মোস্তাফিজুর রহমান লিটন রাজশাহী ব্যুরোঃ
সমকালীন বাংলা সাহিত্যের বিশিষ্ট কথাশিল্পী, অনুবাদক, সাংবাদিক, জনস্বাস্থ্য গবেষক ও চিকিৎসক ডা. নাজিব ওয়াদুদ আজ (২০ জুলাই) ৬৬ বছরে পদার্পণ করেছেন। ১৯৬১ সালের এই দিনে রাজশাহী মহানগরীর উপকণ্ঠে শ্যামপুর গ্রামে তিনি জন্মগ্রহণ করেন। বহুমাত্রিক কর্মযজ্ঞ, সাহিত্যসাধনা, সাংবাদিকতা এবং চিকিৎসাসেবায় দীর্ঘদিনের অবদানের মাধ্যমে তিনি দেশের সাংস্কৃতিক অঙ্গনে একটি স্বতন্ত্র অবস্থান তৈরি করেছেন।
বাংলা কথাসাহিত্যে ডা. নাজিব ওয়াদুদ একজন স্বতন্ত্র কণ্ঠস্বর। বিশেষ করে বরেন্দ্র অঞ্চলের জনজীবন, ভাষা, সংস্কৃতি, ইতিহাস ও মানুষের জীবনসংগ্রাম তার সাহিত্যকর্মে গভীরভাবে প্রতিফলিত হয়েছে। আঞ্চলিক জীবন, লোকঐতিহ্য এবং মানবিক বোধকে আধুনিক শিল্পরীতিতে উপস্থাপনের মাধ্যমে তিনি সমকালীন সাহিত্যে নিজস্ব ধারা নির্মাণ করেছেন। একজন দক্ষ অনুবাদক হিসেবেও তিনি দেশ-বিদেশের গুরুত্বপূর্ণ সাহিত্যকর্ম বাংলা ভাষায় উপস্থাপন করে পাঠকমহলে প্রশংসিত হয়েছেন।
এ পর্যন্ত তার প্রকাশিত গ্রন্থের সংখ্যা ২৫। উপন্যাস, ছোটগল্প, প্রবন্ধ, অনুবাদ ও গবেষণাধর্মী রচনার মাধ্যমে তিনি বাংলা সাহিত্যকে সমৃদ্ধ করেছেন। সাহিত্যে বিশেষ অবদানের স্বীকৃতিস্বরূপ তিনি দেশ-বিদেশের বিভিন্ন পুরস্কার ও সম্মাননায় ভূষিত হয়েছেন। পাশাপাশি তিনি দীর্ঘদিন ধরে বিভিন্ন সাহিত্যিক, সাংস্কৃতিক ও সামাজিক সংগঠনের সঙ্গে সক্রিয়ভাবে যুক্ত থেকে সৃজনশীল কর্মকাণ্ডে নেতৃত্ব দিয়ে আসছেন।
পেশাগত জীবনে ডা. নাজিব ওয়াদুদ একজন খ্যাতিমান চিকিৎসক। তিনি এমবিবিএস, এমফিল (মনোরোগ) এবং পিএইচডি ডিগ্রি অর্জন করেন। দীর্ঘ কর্মজীবনে তিনি রাজশাহী বিশ্ববিদ্যালয় চিকিৎসা কেন্দ্রে নিষ্ঠা ও সুনামের সঙ্গে দায়িত্ব পালন করেছেন। ২০২৪ সালে অতিরিক্ত প্রধান চিকিৎসক হিসেবে পূর্ণ অবসর গ্রহণের পর বর্তমানে একই প্রতিষ্ঠানে একই পদে চুক্তিভিত্তিক দায়িত্ব পালন করছেন।
জনস্বাস্থ্য গবেষণায়ও তার রয়েছে গুরুত্বপূর্ণ অবদান। বিভিন্ন জাতীয় ও আন্তর্জাতিক স্বনামধন্য গবেষণা সাময়িকীতে তার অর্ধশতাধিক বৈজ্ঞানিক গবেষণা-প্রবন্ধ প্রকাশিত হয়েছে। জনস্বাস্থ্য, মানসিক স্বাস্থ্য এবং চিকিৎসাবিজ্ঞানের বিভিন্ন বিষয়ে তার গবেষণা দেশ-বিদেশে প্রশংসিত হয়েছে।
সাহিত্য ও চিকিৎসার পাশাপাশি সাংবাদিকতাতেও রয়েছে তার দীর্ঘ ও গৌরবোজ্জ্বল পথচলা। বর্তমানে তিনি দৈনিক রাজশাহী সংবাদ-এর প্রধান সম্পাদক এবং প্রিয়জন টিভি-র সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন। এর আগে রাজশাহী থেকে প্রকাশিত দৈনিক প্রথম প্রভাত, দৈনিক নতুন প্রভাত ও দৈনিক লাল গোলাপ-এর সম্পাদকের দায়িত্ব পালন করেন। এছাড়া বিভিন্ন সময়ে দ্য ডেইলি স্টার, নিউ এইজ এবং দৈনিক নয়া দিগন্ত-সহ বিভিন্ন জাতীয় দৈনিকে স্টাফ রিপোর্টার ও ব্যুরো চিফ হিসেবে দায়িত্ব পালন করেছেন। সাংবাদিকদের পেশাগত সংগঠনেও তিনি নেতৃত্ব দিয়েছেন। তিনি রাজশাহী সিটি প্রেসক্লাব এবং রাজশাহী সাংবাদিক ইউনিয়নের সভাপতির দায়িত্ব পালন করেছেন।
ডা. নাজিব ওয়াদুদের ৬৬তম জন্মদিন উপলক্ষে সাহিত্যাঙ্গনে বিভিন্ন আয়োজন গ্রহণ করা হয়েছে। এর অংশ হিসেবে আজ (২০ জুলাই) বিকেল ৪টায় রাজশাহী মহানগরীর মিয়াপাড়াস্থ সাধারণ গ্রন্থাগার মিলনায়তনে লিটলম্যাগ ‘সারবত্তা’ ও ‘রৌদ্রলিপি’-র যৌথ উদ্যোগে ‘বরেন্দ্রভাষ্যের রূপকার কথাশিল্পী নাজিব ওয়াদুদ’ শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হবে।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের অধ্যাপক, বিশিষ্ট কবি ও প্রাবন্ধিক ড. অনীক মাহমুদ। সভাপতিত্ব করবেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের নাট্যকলা বিভাগের চেয়ারম্যান, বিশিষ্ট গবেষক অধ্যাপক ড. আলমগীর স্বপন। মূল প্রবন্ধ উপস্থাপন করবেন কথাশিল্পী মইন শেখ।
আলোচনায় অংশ নেবেন কবি-গল্পকার মোস্তাক রহমান, কবি-প্রাবন্ধিক খুরশীদ আলম বাবু, গল্পকার ও গবেষক ড. আবু নোমান, কবি-প্রাবন্ধিক সায়ীদ আবু বকর, কবি-প্রাবন্ধিক ড. ফজলুল হক তুহিন-সহ সাহিত্য ও সংস্কৃতির অঙ্গনের বিশিষ্ট ব্যক্তিবর্গ।
ডা. নাজিব ওয়াদুদের জন্মদিন উপলক্ষে তার শুভানুধ্যায়ী, সহকর্মী, সাহিত্যিক, সাংবাদিক, শিক্ষাবিদ, সাংস্কৃতিক কর্মী এবং বিভিন্ন সামাজিক-সাংস্কৃতিক সংগঠনের পক্ষ থেকে শুভেচ্ছা ও দীর্ঘায়ু কামনা করা হয়েছে। সাহিত্য, সাংবাদিকতা, চিকিৎসা ও গবেষণায় তার অব্যাহত সৃজনশীল অবদান আগামী দিনেও বাংলা সাহিত্য ও সমাজজীবনকে সমৃদ্ধ করবে—এমন প্রত্যাশা ব্যক্ত করেছেন তার অনুরাগীরা।
প্রকাশক - শেখ রবিউল ইসলাম রবি, সম্পাদক - মোঃ আনিসুর রহমান, বার্তা সম্পাদক - শারীদ মোল্লা। অস্থায়ী প্রধান কার্যালয় - সোনারগাঁ,নারায়ণগঞ্জ, ঢাকা -বাংলাদেশ। Reg : TL-1061, fb: daily nayakontho, e-mail :[email protected], [email protected],web:www.dailynayakontho.com,
কপিরাইট © প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত | দৈনিক নয়া কন্ঠ | Developed by UNIKBD.COM