বড়লেখায় বিয়ের অনুষ্ঠানে গিয়ে ফেরেননি
সকালে জঙ্গলে মিলল বৃদ্ধের লাশ হত্যার অভিযোগ।
মারুফ আহমদ হৃদয়, বিশেষ প্রতিনিধি, বড়লেখা মৌলভীবাজার।
মৌলভীবাজারের বড়লেখায় বাড়ির পাশের একটি জঙ্গল থেকে আব্দুল হক (৬৫) নামের এক ব্যক্তির লাশ উদ্ধার করেছে পুলিশ। শনিবার (১৫ আগস্ট) দুপুরে উপজেলার দাসেরবাজার ইউনিয়নের পূর্ব শংকরপুর গ্রাম থেকে তাঁর লাশ উদ্ধার করা হয়। স্বজন ও পুলিশের প্রাথমিক ধারণা, দুর্বৃত্তরা তাঁকে হত্যা করে লাশ বাড়ির পাশের জঙ্গলে ফেলে রেখে গেছে।
নিহত আব্দুল হক পূর্ব শংকরপুর গ্রামের মৃত সোয়াব আলীর ছেলে। তিনি দাসেরবাজার ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের বাসিন্দা। বিগত ইউনিয়ন পরিষদ নির্বাচনে তিনি ওই ওয়ার্ড থেকে প্রার্থী হয়ে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন। তবে নির্বাচনে তিনি পরাজিত হন।
পুলিশ, স্বজন ও স্থানীয় সূত্রে জানা গেছে, শুক্রবার (১৪ আগস্ট) দুপুরে একটি বিয়ের অনুষ্ঠানে যোগ দিতে বাড়ি থেকে বের হন আব্দুল হক। এরপর তিনি আর বাড়িতে ফেরেননি। বাড়িতে না ফেরায় স্বজনেরা বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও তাঁর সন্ধান পাননি। শনিবার সকালে স্থানীয় লোকজন বাড়ির পাশের একটি জঙ্গলে তাঁর লাশ পড়ে থাকতে দেখেন। পরে তাঁরা বিষয়টি পুলিশকে জানান। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশের সুরতহাল প্রতিবেদন তৈরি করে। এ সময় তাঁর ডান কানের লতি কাটা এবং মাথায় আঘাতের চিহ্ন দেখা যায়।
নিহতের চাচাতো ভাই মাসুক উদ্দিন বলেন, শুক্রবার দুপুরে একটি অনুষ্ঠানে যাওয়ার কথা বলে বাড়ি থেকে বের হন আব্দুল হক। এরপর আর বাড়ি ফেরেননি। তাঁদের জানামতে, তাঁর সঙ্গে কারও কোনো শত্রুতা ছিল না। তিনি সহজ-সরল মানুষ ছিলেন। কে বা কারা এবং কী কারণে তাঁকে হত্যা করেছে, তা তদন্ত করে রহস্য উদ্ঘাটনের দাবি জানান তিনি।
বড়লেখা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুজ্জামান খান বলেন, আব্দুল হকের ডান কানের লতি কাটা এবং মাথায় আঘাতের চিহ্ন রয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, দুর্বৃত্তরা তাঁকে হত্যার পর লাশ জঙ্গলে ফেলে রেখে গেছে। লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানোর প্রক্রিয়া চলছে। ঘটনাটি তদন্ত করে হত্যার রহস্য উদ্ঘাটনের চেষ্টা চলছে।
প্রকাশক - শেখ রবিউল ইসলাম রবি, সম্পাদক - মোঃ আনিসুর রহমান, বার্তা সম্পাদক - শারীদ মোল্লা। অস্থায়ী প্রধান কার্যালয় - সোনারগাঁ,নারায়ণগঞ্জ, ঢাকা -বাংলাদেশ। Reg : TL-1061, fb: daily nayakontho, e-mail :[email protected], [email protected],web:www.dailynayakontho.com,
কপিরাইট © প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত | দৈনিক নয়া কন্ঠ | Developed by UNIKBD.COM