
রাজশাহীতে ‘বন্যপ্রাণী সংরক্ষণ ও আমাদের দায়িত্ব’ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত
মোস্তাফিজুর রহমান লিটন
রাজশাহী ব্যুরো
জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে রাজশাহীতে বাংলাদেশ অ্যানিম্যালস অ্যালাইজ ভলান্টিয়ার্স-এর উদ্যোগে ‘বন্যপ্রাণী সংরক্ষণ ও আমাদের দায়িত্ব’ শীর্ষক এক সেমিনার অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (১৮ জুলাই) সকালে নগর ভবনের সরিৎ দত্ত গুপ্ত সভাকক্ষে আয়োজিত এ সেমিনারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী সিটি কর্পোরেশনের প্রশাসক মোঃ মাহফুজুর রহমান রিটন।
প্রধান অতিথির বক্তব্যে প্রশাসক মাহফুজুর রহমান রিটন বলেন, “বন্যপ্রাণী সংরক্ষণ ও আমাদের দায়িত্ব’ শীর্ষক সেমিনার আয়োজনের জন্য সংশ্লিষ্টদের সাধুবাদ জানাই। বন্যপ্রাণী আমাদের পরিবেশ ও বাস্তুতন্ত্রের গুরুত্বপূর্ণ অংশ। প্রকৃতির ভারসাম্য রক্ষা, খাদ্যশৃঙ্খল বজায় রাখা এবং পরিবেশকে সুস্থ রাখার ক্ষেত্রে বন্যপ্রাণীর ভূমিকা অপরিসীম। তাই বন্যপ্রাণী সংরক্ষণ শুধু সরকারের দায়িত্ব নয়, এটি আমাদের প্রত্যেকের নৈতিক ও সামাজিক দায়িত্ব।”
তিনি আরও বলেন, রাজশাহী কেন্দ্রীয় উদ্যান ও চিড়িয়াখানায় নতুন পশুপাখি সংযোজনের মাধ্যমে এর ঐতিহ্য ফিরিয়ে আনার উদ্যোগ নেওয়া হয়েছে। পাশাপাশি চিড়িয়াখানাটিকে সাফারি পার্কের আদলে গড়ে তোলার পরিকল্পনাও রয়েছে। এছাড়া সবুজায়ন ও জীববৈচিত্র্য সংরক্ষণে ব্যাপক বনায়নের উদ্যোগ গ্রহণ করা হয়েছে। এ সময় তিনি সবাইকে অন্তত একটি করে গাছের চারা রোপণের আহ্বান জানান।
সেমিনারে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ভেটেরিনারি অ্যান্ড অ্যানিম্যাল সায়েন্স বিভাগের অধ্যাপক ড. মোঃ হেমায়েতুল ইসলাম আরিফ, বন্যপ্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগের বন্যপ্রাণী পরিদর্শক মোঃ জাহাঙ্গীর কবির এবং রাজশাহী সিটি কর্পোরেশনের তত্ত্বাবধায়ক প্রকৌশলী (ভারপ্রাপ্ত) আহমদ আল মঈন পরাগ।
দিনব্যাপী আয়োজিত এ সেমিনারে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থী, স্বেচ্ছাসেবী এবং পরিবেশ ও বন্যপ্রাণী সংরক্ষণে আগ্রহী অংশগ্রহণকারীরা উপস্থিত ছিলেন। বক্তারা বন্যপ্রাণী সংরক্ষণে জনসচেতনতা বৃদ্ধি, জীববৈচিত্র্য রক্ষা এবং পরিবেশবান্ধব আচরণ গড়ে তোলার ওপর গুরুত্বারোপ করেন।