মোস্তাফিজুর রহমান লিটনঃ
জ্বালানি তেলের সংকট নিয়ে ছড়িয়ে পড়া গুজব ও বিভ্রান্তিকর তথ্যের জেরে মঙ্গলবার বিকাল থেকে রাজশাহী জেলার বিভিন্ন পেট্রোল পাম্পে ব্যাপক ভিড়ের সৃষ্টি হয়েছে। বিশেষ করে মোটরসাইকেল চালক ও ব্যক্তিগত গাড়ির মালিকদের মধ্যে অতিরিক্ত জ্বালানি সংগ্রহের প্রবণতা দেখা যাওয়ায় পরিস্থিতি সামাল দিতে জরুরি জনসচেতনতামূলক বিজ্ঞপ্তি জারি করেছে জেলা প্রশাসন, রাজশাহী।
জেলা প্রশাসনের বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, রাজশাহী জেলায় জ্বালানি তেলের পর্যাপ্ত মজুদ রয়েছে এবং সরবরাহ ব্যবস্থা সম্পূর্ণ স্বাভাবিক রয়েছে। তাই কোনো ধরনের গুজব বা বিভ্রান্তিকর তথ্যের ভিত্তিতে অতিরিক্ত জ্বালানি তেল ক্রয় বা মজুদ না করার জন্য সকলের প্রতি বিশেষ অনুরোধ জানানো হয়েছে।
এদিকে, গুজবের প্রভাব সবচেয়ে বেশি দেখা গেছে রাজশাহী মহানগরীর বিভিন্ন ফিলিং স্টেশনে। মঙ্গলবার রাত থেকেই অনেক মোটরসাইকেল চালক সম্ভাব্য তেলের সংকটের আশঙ্কায় এক পাম্প থেকে আরেক পাম্পে ঘুরে তেল সংগ্রহের চেষ্টা করেন।
রুয়েট গেটের সামনে অবস্থিত নয়ান ফিলিং স্টেশনে মঙ্গলবার রাত সাড়ে ১১টার দিকে ৫০ জনেরও বেশি বাইকারকে তেলের অপেক্ষায় থাকতে দেখা যায়। রাত সোয়া ১২টার দিকে সেখানে এখনও ১৫ থেকে ২০ জন বাইকার লাইনে ছিলেন। ফিলিং স্টেশনটির কর্মীরা জানান, রাত ৮টার পর থেকেই পাম্পে ক্রেতাদের চাপ অস্বাভাবিকভাবে বেড়ে যায়। এভাবে চলতে থাকলে রাত ২টা পর্যন্ত তেল সরবরাহ করতে হতে পারে।
শুধু মোটরসাইকেল নয়, রাত সোয়া ১২টার দিকে ওই পাম্পে ১০ থেকে ১২টি ব্যক্তিগত গাড়িকেও তেলের জন্য অপেক্ষা করতে দেখা গেছে।
অন্যদিকে, নগরীর কুমারপাড়ার গুল গফুর ফিলিং স্টেশন এবং সাগরপাড়ার আফরিন ফিলিং স্টেশনে রাতে নিয়মিত বিক্রি বন্ধ থাকায় সেগুলো বন্ধই ছিল। সংশ্লিষ্টরা জানিয়েছেন, বুধবার সকাল থেকে তারা স্বাভাবিকভাবে জ্বালানি বিক্রি শুরু করবেন।
জেলা প্রশাসন ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষ সাধারণ মানুষের প্রতি গুজবে কান না দিয়ে প্রয়োজন অনুযায়ী জ্বালানি সংগ্রহের আহ্বান জানিয়েছে। একই সঙ্গে তারা আশ্বস্ত করেছেন, জ্বালানি সরবরাহে কোনো ধরনের সংকট নেই এবং পরিস্থিতি সম্পূর্ণ স্বাভাবিক রয়েছে। সকাল থেকে জেলা প্রশাসন প্রচার অভিযান চালিয়ে যাচ্ছে।
প্রকাশক - শেখ রবিউল ইসলাম রবি, সম্পাদক - মোঃ আনিসুর রহমান, বার্তা সম্পাদক - শারীদ মোল্লা। অস্থায়ী প্রধান কার্যালয় - সোনারগাঁ,নারায়ণগঞ্জ, ঢাকা -বাংলাদেশ। Reg : TL-1061, fb: daily nayakontho, e-mail :[email protected], [email protected],web:www.dailynayakontho.com,
কপিরাইট © প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত | দৈনিক নয়া কন্ঠ | Developed by UNIKBD.COM