অতি ঝুঁকিপূর্ণ কীটনাশক বন্ধের দাবি কৃষকদের
মোস্তাফিজুর রহমান লিটন
রাজশাহী ব্যুরো
নিরাপদ জীবন ও পরিবেশ রক্ষায় অতি ঝুঁকিপূর্ণ কীটনাশক নিষিদ্ধ, এর অবাধ বিক্রি ও ব্যবহার নিয়ন্ত্রণ এবং এগ্রোইকোলজি চর্চা সম্প্রসারণের দাবি জানিয়েছেন রাজশাহীর পবা উপজেলার কৃষক-কৃষাণীরা। নিজেদের উৎপাদিত নিরাপদ কৃষিপণ্য ও দেশীয় বীজ প্রদর্শনের মাধ্যমে তারা এ দাবি জানান।
মঙ্গলবার (১৮ আগস্ট ২০২৬) পবা উপজেলার বড়গাছি ইউনিয়নের বড়গাছি গ্রামে এগ্রোইকোলজি, খাদ্য সার্বভৌমত্ব ও জলবায়ু অভিযোজন বিষয়ে আয়োজিত কমিউনিটি আলোচনা সভায় এসব দাবি উঠে আসে। গ্রিন কোয়ালিশনের গ্রাসরুট নারীদের উদ্যোগে এবং উন্নয়ন গবেষণা প্রতিষ্ঠান বারসিকের আয়োজনে অনুষ্ঠিত সভায় নিরাপদ কৃষিচর্চায় যুক্ত ৩০ জন নারী ও পুরুষ কৃষক অংশ নেন। বারসিকের প্রোগ্রাম অফিসার তৌহিদুল সভাটি সঞ্চালনা করেন।
সভায় কৃষকরা তাদের কৃষিচর্চার অভিজ্ঞতা তুলে ধরে বলেন, অতিরিক্ত কীটনাশক ব্যবহারের কারণে গ্রামে পাখির সংখ্যা কমে যাচ্ছে। এতে ফসলে ক্ষতিকর পোকামাকড়ের আক্রমণও বাড়ছে। একই সঙ্গে বিল ও কৃষিজমির পানি বারনই নদীতে গিয়ে পড়ায় নদীর দেশীয় মাছের সংখ্যাও কমে যাচ্ছে।
বড়গাছির দাদপুর বাগিচাপাড়ার এগ্রোইকোলজি চর্চাকারী তরুণ কৃষক হৃদয় হাসান বলেন, “কীটনাশক ক্রয়ের মাধ্যমে আমাদের পকেটের টাকা অন্যজন খাচ্ছে। আমাদের পকেটের টাকা বাঁচাতে হবে। এজন্য এগ্রোইকোলজি চর্চা করতে হবে। জৈব বালাই তৈরি ও ব্যবহার শিখতে হবে।”
মাধবপুরের কৃষাণী রুবিনা বেগম বলেন, নিমপাতা, ছাই, বিষকাঠালি ও মেহগনির বীজসহ বিভিন্ন গাছের পাতা ও বীজ থেকে তৈরি জৈব বালাই ব্যবহার করে তারা পোকামাকড় দমন করছেন।
কৃষক আব্দুল জব্বার বলেন, তিনি ১০ কাঠা জমিতে পেঁপে চাষ করছেন। পরীক্ষামূলকভাবে কিছু গাছে জৈব বালাই ব্যবহার না করায় সেসব গাছে দাগ দেখা দিয়েছে। অন্যদিকে নিমপাতার রস ব্যবহার করা গাছগুলোতে দাগ পড়েনি। তার দাবি, সঠিকভাবে জৈব সার ও জৈব বালাই ব্যবহার করলে রাসায়নিক বিষ ছাড়াই নিরাপদভাবে ফসল উৎপাদন সম্ভব।
গ্রিন কোয়ালিশন পবা উপজেলার কৃষাণী রহিমা বেগম বলেন, “আমরা যখন ঘরের কাছেই প্রয়োজনীয় কৃষি সম্পদ পাচ্ছি, যেখান থেকে সহজেই জৈব বালাই তৈরি করতে পারি, তখন কেন আমরা বিষ কিনে জমিতে দেব? ক্ষতিকর কীটনাশকের অবাধ বিজ্ঞাপন ও বিক্রি বন্ধ করতে হবে এবং নিরাপদ কৃষিকে আরও সম্প্রসারণ করতে হবে।”
সভায় জানানো হয়, বড়গাছি ইউনিয়নে বর্তমানে ৩০টি মডেল শতবাড়ি, দুটি এগ্রোইকোলজি লার্নিং সেন্টার (এএলসি) ও কমিউনিটি বীজ ব্যাংক রয়েছে। মডেল শতবাড়িগুলোতে মৌসুমভিত্তিক দেশীয় বীজ উৎপাদন করা হয়। অতিরিক্ত বীজ এএলসিতে সংরক্ষণ করা হয় এবং বিভিন্ন বীজ মৌসুম অনুযায়ী কৃষক-কৃষাণীদের মধ্যে বিনিময় করা হয়। এএলসিতে কৃষক-কৃষাণীদের জৈব বালাই তৈরি ও ব্যবহারের বিষয়ে প্রশিক্ষণ দেওয়া হয় এবং তারা নিজেদের জমিতে এসব পদ্ধতি প্রয়োগ করছেন।
আলোচনা সভায় নারী কৃষকরা নিজেদের উৎপাদিত দেশীয় বীজ প্রদর্শন করে বীজ সার্বভৌমত্ব সুরক্ষার দাবি জানান। একই সঙ্গে গ্রামের ভেতরে কীটনাশক বিক্রি বন্ধেরও দাবি তোলেন তারা। কৃষকরা বলেন, বীজ কৃষকের নিজস্ব সম্পদ এবং খাদ্য সার্বভৌমত্বের অন্যতম ভিত্তি। তাই স্থানীয়ভাবে বীজ উৎপাদন, সংরক্ষণ ও বিনিময়ের ব্যবস্থা আরও সম্প্রসারণের পাশাপাশি ক্ষতিকর রাসায়নিক কীটনাশকের ব্যবহার ও অবাধ বিক্রি নিয়ন্ত্রণ করা জরুরি।
বরেন্দ্র ইয়ুথ ফোরামের সভাপতি মোঃ আতিকুর রহমান বলেন, “আমরা আর বিষ খেতে চাই না। কৃষকরাও নিরাপদ উপায়ে খাদ্য উৎপাদন করতে চান। এজন্য কৃষকদের প্রশিক্ষণ দিতে হবে, অতি ঝুঁকিপূর্ণ কীটনাশক নিষিদ্ধ করতে হবে এবং কীটনাশকের ব্যবহার নিয়ন্ত্রণ করতে হবে। এগ্রোইকোলজিতে রূপান্তর কর্মসূচি গ্রহণ ও বাস্তবায়নে সরকারকে অবিলম্বে উদ্যোগ নিতে হবে।”
সভা থেকে স্থানীয় বীজ উৎপাদন ও সংরক্ষণে ইউনিয়নভিত্তিক সরকারি সহায়তা বৃদ্ধি, কমিউনিটি বীজ ব্যাংক সম্প্রসারণ, কৃষকের স্থানীয় জ্ঞান ও এগ্রোইকোলজি চর্চার স্বীকৃতি এবং ক্ষতিকর রাসায়নিক কীটনাশকের ব্যবহার ও অবাধ বিক্রি নিয়ন্ত্রণের দাবি জানানো হয়।
প্রতিষ্ঠাতা - শেখ রবিউল ইসলাম রবি, সম্পাদক - মোঃ আনিসুর রহমান, বার্তা সম্পাদক - শারীদ মোল্লা, অস্থায়ী প্রধান কার্যালয় - সোনারগাঁ,নারায়ণগঞ্জ, ঢাকা -বাংলাদেশ,
Reg : TL-1061, fb: daily nayakontho, e-mail :[email protected], [email protected], web:www.dailynayakontho.com.
কপিরাইট © প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত | দৈনিক নয়া কন্ঠ | Developed by UNIKBD.COM