নীলফামারীতে ২০২৫ সালের প্রশ্নে পরীক্ষা নেওয়ার ঘটনায় ট্যাগ অফিসারকে অব্যাহতি
মোঃ সবুজ মিয়া, স্টাফ রিপোর্টার:
নীলফামারীর কিশোরগঞ্জে এইচএসসি পরীক্ষায় শিক্ষার্থীদের ২০২৫ সালের প্রশ্নপত্রে পরীক্ষা নেওয়ার ঘটনায় দায়িত্বে অবহেলার দায়ে কেন্দ্রটির তদারকি কর্মকর্তা (ট্যাগ অফিসার) ফিরোজুল আলমকে অব্যাহতি দেওয়া হয়েছে। একইসঙ্গে ওই কেন্দ্রের কেন্দ্র সচিব ও বড়ভিটা স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ বাদশা আলমগীরকে পরীক্ষাকেন্দ্রের যাবতীয় দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়ার জন্য দিনাজপুর শিক্ষা বোর্ডে চিঠি পাঠিয়েছেন জেলা প্রশাসক।
বৃহস্পতিবার (২৩ জুলাই) দুপুরে জেলা প্রশাসনের অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মো. মেহেদী মোর্শেদ বিষয়টি সংবাদ মাধ্যমকে নিশ্চিত করেন।
জানা যায়, গত রোববার (১৯ জুলাই) কিশোরগঞ্জ উপজেলার বড়ভিটা স্কুল অ্যান্ড কলেজ কেন্দ্রে এইচএসসি পরীক্ষার 'ইতিহাস ১ম পত্র' শুরু হয়। সকাল ১০টায় পরীক্ষা শুরু হওয়ার সময় পরীক্ষার্থীদের ২০২৬ সালের পরিবর্তে ভুলবশত ২০২৫ সালের প্রশ্নপত্র সরবরাহ করা হয়। শিক্ষার্থীরা প্রায় এক ঘণ্টা ৪৫ মিনিট সেই ভুল প্রশ্নপত্রেই পরীক্ষা দেন। বেলা ১১টা ৪৫ মিনিটে বিষয়টি কেন্দ্র কর্তৃপক্ষের নজরে আসলে তাৎক্ষণিকভাবে পরীক্ষা স্থগিত করা হয়। এরপর সঠিক প্রশ্নপত্র বিতরণ করে অতিরিক্ত সময়ের মাধ্যমে দুপুর ২টা ২০ মিনিট পর্যন্ত পরীক্ষা নেওয়া হয়।
ভুল প্রশ্নে পরীক্ষা নেওয়ার ঘটনা জানাজানি হলে উপজেলাজুড়ে চাঞ্চল্যের সৃষ্টি হয়।
বিষয়টি আমলে নিয়ে কিশোরগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আরিফুর রহমান ওই কেন্দ্রে দায়িত্বরত তত্ত্বাবধায়ক কর্মকর্তা ও সহকারী প্রাথমিক শিক্ষা কর্মকর্তা ফিরোজুল আলমকে অব্যাহতি দেন। পাশাপাশি ঘটনা তদন্তে তিন সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়। কমিটি গত মঙ্গলবার তাদের তদন্ত প্রতিবেদন দাখিল করে।
কিশোরগঞ্জ ইউএনও আরিফুর রহমান জানান, তদন্ত শেষে প্রতিবেদনটি সংশ্লিষ্ট উচ্চপদস্থ কর্তৃপক্ষের কাছে প্রেরণ করা হয়েছে।
জেলা প্রশাসনের অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মো. মেহেদী মোর্শেদ জানান, দায়িত্বে গাফিলতির দায়ে ট্যাগ অফিসারকে ইতিপূর্বেই অব্যাহতি দেওয়া হয়েছে। কেন্দ্র সচিব বাদশা আলমগীরের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা হিসেবে তাকে কেন্দ্রের দায়িত্ব থেকে সরিয়ে সেখানে কলেজের সহকারী অধ্যক্ষকে স্থলাভিষিক্ত করার জন্য শিক্ষা বোর্ডে সুপারিশ পাঠানো হয়েছে।
প্রকাশক - শেখ রবিউল ইসলাম রবি, সম্পাদক - মোঃ আনিসুর রহমান, বার্তা সম্পাদক - শারীদ মোল্লা। অস্থায়ী প্রধান কার্যালয় - সোনারগাঁ,নারায়ণগঞ্জ, ঢাকা -বাংলাদেশ। Reg : TL-1061, fb: daily nayakontho, e-mail :[email protected], [email protected],web:www.dailynayakontho.com,
কপিরাইট © প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত | দৈনিক নয়া কন্ঠ | Developed by UNIKBD.COM