
ইউএনও, মনিষা রানী কর্মকারের অভিযান; শিবালয়ে যত্রতত্র পার্কিং ও ফিটনেসবিহীন গাড়ির বিরুদ্ধে
মোমিন শেখ:
মানিকগঞ্জের শিবালয় উপজেলার বরঙ্গাইল মোড়ে যত্রতত্র গাড়ি পার্কিং, রুট পারমিট ও ফিটনেসবিহীন যানবাহন সড়কে চলাচল এবং মহাসড়কে দুর্ঘটনা প্রতিরোধে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়েছে।
বুধবার (২২ জুলাই) সড়ক পরিবহন আইন, ২০১৮ অনুযায়ী পরিচালিত এ মোবাইল কোর্টে বিভিন্ন অনিয়মের দায়ে কয়েকটি যানবাহনের বিরুদ্ধে আইনানুগত ব্যবস্থা নেওয়া হয়। এ সময় সড়ক পরিবহন আইনের বিভিন্ন ধারায় সংশ্লিষ্টদের অর্থদণ্ড ও কারাদণ্ড প্রদান করা হয়।
মোবাইল কোর্ট পরিচালনার সময় যত্রতত্র গাড়ি পার্কিং না করা, বৈধ রুট পারমিট ও ফিটনেস সনদ ছাড়া যানবাহন সড়কে না নামানো এবং সড়ক পরিবহন আইন মেনে চলার বিষয়ে চালক ও সংশ্লিষ্টদের সতর্ক করা হয়।
এ বিষয়ে শিবালয় উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও), মনিষা রানী কর্মকার বলেন, সড়কে শৃঙ্খলা ফিরিয়ে আনা এবং দুর্ঘটনা প্রতিরোধে আইন অনুযায়ী নিয়মিত অভিযান পরিচালনা করা হবে। রুট পারমিট ও ফিটনেসবিহীন যানবাহন চলাচল এবং যত্রতত্র পার্কিংয়ের বিরুদ্ধে আইনানুগত ব্যবস্থা নেওয়া হবে। জননিরাপত্তার স্বার্থে সবাইকে সড়ক পরিবহন আইন মেনে চলার আহ্বান জানাচ্ছি।