বিএফআইডিসির চেয়ারম্যান হলেন মোসাদ্দেক হোসেন বুলবুল ।
রাজশাহী ব্যুরো
রাজশাহী মহানগর বিএনপির সভাপতি ও সাবেক মেয়র মোসাদ্দেক হোসেন বুলবুল বাংলাদেশ বনশিল্প উন্নয়ন কর্পোরেশন (বিএফআইডিসি)-এর চেয়ারম্যান হিসেবে পদায়িত হয়েছেন।
বাংলাদেশ বনশিল্প উন্নয়ন কর্পোরেশন (BFIDC) দেশের বনজ সম্পদ আহরণ, রাবার চাষ এবং বনভিত্তিক শিল্প উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে। সংস্থাটি সংরক্ষিত বনাঞ্চল থেকে বৈজ্ঞানিক ও যান্ত্রিক পদ্ধতিতে টেকসই উপায়ে কাঠ আহরণ করে। সংগৃহীত কাঠের গুণগত মান ও স্থায়িত্ব নিশ্চিত করতে আধুনিক প্রযুক্তির মাধ্যমে সিজনিং ও ট্রিটমেন্ট করা হয়।
পরিবেশবান্ধব শিল্পায়নের অংশ হিসেবে বিএফআইডিসি নরম কাঠ এবং কাঠের বর্জ্য ব্যবহার করে পার্টিকল বোর্ড, প্লাইউড, ভিনিয়ার বোর্ডসহ বিভিন্ন বিকল্প কাঠজাত পণ্য উৎপাদন করে। এসব পণ্য নির্মাণ ও আসবাব শিল্পে গুরুত্বপূর্ণ অবদান রাখছে।
কৃষি ও শিল্প উন্নয়নের লক্ষ্যে সংস্থাটি দেশের পাহাড়ি ও পতিত জমিতে রাবার বাগান সৃষ্টি করে কাঁচা রাবার উৎপাদন ও বিপণনের কার্যক্রম পরিচালনা করে। পাশাপাশি রাবার গাছের কাঠ এবং অন্যান্য বনজ সম্পদ ব্যবহার করে পরিবেশবান্ধব ও টেকসই আসবাবপত্র, বৈদ্যুতিক খুঁটিসহ বিভিন্ন শিল্পপণ্য উৎপাদন করা হয়।
এছাড়া বনভিত্তিক আধুনিক শিল্প ইউনিট স্থাপন, উৎপাদন সক্ষমতা বৃদ্ধি এবং সাধারণ মানুষের কাছে মানসম্পন্ন বনজ পণ্য সহজলভ্য করতে বিএফআইডিসি দেশের বিভিন্ন স্থানে নিজস্ব শোরুম পরিচালনা করছে।
সংশ্লিষ্টরা মনে করছেন, নতুন চেয়ারম্যান মোসাদ্দেক হোসেনের নেতৃত্বে বাংলাদেশ বনশিল্প উন্নয়ন কর্পোরেশন বনজ সম্পদের টেকসই ব্যবস্থাপনা, রাবার শিল্পের সম্প্রসারণ এবং পরিবেশবান্ধব শিল্পায়নের মাধ্যমে দেশের অর্থনৈতিক উন্নয়নে আরও কার্যকর ভূমিকা রাখতে সক্ষম হবে।
প্রকাশক - শেখ রবিউল ইসলাম রবি, সম্পাদক - মোঃ আনিসুর রহমান, বার্তা সম্পাদক - শারীদ মোল্লা। অস্থায়ী প্রধান কার্যালয় - সোনারগাঁ,নারায়ণগঞ্জ, ঢাকা -বাংলাদেশ। Reg : TL-1061, fb: daily nayakontho, e-mail :[email protected], [email protected],web:www.dailynayakontho.com,
কপিরাইট © প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত | দৈনিক নয়া কন্ঠ | Developed by UNIKBD.COM