
নজরুল ইসলাম, লামা (বান্দরবান) প্রতিনিধিঃ
সাম্প্রতিক বন্যার প্রভাবে বান্দরবানের লামা উপজেলার কাঁচাবাজারে নিত্যপ্রয়োজনীয় পণ্যের দামে ঊর্ধ্বগতি দেখা দিয়েছে। স্থানীয় কৃষিজমির অনেক সবজি বন্যার পানিতে নষ্ট হয়ে যাওয়ায় বাজারে সরবরাহ কমেছে। ফলে চাহিদার তুলনায় যোগান কম থাকায় বেড়েছে দাম।
এর আগে উপজেলার বিভিন্ন সবজি চাষকৃত এলাকা ঘুরে দেখা গেছে, বন্যার পানিতে তিত করলা, চিচিঙ্গা ও অন্যান্য মৌসুমি সবজির ক্ষেত ব্যাপক ক্ষতির মুখে পড়েছে। অনেক কৃষক তাদের উৎপাদিত ফসল হারিয়ে আর্থিক ক্ষতির সম্মুখীন হয়েছেন। সেই ক্ষতির প্রভাব এখন বাজারেও পড়তে শুরু করেছে।
বাজার ঘুরে দেখা যায়, প্রতি কেজি ব্রয়লার মুরগি ১৮০ টাকা, দেশি মুরগি ৫০০ টাকা, কাঁচা মরিচ ২০০ টাকা, টমেটো ১৬০ টাকা, বিভিন্ন ধরনের সবজি ৮০ থেকে ১০০ টাকা, শসা ১৪০ টাকা দরে বিক্রি হচ্ছে। মাছের বাজারে লইট্যা মাছ ২৫০ টাকা, পাঙ্গাশ ১৮০ টাকা এবং নাইলেটিয়া মাছ ২৪০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে।
খুচরা সবজি বিক্রেতারা বলেন, বন্যার কারণে সবজির যোগান কমে গেছে। চাহিদা বেশি থাকায় পাইকারি বাজার থেকেই বেশি দামে সবজি কিনতে হচ্ছে। তাই বাধ্য হয়ে খুচরা বাজারেও বেশি দামে বিক্রি করতে হচ্ছে।
সাধারণ কর্মজীবী ক্রেতারা বলেন, "আমরা গরিব মানুষ। এত দামে তরকারি কেনা আমাদের পক্ষে প্রায় অসম্ভব। মাছ-মাংস তো দূরের কথা, এখন সবজি কিনে খাওয়াও কষ্টসাধ্য হয়ে পড়েছে।"
এ বিষয়ে উপজেলা কৃষি বিপণন কর্মকর্তা জনাব বোরহান উদ্দিন বলেন, "সাম্প্রতিক বন্যার কারণে বাজারে কৃষিপণ্যের সরবরাহে প্রভাব পড়েছে। এ কারণে কিছু নিত্যপণ্যের দাম বেড়েছে। পরিস্থিতি পুরোপুরি স্বাভাবিক হতে আরও কিছু সময় লাগবে।"
বন্যার ক্ষতি শুধু কৃষকের ক্ষেতেই সীমাবদ্ধ নয়, এর প্রভাব এখন সাধারণ মানুষের বাজার ও রান্নাঘরেও পৌঁছেছে। বাজার পরিস্থিতি স্বাভাবিক হওয়ার অপেক্ষায় রয়েছেন কৃষক, ব্যবসায়ী ও ভোক্তারা।
প্রকাশক - শেখ রবিউল ইসলাম রবি, সম্পাদক - মোঃ আনিসুর রহমান, বার্তা সম্পাদক - শারীদ মোল্লা। অস্থায়ী প্রধান কার্যালয় - সোনারগাঁ,নারায়ণগঞ্জ, ঢাকা -বাংলাদেশ। Reg : TL-1061, fb: daily nayakontho, e-mail :[email protected], [email protected],web:www.dailynayakontho.com,
কপিরাইট © প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত | দৈনিক নয়া কন্ঠ | Developed by UNIKBD.COM