মোস্তাফিজুর রহমান লিটন রাজশাহী ব্যুরোঃ
রাজশাহীতে নর্দান ইলেকট্রিসিটি সাপ্লাই পিএলসি (নেসকো)-এর প্রধান কার্যালয় রাজশাহী থেকে বগুড়ায় স্থানান্তরের প্রস্তাবের প্রতিবাদে মানববন্ধন ও স্মারকলিপি প্রদান কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। সোমবার (৩ আগস্ট) বিকেল ৪টা ৫০ মিনিট থেকে ৫টা ৫০ মিনিট পর্যন্ত রাজশাহী মহানগরীর বোয়ালিয়া মডেল থানাধীন সাহেব বাজার জিরো পয়েন্টে সচেতন রাজশাহীবাসীর উদ্যোগে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে উপস্থিত ছিলেন রাজশাহী-২ আসনের ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের স্বতন্ত্র সংসদ সদস্য প্রার্থী মো. সালেহ আহমেদ, নিরাপদ সড়ক চাই (নিসচা) রাজশাহী জেলা শাখার সহ-সভাপতি ওলিউর রহমান বাবু, সচেতন রাজশাহীবাসী মোঃ রঞ্জন আহমেদ এবং এস এম জহুরুল হকসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।
বক্তারা বলেন, নেসকোর প্রধান কার্যালয় রাজশাহী থেকে বগুড়ায় স্থানান্তরের প্রস্তাব রাজশাহীবাসীর মধ্যে গভীর উদ্বেগ, ক্ষোভ ও হতাশার সৃষ্টি করেছে। তাদের মতে, নেসকোর প্রধান কার্যালয় রাজশাহীতে প্রতিষ্ঠিত হওয়ার মাধ্যমে এ অঞ্চলের প্রশাসনিক, অর্থনৈতিক ও অবকাঠামোগত উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। প্রধান কার্যালয় অন্যত্র সরিয়ে নেওয়া হলে রাজশাহীর প্রশাসনিক গুরুত্ব কমে যাবে এবং কর্মসংস্থান, ব্যবসা-বাণিজ্য, বিনিয়োগ ও সেবা কার্যক্রমে নেতিবাচক প্রভাব পড়বে।
বক্তারা আরও বলেন, রাজশাহী উত্তরাঞ্চলের একটি গুরুত্বপূর্ণ প্রশাসনিক ও শিক্ষানগরী। এ শহরে নেসকোর প্রধান কার্যালয় থাকার যৌক্তিকতা ও প্রয়োজনীয়তা রয়েছে। তাই কোনো ধরনের স্থানান্তরের উদ্যোগ গ্রহণ না করে প্রধান কার্যালয় রাজশাহীতেই বহাল রাখার দাবি জানান তারা। একই সঙ্গে এ বিষয়ে গৃহীত সব ধরনের প্রস্তাব অবিলম্বে বাতিলের আহ্বান জানান।
মানববন্ধনে অংশগ্রহণকারীরা বলেন, নেসকোর প্রধান কার্যালয় স্থানান্তরের সিদ্ধান্ত বাস্তবায়নের চেষ্টা করা হলে বৃহত্তর রাজশাহীর মানুষ আরও কঠোর কর্মসূচি দিতে বাধ্য হবেন।
এর আগে একই দাবিতে নেসকো রাজশাহীর ব্যবস্থাপনা পরিচালকের মাধ্যমে মাননীয় প্রধানমন্ত্রীর বরাবর একটি স্মারকলিপি প্রদান করা হয়। স্মারকলিপিতে নেসকোর প্রধান কার্যালয় রাজশাহীতেই বহাল রেখে স্থানান্তরের সব ধরনের উদ্যোগ বাতিলের দাবি জানানো হয়।
মানববন্ধনটি শান্তিপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত হয় এবং শেষে উপস্থিত সবাই রাজশাহীর স্বার্থ রক্ষায় ঐক্যবদ্ধ থাকার প্রত্যয় ব্যক্ত করেন।
প্রতিষ্ঠাতা - শেখ রবিউল ইসলাম রবি, সম্পাদক - মোঃ আনিসুর রহমান, বার্তা সম্পাদক - শারীদ মোল্লা, অস্থায়ী প্রধান কার্যালয় - সোনারগাঁ,নারায়ণগঞ্জ, ঢাকা -বাংলাদেশ,
Reg : TL-1061, fb: daily nayakontho, e-mail :dailynayakontho@gmail.com, dailynayakonthonews@gmail.com, web:www.dailynayakontho.com.
কপিরাইট © প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত | দৈনিক নয়া কন্ঠ | Developed by UNIKBD.COM