্ধার করা হয়। উদ্ধারকৃত মাদকের আনুমানিক অবৈধ বাজারমূল্য প্রায় দুই হাজার টাকা বলে জানিয়েছে পুলিশ।
আশুলিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ তরিকুল ইসলাম, পিপিএম জানান, এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। গ্রেপ্তারকৃতদের আদালতে পাঠানো হয়েছে।
তিনি বলেন, আশুলিয়া এলাকাকে মাদকমুক্ত রাখতে নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছে এবং সন্ত্রাস ও অন্যান্য অপরাধ দমনেও পুলিশের কার্যক্রম অব্যাহত থাকবে।
প্রতিষ্ঠাতা - শেখ রবিউল ইসলাম রবি, সম্পাদক - মোঃ আনিসুর রহমান, বার্তা সম্পাদক - শারীদ মোল্লা, অস্থায়ী প্রধান কার্যালয় - সোনারগাঁ,নারায়ণগঞ্জ, ঢাকা -বাংলাদেশ,
Reg : TL-1061, fb: daily nayakontho, e-mail :dailynayakontho@gmail.com, dailynayakonthonews@gmail.com, web:www.dailynayakontho.com.
কপিরাইট © প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত | দৈনিক নয়া কন্ঠ | Developed by UNIKBD.COM