ফরিদপুরে সড়ক দুর্ঘটনার পর নিখোঁজ ছাত্রের ভাসমান লাশ উদ্ধার।
শাহীন আলম ফরিদপুর প্রতিনিধিঃ
ফরিদপুরের বোয়ালমারীতে সড়ক দুর্ঘটনার পর নিখোঁজ হওয়া হাফিজুর রহমান নামে এক শিক্ষার্থীর ভাসমান মরদেহ উদ্ধার করা হয়েছে। নিখোঁজের দু’দিন পর বুধবার সকালে উপজেলার সাতৈর-মহিশালা এলাকার আরাজি পাইকোহাটি পল্লী বিদ্যুৎ সাবস্টেশনের সংলগ্ন একটি খাল থেকে তার লাশ উদ্ধার করেন ফায়ার সার্ভিস ও পুলিশ সদস্যরা।
নিহত হাফিজুর গোপালগঞ্জ জেলার কাশিয়ানী উপজেলার পিংগলিয়া গ্রামের অধিবাসী। তিনি বোয়ালমারী ইনস্টিটিউট অব ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজির সিভিল ইঞ্জিনিয়ারিং বিভাগের শেষ বর্ষের শিক্ষার্থী ছিলেন।
পারিবারিক সূত্রে জানা গেছে, গত ১৭ আগস্ট সকালে ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিংয়ের চূড়ান্ত পরীক্ষায় অংশ নিতে নিজ বাসা থেকে বের হন হাফিজুর। এরপর থেকে তার আর কোনো সন্ধান পাওয়া যাচ্ছিল না এবং পরিবারের সাথেও সকল যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়।
জানা যায়, ১৭ আগস্ট সাতৈর ও মহিশালার মধ্যবর্তী স্থানে একটি বাস ও ট্রাকের মধ্যে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে পাশের খাদে পড়ে যায়। সে সময় প্রাথমিক অনুসন্ধানে কোনো প্রাণহানির খবর মেলেনি।
বুধবার সকালে দুর্ঘটনাস্থলের পাশের খালে কাদার ওপর একটি মরদেহ ভাসতে দেখে স্থানীয়রা ফায়ার সার্ভিস ও থানায় খবর দেন। পরে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এসে লাশ উদ্ধার করে। এ সময় নিহতের গলায় থাকা আইডি কার্ড দেখে হাফিজুরের পরিচয় শনাক্ত করা হয়।
পরীক্ষা দিতে এসে মর্মান্তিক এই দুর্ঘটনায় তরুণের প্রাণহানির খবরে নিহতের পরিবার ও সহপাঠীদের মাঝে গভীর শোকের ছায়া নেমে এসেছে।
প্রতিষ্ঠাতা - শেখ রবিউল ইসলাম রবি, সম্পাদক - মোঃ আনিসুর রহমান, বার্তা সম্পাদক - শারীদ মোল্লা, অস্থায়ী প্রধান কার্যালয় - সোনারগাঁ,নারায়ণগঞ্জ, ঢাকা -বাংলাদেশ,
Reg : TL-1061, fb: daily nayakontho, e-mail :dailynayakontho@gmail.com, dailynayakonthonews@gmail.com, web:www.dailynayakontho.com.
কপিরাইট © প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত | দৈনিক নয়া কন্ঠ | Developed by UNIKBD.COM