সাপাহারের কৃতী সন্তান আসাদুজ্জামান দুদকের নতুন চেয়ারম্যান
মোস্তাফিজুর রহমান লিটন
রাজশাহী ব্যুরো
নওগাঁর সাপাহারের কৃতী সন্তান ও বাংলাদেশ সুপ্রিম কোর্টের সাবেক আপিল বিভাগের বিচারপতি এ কে এম আসাদুজ্জামান দুর্নীতি দমন কমিশনের (দুদক) নতুন চেয়ারম্যান হিসেবে নিয়োগ পেয়েছেন। তার এ নিয়োগের খবরে নওগাঁজুড়ে আনন্দের সৃষ্টি হয়েছে। স্থানীয়রা এটিকে জেলার জন্য গৌরবের বিষয় হিসেবে দেখছেন।
সোমবার (১৭ আগস্ট) মন্ত্রিপরিষদ বিভাগ থেকে জারি করা এক প্রজ্ঞাপনে বিচারপতি এ কে এম আসাদুজ্জামানকে দুদক চেয়ারম্যান হিসেবে নিয়োগ দেওয়া হয়। একই প্রজ্ঞাপনে ড. জাহাঙ্গীর আলম খান ও ড. মো. সাজ্জাদ হোসেন ভূইয়াকে দুদক কমিশনার হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।
প্রজ্ঞাপনে বলা হয়, দুর্নীতি দমন কমিশন আইন, ২০০৪-এর সংশ্লিষ্ট ধারার বিধান অনুযায়ী বিচারপতি এ কে এম আসাদুজ্জামানকে কমিশনের চেয়ারম্যান হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।
বিচারপতি এ কে এম আসাদুজ্জামান ১৯৫৯ সালের ১ মার্চ নওগাঁ জেলার সাপাহার উপজেলায় জন্মগ্রহণ করেন। তার বাবা এম এ সামাদ ছিলেন একজন খ্যাতিমান আইনজীবী। পারিবারিকভাবেই আইন পেশার সঙ্গে পরিচয় থাকলেও নিজের মেধা, দক্ষতা ও দীর্ঘ কর্মজীবনের মাধ্যমে তিনি দেশের বিচারাঙ্গনে গুরুত্বপূর্ণ অবস্থান তৈরি করেন।
তিনি রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে আইন বিষয়ে এলএলবি (সম্মান) ও এলএলএম ডিগ্রি অর্জন করেন। ১৯৮৩ সালে জেলা আদালতে আইনজীবী হিসেবে তালিকাভুক্ত হওয়ার মধ্য দিয়ে তার আইনজীবী জীবনের শুরু। পরে ১৯৮৫ সালে হাইকোর্ট বিভাগ এবং ২০০১ সালে আপিল বিভাগে আইনজীবী হিসেবে তালিকাভুক্ত হন।
বিচারাঙ্গনে তার কর্মজীবনের গুরুত্বপূর্ণ অধ্যায় শুরু হয় ২০০৩ সালে। ওই বছর তিনি হাইকোর্ট বিভাগের অতিরিক্ত বিচারপতি হিসেবে নিয়োগ পান। ২০০৫ সালে হাইকোর্ট বিভাগের স্থায়ী বিচারপতি হিসেবে দায়িত্ব গ্রহণ করেন। দীর্ঘ বিচারিক জীবনের ধারাবাহিকতায় ২০২৫ সালের ২৫ মার্চ তিনি বাংলাদেশ সুপ্রিম কোর্টের আপিল বিভাগের বিচারপতি হিসেবে নিয়োগ লাভ করেন।
চলতি বছরের ফেব্রুয়ারিতে ৬৭ বছর পূর্ণ হওয়ায় তিনি বিচারপতি হিসেবে অবসর গ্রহণ করেন। অবসরের কয়েক মাসের মধ্যেই দেশের অন্যতম গুরুত্বপূর্ণ সাংবিধানিক প্রতিষ্ঠানের দায়িত্বে তাকে নিয়োগ দেওয়া হলো।
সাপাহারের মাটিতে জন্ম নেওয়া এ কে এম আসাদুজ্জামানের কর্মজীবনের এই নতুন অধ্যায়কে ঘিরে স্থানীয়দের মধ্যে ব্যাপক আগ্রহ ও উচ্ছ্বাস দেখা দিয়েছে। আইন ও বিচারাঙ্গনে দীর্ঘ অভিজ্ঞতাসম্পন্ন একজন ব্যক্তির হাতে দুদকের নেতৃত্ব আসায় প্রতিষ্ঠানটির কার্যক্রম আরও শক্তিশালী ও গতিশীল হবে—এমন প্রত্যাশা করছেন স্থানীয়রা।
নওগাঁর সাপাহার থেকে দেশের সর্বোচ্চ আদালতের আপিল বিভাগ এবং এবার দুর্নীতি দমন কমিশনের চেয়ারম্যানের দায়িত্ব—বিচারপতি এ কে এম আসাদুজ্জামানের এই পথচলাকে জেলার মানুষ নিজেদের জন্যও গর্বের অর্জন হিসেবে দেখছেন।
প্রতিষ্ঠাতা - শেখ রবিউল ইসলাম রবি, সম্পাদক - মোঃ আনিসুর রহমান, বার্তা সম্পাদক - শারীদ মোল্লা, অস্থায়ী প্রধান কার্যালয় - সোনারগাঁ,নারায়ণগঞ্জ, ঢাকা -বাংলাদেশ,
Reg : TL-1061, fb: daily nayakontho, e-mail :[email protected], [email protected], web:www.dailynayakontho.com.
কপিরাইট © প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত | দৈনিক নয়া কন্ঠ | Developed by UNIKBD.COM