কক্সবাজার থেকে নিখোঁজ দুই মাদ্রাসাছাত্র উদ্ধার
রাজশাহী ব্যুরো
রাজশাহী মহানগরীর শাহমখদুম থানা এলাকা থেকে নিখোঁজ হওয়া দুই মাদ্রাসাছাত্রকে কক্সবাজার এলাকা থেকে উদ্ধার করেছে রাজশাহী মেট্রোপলিটন পুলিশের (আরএমপি) শাহমখদুম থানা পুলিশ। নিখোঁজের ৭২ ঘণ্টার মধ্যে তাদের উদ্ধার করা হয়।
পুলিশ সূত্রে জানা গেছে, গত ১০ আগস্ট ২০২৬ সন্ধ্যা আনুমানিক ৭টার দিকে রাজশাহী মহানগরীর শাহমখদুম থানাধীন ১৭ নম্বর ওয়ার্ডের ডাঙ্গীপাড়া এলাকার ‘আল-জামিয়া আস্-সালাফিয়া’ শিক্ষা প্রতিষ্ঠানের সামনে থেকে ১২ ও ১৩ বছর বয়সী দুই মাদ্রাসাছাত্র নিখোঁজ হয়। এ ঘটনায় পরদিন ১১ আগস্ট শাহমখদুম থানায় পৃথক দুটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়।
নিখোঁজ দুই শিক্ষার্থীর একজনের ছদ্মনাম ‘রাফি’ (১৩)। তার বাড়ি রাজশাহীর বাগমারা থানা এলাকায়। অপর শিক্ষার্থীর ছদ্মনাম ‘হাবিব’ (১২)। তার বাড়ি নওগাঁর মান্দা থানা এলাকায়।
জিডি হওয়ার পর রাজশাহী মেট্রোপলিটন পুলিশের কমিশনার মোহাম্মদ ফয়েজুল কবিরের দিকনির্দেশনায় শাহমখদুম থানা পুলিশ দ্রুত অনুসন্ধান কার্যক্রম শুরু করে। তথ্যপ্রযুক্তির সহায়তা ও গোপন সংবাদের ভিত্তিতে পুলিশের একটি বিশেষ দল নিখোঁজ দুই শিক্ষার্থীর অবস্থান শনাক্তে বিভিন্ন স্থানে অনুসন্ধান ও তথ্য যাচাই-বাছাই করতে থাকে।
অনুসন্ধানের একপর্যায়ে পুলিশ জানতে পারে, নিখোঁজ দুই শিক্ষার্থী কক্সবাজার এলাকায় অবস্থান করছে। পরে শাহমখদুম থানা পুলিশের একটি বিশেষ দল কক্সবাজার এলাকায় অভিযান পরিচালনা করে তাদের দুজনকেই সুস্থ অবস্থায় উদ্ধার করে।
উদ্ধারের পর দুই শিক্ষার্থীকে রাজশাহীর শাহমখদুম থানায় নিয়ে আসা হয়। সেখানে প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা পুলিশকে জানায়, কক্সবাজারের সমুদ্রসৈকত দেখার উদ্দেশ্যেই তারা নিজেরা সেখানে চলে গিয়েছিল।
পুলিশ জানায়, উদ্ধারকৃত দুই শিক্ষার্থীর শারীরিক ও মানসিক অবস্থা বর্তমানে ভালো রয়েছে। প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া সম্পন্ন করার পর সশরীরে উপস্থিত তাদের নিজ নিজ পিতার জিম্মায় দুই শিক্ষার্থীকে হস্তান্তর করা হয়।
নিখোঁজ হওয়ার পর দ্রুততম সময়ে তথ্যপ্রযুক্তির সহায়তায় দুই শিক্ষার্থীর অবস্থান শনাক্ত, উদ্ধার এবং তাদের পরিবারের কাছে ফিরিয়ে দেওয়ায় স্বজনরা রাজশাহী মেট্রোপলিটন পুলিশ ও বাংলাদেশ পুলিশের প্রতি গভীর কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।
প্রতিষ্ঠাতা - শেখ রবিউল ইসলাম রবি, সম্পাদক - মোঃ আনিসুর রহমান, বার্তা সম্পাদক - শারীদ মোল্লা, অস্থায়ী প্রধান কার্যালয় - সোনারগাঁ,নারায়ণগঞ্জ, ঢাকা -বাংলাদেশ,
Reg : TL-1061, fb: daily nayakontho, e-mail :[email protected], [email protected], web:www.dailynayakontho.com.
কপিরাইট © প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত | দৈনিক নয়া কন্ঠ | Developed by UNIKBD.COM