আরএমপির মাদকবিরোধী অভিযানে নারীসহ ৩ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার
হেরোইন, ইয়াবা ও মাদক বিক্রির নগদ অর্থ জব্দ; গ্রেপ্তারদের বিরুদ্ধে একাধিক মামলার তথ্য
মোস্তাফিজুর রহমান লিটন
রাজশাহী ব্যুরো
রাজশাহী মহানগরীতে পৃথক মাদকবিরোধী অভিযানে নারীসহ তিন মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে রাজশাহী মেট্রোপলিটন পুলিশের (আরএমপি) মহানগর গোয়েন্দা শাখা (ডিবি) ও পবা থানা পুলিশ। এ সময় তাদের কাছ থেকে হেরোইন, ইয়াবা ট্যাবলেট এবং মাদক বিক্রির নগদ অর্থ জব্দ করা হয়েছে।
পুলিশ সূত্রে জানা যায়, গত ২০ জুলাই ২০২৬ রাত আনুমানিক পৌনে ১১টার দিকে মহানগর গোয়েন্দা শাখা (ডিবি) রাজপাড়া থানার বহরমপুর এলাকায় বিশেষ মাদকবিরোধী অভিযান পরিচালনা করে। অভিযানে একই এলাকার রোকন উদ্দিনের ছেলে মোঃ সেন্টু মিয়া (৫৫) এবং তার স্ত্রী মিতা পারভীন (৪৫)-কে গ্রেপ্তার করা হয়। এ সময় তাদের হেফাজত থেকে বিক্রয়ের উদ্দেশ্যে রাখা ১ দশমিক ৫০ গ্রাম হেরোইন উদ্ধার করা হয়। পাশাপাশি মাদক বিক্রির নগদ ২ হাজার ৮৬০ টাকা জব্দ করা হয়।
অন্যদিকে, একই দিন রাত আনুমানিক পৌনে ৪টার দিকে পবা থানা পুলিশ পিল্লাপাড়া এলাকায় পৃথক অভিযান পরিচালনা করে। অভিযানে শাহমখদুম থানার নতুন ফুদকিপাড়া গ্রামের মৃত আজিজুল হকের ছেলে, বর্তমানে কাশিয়াডাঙ্গা থানার মোল্লাপাড়া এলাকার বাসিন্দা মোঃ হাসিবুল ইসলাম (৪৬)-কে গ্রেপ্তার করা হয়। তার হেফাজত থেকে বিক্রয়ের উদ্দেশ্যে রাখা ৬টি ইয়াবা ট্যাবলেট এবং মাদক বিক্রির নগদ ৬০০ টাকা উদ্ধার ও জব্দ করা হয়।
পুলিশ জানায়, গ্রেপ্তারকৃতদের অপরাধসংক্রান্ত পূর্বের রেকর্ড পর্যালোচনায় দেখা গেছে, হাসিবুল ইসলামের বিরুদ্ধে যমুনা সেতু পশ্চিম থানায় বিশেষ ক্ষমতা আইনে ২টি মামলাসহ আরএমপির বিভিন্ন থানায় পেনাল কোড, বিশেষ ক্ষমতা আইন ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে আরও ১১টি মামলা রয়েছে। সব মিলিয়ে তার বিরুদ্ধে মোট ১৩টি মামলা রয়েছে।
এছাড়া সেন্টু মিয়ার বিরুদ্ধে রাজশাহী মহানগরীর রাজপাড়া থানায় ৩টি এবং রাজশাহী জেলার গোদাগাড়ী থানায় ১টি মাদক মামলা রয়েছে। তার স্ত্রী মিতা পারভীনের বিরুদ্ধেও রাজপাড়া থানায় ১টি পেনাল কোড মামলা এবং ২টি মাদক মামলা বিচারাধীন রয়েছে বলে জানিয়েছে পুলিশ।
আরএমপি সূত্রে আরও জানানো হয়, গ্রেপ্তারকৃত তিন আসামির বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে পৃথক মামলা দায়ের করা হয়েছে। পরে তাদের বিজ্ঞ আদালতে সোপর্দ করা হলে আদালতের নির্দেশে জেলহাজতে পাঠানো হয়।
রাজশাহী মহানগর পুলিশ জানিয়েছে, মাদক নির্মূল ও মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে তাদের বিশেষ অভিযান অব্যাহত থাকবে এবং মাদকমুক্ত সমাজ গঠনে এ ধরনের অভিযান আরও জোরদার করা হবে।
প্রকাশক - শেখ রবিউল ইসলাম রবি, সম্পাদক - মোঃ আনিসুর রহমান, বার্তা সম্পাদক - শারীদ মোল্লা। অস্থায়ী প্রধান কার্যালয় - সোনারগাঁ,নারায়ণগঞ্জ, ঢাকা -বাংলাদেশ। Reg : TL-1061, fb: daily nayakontho, e-mail :[email protected], [email protected],web:www.dailynayakontho.com,
কপিরাইট © প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত | দৈনিক নয়া কন্ঠ | Developed by UNIKBD.COM