তেঁতুলিয়ায় বেগম খালেদা জিয়া বালিকা বিদ্যালয়ের নতুন অ্যাডহক কমিটি
পঞ্চগড় জেলা প্রতিনিধি | সঞ্জু বনিক সৌরভ
পঞ্চগড়ের তেঁতুলিয়া উপজেলার ভজনপুরে অবস্থিত বেগম খালেদা জিয়া বালিকা দ্বিমুখী উচ্চ বিদ্যালয়ে নতুন অ্যাডহক কমিটি গঠন করা হয়েছে। কমিটির সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন প্রবীণ রাজনীতিবিদ হামিদুল হাসান লাবু।
বৃহস্পতিবার (১৩ আগস্ট) দুপুরে বিদ্যালয়ের অফিস কক্ষে আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণ করেন তিনি। এ সময় বিদ্যালয়ের শিক্ষক-কর্মচারীসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন। পরে ফুল দিয়ে নবনিযুক্ত সভাপতিকে বরণ করে নেওয়া হয়।
জানা গেছে, গত ৯ আগস্ট হামিদুল হাসান লাবুকে সভাপতি করে চার সদস্যের অ্যাডহক কমিটি অনুমোদন দেয় মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ড, দিনাজপুর। অনুমোদনপত্রে আগামী ছয় মাসের মধ্যে বিদ্যালয়ের নিয়মিত গভর্নিং বডি গঠন করে শিক্ষা বোর্ডের অনুমোদন নেওয়ার নির্দেশনা দেওয়া হয়েছে।
দায়িত্ব গ্রহণের পর হামিদুল হাসান লাবু বিদ্যালয়ের শিক্ষা কার্যক্রমের মানোন্নয়ন ও সার্বিক অগ্রগতির জন্য শিক্ষক, অভিভাবক ও সংশ্লিষ্ট সবার সহযোগিতা কামনা করেন। সম্মিলিত প্রচেষ্টায় বিদ্যালয়টি আরও এগিয়ে যাবে বলেও আশাবাদ ব্যক্ত করেন তিনি।
১৯৯৩ সালের ১ জানুয়ারি তেঁতুলিয়া ও ভজনপুরসহ আশপাশের এলাকার মেয়েদের মাধ্যমিক শিক্ষার সুযোগ নিশ্চিত করার লক্ষ্যে বিদ্যালয়টি প্রতিষ্ঠিত হয়। একই বছরের ১ মার্চ প্রতিষ্ঠানটি সরকারি স্বীকৃতি লাভ করে। পরবর্তীতে বিদ্যালয়টি এমপিওভুক্ত হয়।
এর আগে হামিদুল হাসান লাবু বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির দায়িত্ব পালন করেছিলেন। তবে গত এক বছর ধরে উপজেলা শিক্ষা অফিসের মাধ্যমে বিদ্যালয়ের কার্যক্রম পরিচালিত হয়ে আসছিল। শিক্ষা কার্যক্রমের মানোন্নয়ন ও প্রতিষ্ঠানের সার্বিক অগ্রগতির লক্ষ্যে নতুন অ্যাডহক কমিটি অনুমোদন দেওয়া হয়েছে বলে জানা গেছে।
প্রকাশক - শেখ রবিউল ইসলাম রবি, সম্পাদক - মোঃ আনিসুর রহমান, বার্তা সম্পাদক - শারীদ মোল্লা। অস্থায়ী প্রধান কার্যালয় - সোনারগাঁ,নারায়ণগঞ্জ, ঢাকা -বাংলাদেশ। Reg : TL-1061, fb: daily nayakontho, e-mail :[email protected], [email protected],web:www.dailynayakontho.com,
কপিরাইট © প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত | দৈনিক নয়া কন্ঠ | Developed by UNIKBD.COM