প্রধানমন্ত্রীর সহায়তায় নাজমুলের উচ্চশিক্ষার স্বপ্ন
রাজশাহী ব্যুরো
আর্থিক অনিশ্চয়তার কারণে উচ্চশিক্ষার স্বপ্ন যখন অনিশ্চিত হয়ে পড়েছিল, তখন মেধাবী তরুণ মোঃ নাজমুল হাসানের পাশে দাঁড়িয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সুইডেনে উচ্চশিক্ষার সুযোগ পাওয়া নাজমুলের স্বপ্ন বাস্তবায়নে আর্থিক অনুদান দিয়েছেন প্রধানমন্ত্রী।
বৃহস্পতিবার (১৩ আগস্ট) প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের প্রাণরসায়ন ও অনুপ্রাণ বিজ্ঞান (Biochemistry and Molecular Biology) বিভাগের মাস্টার্স (থিসিস) শিক্ষার্থী মোঃ নাজমুল হাসান। এ সময় তার উচ্চশিক্ষার জন্য প্রয়োজনীয় সহযোগিতা হিসেবে প্রধানমন্ত্রী অনুদান প্রদান করেন।
নাজমুল হাসান রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ২০১৯–২০ শিক্ষাবর্ষের শিক্ষার্থী। বিশ্ববিদ্যালয়ের পড়াশোনার পাশাপাশি তিনি রাজশাহী বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সহ-মানবাধিকার বিষয়ক সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন।
সম্প্রতি সুইডেনের University of Skövde থেকে উচ্চশিক্ষার জন্য পূর্ণ বৃত্তি অর্জন করেন নাজমুল হাসান। মেধা ও যোগ্যতার স্বীকৃতি হিসেবে এমন সুযোগ পেলেও বিদেশযাত্রা, প্রাথমিক আবাসনসহ আনুষঙ্গিক খরচ বহন করা তার পরিবারের জন্য অত্যন্ত কঠিন হয়ে পড়ে। ফলে কাঙ্ক্ষিত বৃত্তি পাওয়ার পরও উচ্চশিক্ষার যাত্রা নিয়ে অনিশ্চয়তায় পড়েন তিনি।
এমন সংকটময় সময়ে প্রধানমন্ত্রীর সহযোগিতা নাজমুলের সামনে নতুন সম্ভাবনার দ্বার খুলে দিয়েছে। প্রধানমন্ত্রীর এই আর্থিক সহায়তায় সুইডেনে গিয়ে উচ্চশিক্ষা গ্রহণের স্বপ্ন এখন বাস্তবায়নের পথে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।
বগুড়ার শেরপুর উপজেলার খামারকান্দি গ্রামের এক সাধারণ পরিবারের সন্তান নাজমুল হাসান। সীমিত আর্থিক সামর্থ্যের মধ্যেও অধ্যবসায়, মেধা ও কঠোর পরিশ্রমের মাধ্যমে তিনি রাজশাহী বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা শেষ করে আন্তর্জাতিক উচ্চশিক্ষার সুযোগ অর্জন করেছেন।
নাজমুলের এই সাফল্য শুধু তার পরিবারের জন্য নয়, দেশের হাজারো সুবিধাবঞ্চিত ও স্বপ্নবাজ তরুণের জন্যও অনুপ্রেরণার উদাহরণ। আর্থিক সীমাবদ্ধতা যেন মেধাবী শিক্ষার্থীদের উচ্চশিক্ষার পথে বাধা হয়ে না দাঁড়ায়—নাজমুলের পাশে প্রধানমন্ত্রীর এই সহযোগিতা সেই প্রত্যাশাকেই আরও শক্তিশালী করেছে।
সুইডেনে উচ্চশিক্ষা শেষে দেশ ও মানুষের কল্যাণে নিজের অর্জিত জ্ঞান কাজে লাগাতে চান নাজমুল হাসান। তার আন্তর্জাতিক উচ্চশিক্ষার এই যাত্রা সফল হোক—এমন প্রত্যাশা পরিবার, শিক্ষক, সহপাঠী ও শুভাকাঙ্ক্ষীদের।
প্রতিষ্ঠাতা - শেখ রবিউল ইসলাম রবি, সম্পাদক - মোঃ আনিসুর রহমান, বার্তা সম্পাদক - শারীদ মোল্লা, অস্থায়ী প্রধান কার্যালয় - সোনারগাঁ,নারায়ণগঞ্জ, ঢাকা -বাংলাদেশ,
Reg : TL-1061, fb: daily nayakontho, e-mail :[email protected], [email protected], web:www.dailynayakontho.com.
কপিরাইট © প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত | দৈনিক নয়া কন্ঠ | Developed by UNIKBD.COM