ঠাকুরগাঁওয়ে সাবেক ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে ক্ষোভ, পরিষদের দায়িত্বে না ফেরাতে রাজপথে জনতা
রুহিয়া (ঠাকুরগাঁও) প্রতিনিধি: দুর্নীতি, আর্থিক অনিয়ম এবং আন্দোলন-সংক্রান্ত একাধিক মামলার আসামি বিতর্কিত আখানগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রোমান বাদশাকে পুনরায় দায়িত্বে না ফেরানোর দাবিতে উত্তাল হয়ে উঠেছে ঠাকুরগাঁওয়ের রাজপথ। বিতর্কিত এই চেয়ারম্যানকে পরিষদের দায়িত্বে বসতে না দেওয়ার ঘোষণা দিয়ে বিশাল মানববন্ধন ও প্রতিবাদ মিছিল করেছে স্থানীয় সচেতন নাগরিক ও বিএনপি নেতাকর্মীরা।
১৮ আগষ্ট (মঙ্গলবার) দুপুরে ২ নং আখানগর ইউনিয়ন পরিষদ সংলগ্ন প্রধান সড়কে এ কর্মসূচির আয়োজন করা হয়। বিভিন্ন দাবিসম্বলিত ব্যানার ও ফেস্টুন হাতে নিয়ে এলাকার বিভিন্ন বয়সী মানুষ এতে অংশ নেন এবং সাবেক ওই চেয়ারম্যানের বিরুদ্ধে নানা স্লোগান দেন।
কর্মসূচিতে উত্থাপিত মূল অভিযোগ ও দাবি করেন,সাম্প্রতিক আন্দোলনে ছাত্র-জনতার ওপর হামলার ঘটনার মামলার আসামি এই চেয়ারম্যান কারাবাস ও দীর্ঘদিন আত্মগোপনে ছিলেন। সম্প্রতি জামিনে বের হয়ে তিনি পুনরায় ইউনিয়ন পরিষদে যোগদানের অপচেষ্টা করছেন। আন্দোলনকারীদের স্পষ্ট কথা—কোনো অবস্থাতেই তাকে আর পরিষদে প্রবেশ করতে দেওয়া হবে না।
স্থানীয় বাসিন্দা ও ইউপি সদস্যদের অভিযোগ, গত ১৭ বছর ধরে রোমান বাদশা ইউনিয়নে চরম স্বেচ্ছাচারিতা ও অনিয়ম চালিয়েছেন। বিগত সরকারের দোসর হিসেবে ক্ষমতার অপব্যবহার করে তিনি বিরোধী রাজনৈতিক নেতাকর্মীদের ওপর মামলা-হামলা ও হয়রানি করেছেন।
বিক্ষোভকারীরা প্রশাসনের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করে অবিলম্বে এই বিতর্কিত চেয়ারম্যানকে অপসারণ এবং ইউপির সকল প্রশাসনিক কার্যক্রম থেকে তাকে দূরে রাখার দাবি জানান।
প্রতিবাদ সভা শেষে একটি বিক্ষোভ মিছিল এলাকার প্রধান সড়ক প্রদক্ষিণ করে। বক্তব্যকালে স্থানীয় নেতারা হুঁশিয়ারি দেন, জোরপূর্বক বা কোনো কৌশলে তাকে বহাল করার চেষ্টা করা হলে পুরো ইউনিয়নের সাধারণ জনগণকে সাথে নিয়ে আরও কঠোর আন্দোলনের ডাক দেওয়া হবে।
প্রতিষ্ঠাতা - শেখ রবিউল ইসলাম রবি, সম্পাদক - মোঃ আনিসুর রহমান, বার্তা সম্পাদক - শারীদ মোল্লা, অস্থায়ী প্রধান কার্যালয় - সোনারগাঁ,নারায়ণগঞ্জ, ঢাকা -বাংলাদেশ,
Reg : TL-1061, fb: daily nayakontho, e-mail :dailynayakontho@gmail.com, dailynayakonthonews@gmail.com, web:www.dailynayakontho.com.
কপিরাইট © প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত | দৈনিক নয়া কন্ঠ | Developed by UNIKBD.COM