"শহীদ জিয়া স্মৃতি ফুটবলে চ্যাম্পিয়ন আলোড়ন সুপার নাইন"
ঝালকাঠি প্রতিনিধি: মোঃ নাদিম শরীফ।
ঝালকাঠি সদর উপজেলার কীর্তিপাশা প্রসন্ন কুমার মাধ্যমিক বিদ্যালয় মাঠে উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে শহীদ জিয়া স্মৃতি কীর্তিপাশা ইউনিয়ন ফুটবল টুর্নামেন্ট-২০২৬ এর ফাইনাল খেলা। রুদ্ধশ্বাস এ ম্যাচে আলোড়ন সুপার নাইন ২-১ গোলের ব্যবধানে কীর্তিপাশা সুপার কিংসকে পরাজিত করে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে।
খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আজাদুর রহমান খান, সম্মানিত আহ্বায়ক, জেলা স্বেচ্ছাসেবক দল।
বিশেষ অতিথি ছিলেন হেদায়েতুল ইসলাম সোহেল, সিনিয়র যুগ্ম আহ্বায়ক, জেলা স্বেচ্ছাসেবক দল।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিশিষ্ট ব্যবসায়ী, সমাজসেবক ও সাবেক ছাত্রনেতা আমিনুল ইসলাম ইমন এবং পরিচালনায় ছিলেন হাফিজুর রহমান মুরাদ।
এছাড়াও উপস্থিত ছিলেন কীর্তিপাশা ইউনিয়ন ছাত্রদলের সাধারণ সম্পাদক আসাদুল্লাহসহ বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ, ক্রীড়াপ্রেমী ও বিপুল সংখ্যক দর্শক।
খেলার রেফারির দায়িত্ব পালন করেন কামরুল ইসলাম, যিনি পুরো ম্যাচটি দক্ষতা ও নিরপেক্ষতার সঙ্গে পরিচালনা করেন।
চ্যাম্পিয়ন দলের অধিনায়ক জসিম উদ্দিন তপু বলেন,
"ক্রীড়াই শক্তি, ক্রীড়াই বল। খেলাধুলা যুবসমাজকে শৃঙ্খলাবোধ শেখায় এবং মাদক ও অপরাধ থেকে দূরে রাখে। এই শিরোপা আমাদের দলের প্রতিটি খেলোয়াড়, সংগঠক ও সমর্থকদের উৎসর্গ করছি। ভবিষ্যতেও আমরা কীর্তিপাশার ফুটবলকে আরও এগিয়ে নিতে চাই।"
রানারআপ কীর্তিপাশা সুপার কিংস দলের অধিনায়ক তাওহীদ ইসলাম অপু বলেন,
"ফাইনালে হারলেও আমরা হতাশ নই। প্রতিপক্ষ ভালো খেলেছে, তাদের অভিনন্দন। আমরা ভুলগুলো থেকে শিক্ষা নিয়ে আরও শক্তিশালী হয়ে ফিরব। এমন সুন্দর একটি টুর্নামেন্ট আয়োজনের জন্য সংশ্লিষ্ট সবাইকে ধন্যবাদ জানাই।"
অনুষ্ঠানের সভাপতি আমিনুল ইসলাম ইমন বলেন,
"যুবসমাজকে সুস্থ, মাদকমুক্ত ও আদর্শ নাগরিক হিসেবে গড়ে তুলতে খেলাধুলার কোনো বিকল্প নেই। মাঠভিত্তিক ক্রীড়াচর্চা বাড়লে সমাজে সম্প্রীতি, নেতৃত্বের গুণাবলি ও শৃঙ্খলা আরও সুদৃঢ় হবে। কীর্তিপাশার তরুণদের পাশে আমরা সবসময় ছিলাম, আছি এবং ভবিষ্যতেও থাকব। খেলাধুলার মাধ্যমে নতুন প্রজন্মের স্বপ্ন পূরণে আমরা সর্বাত্মক সহযোগিতা অব্যাহত রাখব।"
আয়োজনের অন্যতম উদ্যোক্তা হাসিবুর রহমান বলেন,
"এই টুর্নামেন্টের মূল উদ্দেশ্য ছিল এলাকার তরুণদের খেলাধুলার মাধ্যমে একত্রিত করা এবং একটি সুস্থ সামাজিক পরিবেশ সৃষ্টি করা। দর্শকদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ ও সবার সহযোগিতায় আমরা সফলভাবে টুর্নামেন্ট সম্পন্ন করতে পেরেছি। আগামীতে আরও বড় পরিসরে এ আয়োজন করার পরিকল্পনা রয়েছে।"
খেলা শেষে অতিথিরা বিজয়ী ও রানারআপ দলের হাতে ট্রফি ও পুরস্কার তুলে দেন। পুরো টুর্নামেন্টজুড়ে খেলোয়াড়দের নৈপুণ্য, দর্শকদের ব্যাপক উপস্থিতি এবং সুশৃঙ্খল আয়োজন কীর্তিপাশার ক্রীড়াঙ্গনে নতুন প্রাণের সঞ্চার করেছে বলে উপস্থিত দর্শকদের অভিমত।
প্রকাশক - শেখ রবিউল ইসলাম রবি, সম্পাদক - মোঃ আনিসুর রহমান, বার্তা সম্পাদক - শারীদ মোল্লা। অস্থায়ী প্রধান কার্যালয় - সোনারগাঁ,নারায়ণগঞ্জ, ঢাকা -বাংলাদেশ। Reg : TL-1061, fb: daily nayakontho, e-mail :[email protected], [email protected],web:www.dailynayakontho.com,
কপিরাইট © প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত | দৈনিক নয়া কন্ঠ | Developed by UNIKBD.COM