
নাগরিক মতামতেই হবে রাজশাহীর উন্নয়ন: রাসিক প্রশাসক
রাজশাহী ব্যুরো
বিশ্বব্যাংকের অর্থায়নে রাজশাহী সিটি করপোরেশনের (রাসিক) রিজিলিয়েন্ট আরবান অ্যান্ড টেরিটোরিয়াল ডেভেলপমেন্ট প্রজেক্ট (আরইউটিডিপি) আওতায় টাউন লেভেল কো-অর্ডিনেশন কমিটির (টিএলসিসি) সভা সোমবার নগর ভবনের সরিৎ দত্তগুপ্ত সভাকক্ষে অনুষ্ঠিত হয়েছে। সভায় সভাপতিত্ব করেন রাসিকের প্রশাসক মোঃ মাহফুজুর রহমান রিটন।
সভায় প্রশাসক বলেন, রাজশাহী নগরীর উন্নয়ন ও নাগরিক সেবা নিশ্চিত করতে সব শ্রেণি-পেশার মানুষের মতামতকে গুরুত্ব দিয়ে ভবিষ্যৎ উন্নয়ন পরিকল্পনা বাস্তবায়ন করা হবে। তিনি বলেন, অবকাঠামো উন্নয়ন, পরিচ্ছন্নতা, জলাবদ্ধতা নিরসন, ড্রেন পরিষ্কার এবং সবুজায়নসহ বিভিন্ন কার্যক্রম চলমান রয়েছে।
তিনি জানান, সোনাদিঘী মসজিদের সম্প্রসারণ, কেন্দ্রীয় উদ্যান ও শহীদ জিয়া শিশু পার্কের উন্নয়ন, গুলগোফুর পেট্রোল পাম্প থেকে সাহেববাজার সড়কের সংস্কার এবং রেলগেট বর্ণালী, তালাইমারী মোড় ও নওদাপাড়া আমচত্বরসহ নগরীর গুরুত্বপূর্ণ মোড়গুলো প্রশস্ত ও আধুনিকায়নের উদ্যোগ নেওয়া হবে। এছাড়া বিভিন্ন সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের সঙ্গে সমন্বয়ের মাধ্যমে মাঠপর্যায়ের সমস্যা চিহ্নিত করে নতুন প্রকল্প গ্রহণের কথাও জানান তিনি।
সভায় আরইউটিডিপি প্রকল্পের সার্বিক কার্যক্রম উপস্থাপন করেন রাসিকের তত্ত্বাবধায়ক প্রকৌশলী (ভারপ্রাপ্ত) আহমদ আল মঈন পরাগ। নগর পরিকল্পনাবিদ বনি আহসানের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় বিভিন্ন সরকারি দপ্তর, ব্যবসায়ী সংগঠন, গণমাধ্যম, সামাজিক ও পেশাজীবী সংগঠনের প্রতিনিধিরা অংশ নেন। তারা নগর উন্নয়ন ও নাগরিক সেবা নিশ্চিত করতে রাসিক প্রশাসনের বিভিন্ন উদ্যোগের প্রশংসা করেন এবং উন্নয়ন কার্যক্রমে প্রয়োজনীয় মতামত তুলে ধরেন।