রাজশাহীতে ফুটপাত দখলমুক্ত করতে অভিযান, জরিমানা
১৮ আগস্ট '২৬ মঙ্গলবার
রাজশাহী ব্যুরো
রাজশাহী মহানগরীর ফুটপাত অবৈধ দখলমুক্ত করতে মোবাইল কোর্ট পরিচালনা করেছে রাজশাহী সিটি কর্পোরেশন। মঙ্গলবার (১৮ আগস্ট) বেলা ১১টা থেকে দুপুর ১২টা পর্যন্ত মহানগরীর বোয়ালিয়া থানাধীন শিরোইল ঢাকা বাস টার্মিনাল থেকে ভদ্রা মোড় পর্যন্ত এ অভিযান পরিচালনা করা হয়।
অভিযানে নেতৃত্ব দেন রাজশাহী সিটি কর্পোরেশনের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোঃ নাজমুল আলম। এ সময় ম্যাজিস্ট্রেট দপ্তরের পেশকার মোঃ সানাউল্লাসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
মোবাইল কোর্ট চলাকালে ভদ্রা রেলগেট এলাকায় ফুটপাত দখল করে অবৈধভাবে স্থাপিত বিভিন্ন দোকান ও স্থাপনা উচ্ছেদ করা হয়। একই সঙ্গে ফুটপাত দখল করে ব্যবসায়িক কার্যক্রম পরিচালনা এবং পথচারীদের চলাচলে প্রতিবন্ধকতা সৃষ্টি না করার বিষয়ে সংশ্লিষ্টদের সতর্ক করা হয়।
অভিযান চলাকালে ভদ্রা রেলগেট এলাকায় কোয়ালিটি সুপার কেক হাউস নামের একটি দোকানের মালামাল অবৈধভাবে ফুটপাতের ওপর রাখার বিষয়টি নজরে আসে। এ ঘটনায় দোকানের মালিক মোঃ কাওসার আলী, পিতা—আফসার আলী, সাং—ভদ্রার মোড়, বোয়ালিয়া, রাজশাহীকে বাংলাদেশ আইনের ৯২/৭ ধারা মোতাবেক ভ্রাম্যমাণ আদালত মামলা নং ৩৭২/২৬, তারিখ ১৮ আগস্ট ২০২৬-এর মাধ্যমে সতর্কতামূলকভাবে ২ হাজার টাকা জরিমানা করা হয়।
রাজশাহী সিটি কর্পোরেশনের পক্ষ থেকে জানানো হয়েছে, নগরীর ফুটপাত পথচারীদের চলাচলের জন্য উন্মুক্ত রাখতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। ফুটপাত দখল করে দোকানপাট, মালামাল বা কোনো ধরনের স্থাপনা না বসানোর জন্য ব্যবসায়ী ও সংশ্লিষ্টদের প্রতি আহ্বান জানানো হয়েছে।
নগরবাসীর নির্বিঘ্ন চলাচল নিশ্চিত করা এবং সুশৃঙ্খল নগর ব্যবস্থাপনা বজায় রাখার লক্ষ্যে রাজশাহী সিটি কর্পোরেশন নিয়মিতভাবে এ ধরনের ভ্রাম্যমাণ আদালত ও উচ্ছেদ অভিযান পরিচালনা করবে বলেও সংশ্লিষ্টরা জানিয়েছেন।
প্রতিষ্ঠাতা - শেখ রবিউল ইসলাম রবি, সম্পাদক - মোঃ আনিসুর রহমান, বার্তা সম্পাদক - শারীদ মোল্লা, অস্থায়ী প্রধান কার্যালয় - সোনারগাঁ,নারায়ণগঞ্জ, ঢাকা -বাংলাদেশ,
Reg : TL-1061, fb: daily nayakontho, e-mail :dailynayakontho@gmail.com, dailynayakonthonews@gmail.com, web:www.dailynayakontho.com.
কপিরাইট © প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত | দৈনিক নয়া কন্ঠ | Developed by UNIKBD.COM