রাজবাড়ীর পাংশা উপজেলায় সংবাদ সংগ্রহকালে সাংবাদিকের ওপর হামলা, আহত অন্তত ১০
স্টাফ রিপোর্টার: মিজানুর রহমান
রাজবাড়ীর পাংশা পৌর শহরের মৈশালা বাসস্ট্যান্ডে সংবাদ সংগ্রহ করতে গিয়ে হামলার শিকার হয়েছেন এক সাংবাদিক। শনিবার সন্ধ্যা ৬টার দিকে এ ঘটনা ঘটে। এ সময় সংঘর্ষে সাংবাদিকসহ অন্তত ১০ জন আহত হয়েছেন বলে অভিযোগ পাওয়া গেছে।
হামলার শিকার সাংবাদিক মো. আকাশ মাহমুদ দৈনিক কালের কণ্ঠ-এর রাজবাড়ী জেলা (মাল্টিমিডিয়া) রিপোর্টার এবং এনপিবি রাজবাড়ী জেলা প্রতিনিধি।
প্রত্যক্ষদর্শী ও আহতদের ভাষ্য অনুযায়ী, গত বৃহস্পতিবার এইচএসসি পরীক্ষার্থীদের সঙ্গে কয়েকজন ইজিবাইক চালকের দুর্ব্যবহারের অভিযোগকে কেন্দ্র করে শনিবার বিকেলে ছাত্রপ্রতিনিধিরা মৈশালা বাসস্ট্যান্ড এলাকায় চালকদের সঙ্গে কথা বলতে যান। একপর্যায়ে উভয় পক্ষের মধ্যে বাকবিতণ্ডা শুরু হলে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। এ সময় সংবাদ সংগ্রহের জন্য ঘটনাস্থলে উপস্থিত সাংবাদিক আকাশ মাহমুদ ভিডিও ধারণ করছিলেন। অভিযোগ রয়েছে, কয়েকজন তাকে লক্ষ্য করে হামলা চালায়, তার ব্যবহৃত মোবাইল ফোন থেকে ধারণকৃত ভিডিও মুছে ফেলে এবং মারধর করে। পরে স্থানীয়দের সহায়তায় তিনি সেখান থেকে সরে গিয়ে চিকিৎসা নেন।
আহত ছাত্রপ্রতিনিধি সাগর শিকদার দাবি করেন, মৈশালা-লাঙ্গলবাধ সড়কে চলাচলকারী ইজিবাইক চালকদের একটি চক্রের বিরুদ্ধে দীর্ঘদিন ধরে নানা অভিযোগ রয়েছে। বৃহস্পতিবারের ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর বিষয়টি নিয়ে কথা বলতে গেলে তাদের ওপর হামলা চালানো হয়। এতে সাংবাদিকসহ ১০ থেকে ১২ জন আহত হন।
এ বিষয়ে পাংশা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মঈনুল ইসলাম বলেন, ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। আহত সাংবাদিক চিকিৎসাধীন রয়েছেন। লিখিত অভিযোগ পেলে তদন্ত করে জড়িতদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। সাংবাদিকের ওপর হামলার ঘটনায় স্থানীয় সাংবাদিকরা নিন্দা জানিয়ে দ্রুত হামলাকারীদের শনাক্ত, গ্রেপ্তার এবং দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।
প্রকাশক - শেখ রবিউল ইসলাম রবি, সম্পাদক - মোঃ আনিসুর রহমান, বার্তা সম্পাদক - শারীদ মোল্লা। অস্থায়ী প্রধান কার্যালয় - সোনারগাঁ,নারায়ণগঞ্জ, ঢাকা -বাংলাদেশ। Reg : TL-1061, fb: daily nayakontho, e-mail :[email protected], [email protected],web:www.dailynayakontho.com,
কপিরাইট © প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত | দৈনিক নয়া কন্ঠ | Developed by UNIKBD.COM