রাজশাহীতে ‘ইয়োর জার্নি টু হিলিং ইন চায়না’ শীর্ষক সেমিনার
মোস্তাফিজুর রহমান লিটন
রাজশাহী ব্যুরো
চীনে উচ্চশিক্ষা, কর্মসংস্থান, ব্যবসায়িক সম্ভাবনা এবং উন্নত চিকিৎসাসেবা সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে রাজশাহীতে ‘ইয়োর জার্নি টু হিলিং ইন চায়না’ শীর্ষক একটি সেমিনার অনুষ্ঠিত হয়েছে।
শনিবার রাজশাহী চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির মিলনায়তনে মালিশা গ্রুপ ও আরশি গ্লোবাল কেয়ারের যৌথ আয়োজনে অনুষ্ঠিত এ সেমিনারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী সিটি কর্পোরেশনের প্রশাসক মোঃ মাহফুজুর রহমান রিটন।
প্রধান অতিথির বক্তব্যে মোঃ মাহফুজুর রহমান রিটন বলেন, বর্তমান বিশ্বে উচ্চশিক্ষা, কর্মসংস্থান, ব্যবসা ও উন্নত চিকিৎসার ক্ষেত্রে আন্তর্জাতিক যোগাযোগের গুরুত্ব দিন দিন বৃদ্ধি পাচ্ছে। তাই বিদেশে শিক্ষা গ্রহণ, কর্মসংস্থান, ব্যবসায়িক সম্প্রসারণ কিংবা উন্নত চিকিৎসা—সব ক্ষেত্রেই সঠিক তথ্য, স্বচ্ছ প্রক্রিয়া এবং নির্ভরযোগ্য সেবার বিকল্প নেই।
তিনি বলেন, এ ধরনের সেমিনার শুধু চিকিৎসাসেবা নয়, বরং উচ্চশিক্ষা, চাকরি ও ব্যবসার ক্ষেত্রেও নতুন সম্ভাবনার দ্বার উন্মোচন করবে এবং রাজশাহীর মানুষের জন্য কার্যকর তথ্য ও দিকনির্দেশনা প্রদান করবে।
প্রশাসক আরও বলেন, “রাজশাহী শিক্ষানগরী হিসেবে সুপরিচিত। আমরা চাই আগামী দিনে এটিকে স্বাস্থ্যনগরী হিসেবেও গড়ে তুলতে। এজন্য প্রয়োজন বিশেষায়িত হাসপাতাল। রাজশাহীতে এমন হাসপাতাল প্রতিষ্ঠার উদ্যোগ নেওয়া হলে রাজশাহী সিটি কর্পোরেশনের পক্ষ থেকে সার্বিক সহযোগিতা প্রদান করা হবে।”
সেমিনারে চীনে উচ্চশিক্ষার বিভিন্ন সুযোগ, শিক্ষার্থী ভিসা, ব্যবসা ও আমদানি-রপ্তানির সম্ভাবনা, আধুনিক চিকিৎসাসেবা, মেডিকেল ভিসা এবং ভিসা আবেদন প্রক্রিয়া সম্পর্কে বিস্তারিত তথ্য উপস্থাপন করা হয়।
অনুষ্ঠানে রাজশাহী চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি মোঃ হাসেন আলী, ইসলামী ব্যাংক মেডিকেল হাসপাতালের সাবেক তত্ত্বাবধায়ক ডা. মোঃ জাহাঙ্গীর আলমসহ ব্যবসায়ী, চিকিৎসক, শিক্ষার্থী এবং বিভিন্ন শ্রেণি-পেশার আগ্রহী ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
প্রকাশক - শেখ রবিউল ইসলাম রবি, সম্পাদক - মোঃ আনিসুর রহমান, বার্তা সম্পাদক - শারীদ মোল্লা। অস্থায়ী প্রধান কার্যালয় - সোনারগাঁ,নারায়ণগঞ্জ, ঢাকা -বাংলাদেশ। Reg : TL-1061, fb: daily nayakontho, e-mail :[email protected], [email protected],web:www.dailynayakontho.com,
কপিরাইট © প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত | দৈনিক নয়া কন্ঠ | Developed by UNIKBD.COM