চাঁপাইনবাবগঞ্জে ৫৩ বিজিবির উদ্যোগে বিনামূল্যে চিকিৎসা ও ওষুধ প্রদান
মোঃ আবু সুফিয়ান চাঁপাইনবাবগঞ্জ ঃ
সীমান্তের নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি সীমান্তবাসীর কল্যাণে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সর্বদা মানবিক দায়িত্ব পালন করে আসছে| সেই ধারাবাহিকতায় অদ্য ২১ জুলাই ২০২৬ তারিখ ০৯০০ ঘটিকায় চাঁপাইনবাবগঞ্জ ব্যাটালিয়ন (৫৩ বিজিবি) এর উদ্যোগে ও নিজস্ব অর্থায়নে চাঁপাইনবাবগঞ্জ জেলার সদর উপজেলার নারায়নপুর ইউনিয়নের মাহমুদা মতিউল্লাহ উচ্চ বিদ্যালয়ের মাঠে সীমান্তবর্তী দুর্গম চরাঞ্চলের অসহায়, দুস্থ ও সুবিধাবঞ্চিত জনগণের জন্য একটি মেডিকেল ক্যাম্পেইন ও বিনামূল্যে ঔষধ বিতরণ করা হয়| এছাড়াও উক্ত মেডিকেল ক্যাম্পেইনে ভেটেরিনারী ডাক্তারের মাধ্যমে স্থানীয় গবাদি পশুর চিকিৎসা সেবা প্রদান করা হয়|
এই মানবিক উদ্যোগ সীমান্তবর্তী জনগণের মাঝে ব্যাপক সাড়া ফেলে এবং বিজিবির প্রতি তাদের আস্থা ও বিশ্বাস আরও সুদৃঢ় করবে| দেশের সীমান্ত রক্ষার পাশাপাশি জনকল্যাণমূলক কর্মকান্ডের মাধ্যমে বিজিবি যে সর্বদা সীমান্তবাসীর পাশে রয়েছে, এই মেডিকেল ক্যাম্পেইন তারই একটি উজ্জ্বল দৃষ্টান্ত| উক্ত মেডিকেল ক্যাম্পেইনের মাধ্যমে প্রায় ৭০০ জন অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষকে বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান এবং প্রয়োজনীয় ঔষধ বিতরণ করা হয়| এছাড়া ২০০ টি গবাদি পশুর চিকিৎসা সেবা প্রদান করা হয়|
সীমান্তবর্তী জনগণের চিকিৎসা সেবার এই ক্যাম্পেইনে বিজিবি রাজশাহী সেক্টরের মেডিকেল অফিসার, চাঁপাইনবাবগঞ্জ সদর হাসপাতালের ০২ জন নারী ও শিশু বিশেষজ্ঞ, চাঁপাইনবাবগঞ্জ চক্ষু হাসপাতালের ০১ জন চক্ষু বিশেষজ্ঞ, চাঁপাইনবাবগঞ্জ ব্যাটালিয়ন (৫৩ বিজিবি) ও মহানন্দা ব্যাটালিয়ন (৫৯ বিজিবি)-এ নিয়োজিত ০২ জন বেসামরিক চিকিৎসক এবং চাঁপাইনবাবগঞ্জ পশু হাসপাতালের ০১ জন ভেটেরিনারী ডাক্তারসহ মোট ০৮ জন চিকিৎসকের সমন্বয়ে গঠিত একটি বিশেষজ্ঞ চিকিৎসক দল এই স্বাস্থ্যসেবা প্রদান করেন| উক্ত ক্যাম্পেইনে চাঁপাইনবাবগঞ্জ ব্যাটালিয়ন (৫৩ বিজিবি) এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল কাজী মুস্তাফিজুর রহমান, পিএসসি, ৫৩ বিজিবি’র উপ-অধিনায়কসহ অন্যান্য পদবীধারী বিজিবি সদস্যগণ, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন|
প্রকাশক - শেখ রবিউল ইসলাম রবি, সম্পাদক - মোঃ আনিসুর রহমান, বার্তা সম্পাদক - শারীদ মোল্লা। অস্থায়ী প্রধান কার্যালয় - সোনারগাঁ,নারায়ণগঞ্জ, ঢাকা -বাংলাদেশ। Reg : TL-1061, fb: daily nayakontho, e-mail :[email protected], [email protected],web:www.dailynayakontho.com,
কপিরাইট © প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত | দৈনিক নয়া কন্ঠ | Developed by UNIKBD.COM