
নজরুল ইসলাম, লামা (বান্দরবান) প্রতিনিধিঃ
বান্দরবানের লামা পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডের চেয়ারম্যান পাড়ায় এক যুবক গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন। বুধবার (২২ জুলাই) রাত আনুমানিক ১২টা ২০ মিনিটে আনোয়ারার ভাড়াবাসায় এ ঘটনা ঘটে।
নিহত যুবকের নাম মো. হাসান (২৫)। তিনি চট্টগ্রামের পটিয়া উপজেলার কোলাগাঁও টেক এলাকার বাসিন্দা হলেও বর্তমানে লামা পৌরসভার চেয়ারম্যান পাড়ায় ভাড়াটিয়া হিসেবে বসবাস করতেন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, হাসানের ছোট বোন পরিবারের অজান্তে একই এলাকার এক যুবকের সঙ্গে পালিয়ে গিয়ে বিয়ে করেন। এ ঘটনায় মানসিকভাবে ভেঙে পড়ে রাগ ও অভিমানে নিজ বসতঘরের বাঁশের আড়ার সঙ্গে ওড়না পেঁচিয়ে গলায় ফাঁস দেন বলে প্রাথমিকভাবে জানা গেছে।
খবর পেয়ে লামা থানার এসআই (নিঃ) মো. নাজমুল কবির সঙ্গীয় ফোর্স নিয়ে ঘটনাস্থলে পৌঁছে লাশের সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করেন। পরে ময়নাতদন্তের জন্য মরদেহ বান্দরবান সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়।
পুলিশ জানায়, ঘটনাটি আত্মহত্যা বলেই প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। তবে ময়নাতদন্তের প্রতিবেদন ও তদন্ত শেষে মৃত্যুর প্রকৃত কারণ সম্পর্কে নিশ্চিত হওয়া যাবে।