রাজশাহীতে জাতীয় মৎস্য পক্ষের উদ্বোধন
মোস্তাফিজুর রহমান লিটন
রাজশাহী ব্যুরো
জাতীয় মৎস্য পক্ষ-২০২৬ উপলক্ষে রাজশাহীতে পোনামাছ অবমুক্ত করা হয়েছে। রোববার (১৬ আগস্ট) দুপুরে রাজশাহী মহানগরীর রাজপাড়া থানাধীন কালেক্টর পুকুরে জেলা প্রশাসন ও মৎস্য অধিদপ্তর, রাজশাহীর উদ্যোগে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।
জাতীয় মৎস্য পক্ষ-২০২৬-এর শুভ উদ্বোধন উপলক্ষে আয়োজিত এ কর্মসূচিতে কালেক্টর পুকুরে বিভিন্ন প্রজাতির পোনামাছ অবমুক্ত করা হয়। সকাল ১১টা ৫০ মিনিট থেকে ১১টা ৫৫ মিনিট পর্যন্ত আনুষ্ঠানিকভাবে পোনামাছ অবমুক্তকরণ কার্যক্রম পরিচালিত হয়।
পোনামাছ অবমুক্তকরণ কর্মসূচির মধ্য দিয়ে রাজশাহীতে জাতীয় মৎস্য পক্ষ-২০২৬-এর কার্যক্রমের সূচনা হয়। দেশের মৎস্যসম্পদ সংরক্ষণ, মাছের উৎপাদন বৃদ্ধি, জলাশয়ের জীববৈচিত্র্য রক্ষা এবং সাধারণ মানুষের মধ্যে মৎস্যসম্পদ ব্যবস্থাপনা বিষয়ে সচেতনতা তৈরিতে এ ধরনের কর্মসূচি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের ভূমি মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী জনাব মিজানুর রহমান মিনু, রাজশাহী বিভাগের বিভাগীয় কমিশনার ড. আ.ন.ম বজলুর রশীদ, রাজশাহী সিটি করপোরেশনের প্রশাসক মাহফুজুর রহমান রিটন, রাজশাহী মেট্রোপলিটন পুলিশের পুলিশ কমিশনার মোঃ ফয়েজুল কবির এবং রাজশাহীর জেলা প্রশাসক কাজী শহিদুল ইসলাম।
এ সময় রাজশাহীর আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য এবং বিভিন্ন সরকারি দপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তারাও উপস্থিত ছিলেন।
কর্মসূচিতে বক্তারা মৎস্যসম্পদের গুরুত্ব তুলে ধরে বলেন, দেশের মানুষের প্রাণিজ আমিষের চাহিদা পূরণ, কর্মসংস্থান সৃষ্টি এবং অর্থনৈতিক উন্নয়নে মৎস্য খাতের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। এ খাতের টেকসই উন্নয়নের জন্য জলাশয় সংরক্ষণ, দেশীয় প্রজাতির মাছ রক্ষা এবং পরিকল্পিতভাবে পোনা অবমুক্ত ও মাছ চাষের ওপর গুরুত্ব দেওয়া প্রয়োজন।
তারা আরও বলেন, নদী, খাল, বিল, পুকুরসহ বিভিন্ন জলাশয়ে নিয়মিত পোনামাছ অবমুক্ত করার মাধ্যমে দেশীয় মাছের প্রজনন ও উৎপাদন বাড়ানোর সুযোগ তৈরি হয়। একই সঙ্গে অবৈধভাবে মাছ শিকার, জলাশয় দূষণ এবং প্রাকৃতিক মৎস্যসম্পদের ক্ষতি হয়—এমন কর্মকাণ্ড প্রতিরোধে সবাইকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।
জাতীয় মৎস্য পক্ষ উপলক্ষে রাজশাহীতে পোনামাছ অবমুক্তকরণের এ কর্মসূচি মৎস্যসম্পদ সংরক্ষণ ও উন্নয়নে জনসচেতনতা তৈরির পাশাপাশি স্থানীয় জলাশয়ে মাছের উৎপাদন বৃদ্ধিতে ইতিবাচক ভূমিকা রাখবে বলে সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেন।
জেলা প্রশাসন ও মৎস্য অধিদপ্তরের উদ্যোগে আয়োজিত কর্মসূচিতে সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তাদের উপস্থিতি এ আয়োজনকে আরও তাৎপর্যপূর্ণ করে তোলে। মৎস্যসম্পদের সুষ্ঠু ব্যবস্থাপনা ও সংরক্ষণে ভবিষ্যতেও এ ধরনের কার্যক্রম অব্যাহত থাকবে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।
প্রতিষ্ঠাতা - শেখ রবিউল ইসলাম রবি, সম্পাদক - মোঃ আনিসুর রহমান, বার্তা সম্পাদক - শারীদ মোল্লা, অস্থায়ী প্রধান কার্যালয় - সোনারগাঁ,নারায়ণগঞ্জ, ঢাকা -বাংলাদেশ,
Reg : TL-1061, fb: daily nayakontho, e-mail :[email protected], [email protected], web:www.dailynayakontho.com.
কপিরাইট © প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত | দৈনিক নয়া কন্ঠ | Developed by UNIKBD.COM