মোঃ আব্দুল আলীম, জেলা প্রতিনিধি, বগুড়াঃ
জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) থেকে অব্যাহতি পাওয়া যুগ্ম সদস্যসচিব গাজী সালাউদ্দীন তানভীরকে গ্রেপ্তার করেছে পুলিশ। প্রধানমন্ত্রী তারেক রহমানকে নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া একটি পোস্টকে কেন্দ্র করে পুলিশ তাকে গ্রেপ্তার করে। এর আগে ওই পোস্টের ঘটনায় তাকে দলীয় পদ থেকে সাময়িক অব্যাহতি দেওয়া হয়েছিল।
জানা গেছে, গাজী সালাউদ্দীন তানভীরের বিরুদ্ধে বগুড়া সদর থানায় সাইবার নিরাপত্তাসংক্রান্ত একটি মামলা করা হয়। সেটির পরিপ্রেক্ষিতে বুধবার (৫ আগস্ট) সকালে ঢাকার পূর্ব মনিপুর এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে পুলিশ। বগুড়া সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইব্রাহীম আলী গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন।
এর আগে গত ২৯ জুলাই বিকেলে প্রধানমন্ত্রী তারেক রহমানকে নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া গাজী সালাউদ্দীনের আপত্তিকর ও মানহানিকর পোস্ট দেখতে পান জেলা বিএনপির সভাপতি মাফতুন আহমেদ খান রুবেল। পোস্টটি ছড়িয়ে পড়লে দলীয় নেতাকর্মী ও সাধারণ মানুষের মধ্যে ব্যাপক প্রতিক্রিয়ার সৃষ্টি হয়। পরবর্তীতে তীব্র সমালোচনার মুখে গাজী সালাউদ্দীন পোস্টটি মুছে ফেলেন। এরপর তার বিরুদ্ধে সাইবার নিরাপত্তাসংক্রান্ত মামলা করেন মাফতুন আহমেদ খান রুবেল।
তিনি বলেন, তার (গাজী সালাউদ্দীন) ওই পোস্টের মাধ্যমে প্রধানমন্ত্রী তারেক রহমানের অবমাননা করা হয়েছে এবং জনমনে বিভ্রান্তি ও উত্তেজনা সৃষ্টির চেষ্টা চালানো হয়েছে। বিষয়টি দলের জ্যেষ্ঠ নেতাদের অবগতির পর সিদ্ধান্ত নিয়ে রোববার রাতে থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়।
ওসি ইব্রাহীম আলী জানান, মামলাটি এজাহার হিসেবে নেওয়ার পর প্রাথমিক তদন্ত ও তথ্যের ভিত্তিতে যৌথ অভিযান চালিয়ে বুধবার ভোরে ঢাকার পূর্ব মনিপুর থেকে গাজী সালাউদ্দিন তানভীরকে গ্রেপ্তার করা হয়েছে। তাকে বগুড়ায় নিয়ে এসে আদালতে সোপর্দ করার আইনি প্রক্রিয়া চলছে।
এদিকে গাজী সালাউদ্দিন গ্রেপ্তারে প্রতিবাদ জানিয়েছেন এনসিপির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম। তিনি ফেসবুকে জানিয়েছেন, হবিগঞ্জ ও সিলেটে সম্প্রতি সংঘটিত হামলার প্রসঙ্গ টেনে সালাউদ্দীন তানভীর তারেক রহমানকে নিয়ে ফেসবুকে এক লাইনের একটি পোস্ট দিয়েছিলেন। পরে দলের পক্ষ থেকে আপত্তি জানানো হলে তিনি পোস্টটি মুছে ফেলেন। পাশাপাশি ফেসবুকে দুঃখ প্রকাশ করে ভবিষ্যতে এ ধরনের ঘটনার পুনরাবৃত্তি হবে না বলেও জানান। একটা মানুষ তারেক রহমানকে নিয়ে অনাকাঙ্ক্ষিত একটা লেখা লিখল। সেটা লেখা উচিত হয়নি বুঝতে পেরে ডিলিট করল, ফেসবুকে পোস্ট দিয়ে দুঃখ প্রকাশ করল। পার্টি থেকে শো-কজ দিয়ে সাময়িক অব্যাহতি দেওয়া হলো। এত কিছুর পরও বিএনপি এবং তারেক রহমানের পুলিশ তাদের ক্ষমতা দেখাইল!
বিএনপির বর্তমান আচরণের সমালোচনা করে তিনি আরও বলেন, যে জুলুমে বিএনপি ১৬ বছর ধরে নিপীড়িত ছিল, আজ ক্ষমতার পালাবদলের পর তারা সেই একই চরিত্র দেখানো শুরু করেছে।
এছাড়া সিলেটে ছাত্রদলের হামলায় আহত ছাত্রশক্তির কর্মী আলিফের চোখ নষ্ট হওয়ার ঘটনায় জড়িতদের এখনো গ্রেপ্তার না হওয়া নিয়েও প্রশ্ন তোলেন সারজিস আলম।
এর আগে সামাজিক যোগাযোগমাধ্যমে দলের ভাবমূর্তি ক্ষুণ্ন ও গুরুতর শৃঙ্খলাভঙ্গের অভিযোগে গাজী সালাউদ্দীন তানভীরকে কারণ দর্শানোর নোটিশ দিয়ে সাময়িক অব্যাহতি দেয় এনসিপি। গত শুক্রবার এনসিপির দপ্তর সেলের সদস্য সাদিয়া ফারজানা দিনা স্বাক্ষরিত এক নোটিশে জানানো হয়, কেন্দ্রীয় আহ্বায়ক মো. নাহিদ ইসলাম ও সদস্যসচিব আখতার হোসেনের নির্দেশে তানভীরকে সাংগঠনিক দায়িত্ব থেকে সাময়িকভাবে অব্যাহতি দেওয়া হয়েছে।
নোটিশে বলা হয়, তার বিরুদ্ধে গঠনতন্ত্র অনুযায়ী স্থায়ী সাংগঠনিক ব্যবস্থা কেন নেওয়া হবে না, সে বিষয়ে আগামী দুই কার্যদিবসের মধ্যে লিখিত ব্যাখ্যা ও তথ্যপ্রমাণ কেন্দ্রীয় শৃঙ্খলা কমিটির কাছে জমা দিতে হবে।
উল্লেখ্য, এর আগে ২০২৫ সালের ২১ এপ্রিল সরকারি চাকরিতে নিয়োগে অনিয়ম এবং পাঠ্যবই ছাপার কাগজে কমিশন-বাণিজ্যের অভিযোগ ওঠায় গাজী সালাউদ্দীনকে সাময়িক অব্যাহতি দেওয়া হয়েছিল। পরে তিনি ফের এনসিপির রাজনীতিতে যুক্ত হন
প্রকাশক - শেখ রবিউল ইসলাম রবি, সম্পাদক - মোঃ আনিসুর রহমান, বার্তা সম্পাদক - শারীদ মোল্লা। অস্থায়ী প্রধান কার্যালয় - সোনারগাঁ,নারায়ণগঞ্জ, ঢাকা -বাংলাদেশ। Reg : TL-1061, fb: daily nayakontho, e-mail :[email protected], [email protected],web:www.dailynayakontho.com,
কপিরাইট © প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত | দৈনিক নয়া কন্ঠ | Developed by UNIKBD.COM