মোস্তাফিজুর রহমান লিটন রাজশাহী ব্যুরোঃ
রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) ফারসি ভাষা ও সাহিত্য বিভাগের উদ্যোগে ইরানের প্রখ্যাত আধুনিক কবি মোহাম্মদ হোসাইন শাহরিয়ারের সাহিত্যকর্ম, নৈতিক ও মানবিক দর্শন নিয়ে এক আন্তর্জাতিক সেমিনার এবং ফারসি সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে ইসলামী প্রজাতন্ত্র ইরানের কালচারাল কাউন্সিলর মাহদি গোলামি আনাবি প্রধান অতিথি হিসেবে অংশগ্রহণ করেন।
সোমবার (৩ আগস্ট) সকাল ১০টা থেকে দুপুর ১২টা ৩০ মিনিট পর্যন্ত বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে অনুষ্ঠিত "ইরানের বিখ্যাত আধুনিক কবি মোহাম্মদ হোসাইন শাহরিয়ারের কবিতার নৈতিক ও মানবিক চেতনা" শীর্ষক এ সেমিনারে শিক্ষক-শিক্ষার্থী, গবেষক ও সংস্কৃতিমনা ব্যক্তিরা অংশ নেন। কালচারাল কাউন্সিলর মাহদি গোলামি আনাবি সকাল ৯টা ৪০ মিনিটে বিশ্ববিদ্যালয়ে পৌঁছে অনুষ্ঠানে যোগ দেন।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ফারসি ভাষা ও সাহিত্য বিভাগের সভাপতি ড. তাহমিনা বেগম। প্রধান অতিথির বক্তব্যে মাহদি গোলামি আনাবি বলেন, সাহিত্য মানুষের হৃদয়, সংস্কৃতি ও মানবিক মূল্যবোধকে এক সুতোয় গেঁথে রাখে। কবি মোহাম্মদ হোসাইন শাহরিয়ারের রচনায় মানবতা, নৈতিকতা, প্রেম, সম্প্রীতি ও সামাজিক দায়বদ্ধতার যে বার্তা উঠে এসেছে, তা আজও বিশ্ববাসীর জন্য সমানভাবে প্রাসঙ্গিক।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মোঃ ফরিদুল ইসলাম, উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ড. মোঃ আব্দুল আলিম এবং উপ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক ড. মামুনুর রশীদ। এছাড়াও ফারসি ভাষা ও সাহিত্য বিভাগের অধ্যাপক ড. কামাল উদ্দিনসহ বিভাগের শিক্ষক, শিক্ষার্থী এবং আমন্ত্রিত অতিথিরা উপস্থিত ছিলেন।
বক্তারা তাদের আলোচনায় ইরানের জাতীয় কবি মোহাম্মদ হোসাইন শাহরিয়ারের সাহিত্যকর্মের নৈতিক ও মানবিক দিক, বাংলা ও ফারসি সাহিত্যের ঐতিহাসিক সম্পর্ক এবং বাংলাদেশ-ইরান সাংস্কৃতিক সহযোগিতা আরও জোরদারের গুরুত্ব তুলে ধরেন। তারা বলেন, ভাষা ও সাহিত্য দুই দেশের মানুষের পারস্পরিক বোঝাপড়া, বন্ধুত্ব এবং সাংস্কৃতিক বিনিময়কে আরও সমৃদ্ধ করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে।
সেমিনার শেষে ফারসি সাংস্কৃতিক অনুষ্ঠানে ইরানি সংস্কৃতি ও ঐতিহ্যভিত্তিক পরিবেশনা অনুষ্ঠিত হয়, যা উপস্থিত দর্শকদের মুগ্ধ করে।
প্রকাশক - শেখ রবিউল ইসলাম রবি, সম্পাদক - মোঃ আনিসুর রহমান, বার্তা সম্পাদক - শারীদ মোল্লা। অস্থায়ী প্রধান কার্যালয় - সোনারগাঁ,নারায়ণগঞ্জ, ঢাকা -বাংলাদেশ। Reg : TL-1061, fb: daily nayakontho, e-mail :[email protected], [email protected],web:www.dailynayakontho.com,
কপিরাইট © প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত | দৈনিক নয়া কন্ঠ | Developed by UNIKBD.COM