স্টাফ রিপোর্টার কৃষ্ণ কুমার সরকারঃ
রাজবাড়ীর বানিবহ ইউনিয়নে ওত পেতে থাকা দুর্বৃত্তদের হামলায় মো. আরজু সেখ (৩৯) নামে এক মৎস্য ও পোল্ট্রি ব্যবসায়ী গুরুতর আহত হয়েছেন। ধারালো অস্ত্র দিয়ে তাকে এলোপাতাড়ি কুপিয়ে সঙ্গে থাকা প্রায় ৩ লাখ টাকা ছিনিয়ে নিয়ে গেছে দুর্বৃত্তরা।
সোমবার (১০ আগস্ট) রাত সাড়ে ৮টার দিকে বানিবহ ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের বার্থা বিলপাড় এলাকায় এ ঘটনা ঘটে। আহত আরজু সেখ বার্থা গ্রামের আব্দুল মজিদ সেখের ছেলে। বর্তমানে তিনি রাজবাড়ী সদর হাসপাতালে চিকিৎসাধীন।
ভুক্তভোগী ও স্থানীয় সূত্রে জানা যায়, সোমবার রাতে আরজু সেখ তার ছোট ভাই মো. আনিসের দোকান বিক্রির টাকা এবং নিজ খামারের মাছ বিক্রির প্রায় ৩ লাখ টাকা নিয়ে বাড়ি ফিরছিলেন। বাড়ির কাছাকাছি পৌঁছালে আগে থেকে ওত পেতে থাকা ৭ থেকে ১০ জনের একটি সশস্ত্র দল তার পথরোধ করে।
কিছু বুঝে ওঠার আগেই দুর্বৃত্তরা ধারালো অস্ত্র দিয়ে তাকে এলোপাতাড়ি কোপাতে থাকে। এতে গুরুতর আহত হয়ে মাটিতে লুটিয়ে পড়েন আরজু সেখ। পরে তার সঙ্গে থাকা প্রায় ৩ লাখ টাকা ছিনিয়ে নিয়ে দ্রুত ঘটনাস্থল থেকে পালিয়ে যায় দুর্বৃত্তরা।
আরজুর চিৎকার শুনে স্থানীয়রা এগিয়ে এসে তাকে উদ্ধার করে রাজবাড়ী সদর হাসপাতালে নিয়ে যান। সেখানে চিকিৎসাধীন অবস্থায় আরজু সেখ বলেন, বাড়ি ফেরার পথে ওত পেতে থাকা সন্ত্রাসীরা তার ওপর অতর্কিত হামলা চালিয়ে সঙ্গে থাকা ব্যবসার প্রায় ৩ লাখ টাকা ছিনিয়ে নেয়।
এ ঘটনায় প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কাছে সুষ্ঠু তদন্ত, জড়িতদের দ্রুত গ্রেপ্তার এবং দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন তিনি।
এ বিষয়ে স্থানীয় থানা পুলিশ জানিয়েছে, ঘটনার তদন্ত শুরু হয়েছে। জড়িতদের শনাক্ত করে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।
প্রতিষ্ঠাতা - শেখ রবিউল ইসলাম রবি, সম্পাদক - মোঃ আনিসুর রহমান, বার্তা সম্পাদক - শারীদ মোল্লা, অস্থায়ী প্রধান কার্যালয় - সোনারগাঁ,নারায়ণগঞ্জ, ঢাকা -বাংলাদেশ,
Reg : TL-1061, fb: daily nayakontho, e-mail :dailynayakontho@gmail.com, dailynayakonthonews@gmail.com, web:www.dailynayakontho.com.
কপিরাইট © প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত | দৈনিক নয়া কন্ঠ | Developed by UNIKBD.COM