মো.ইসমাইল হোসেন, নোয়াখালী প্রতিনিধি :
নোয়াখালীর বেগমগঞ্জে ট্রাক ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে মো. আব্দুর রহমান ওরফে সুমন (৩৮) নামে এক উপসহকারী কৃষি কর্মকর্তার মৃত্যু হয়েছে।
শনিবার (১৮ জুলাই) সকাল সাড়ে ৯টার দিকে উপজেলার চৌমুহনী-ছমিরমুন্সিরহাট সড়কের রোহিতার পোল এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত আব্দুর রহমান সুমন জেলার সোনাইমুড়ী উপজেলার নাটেশ্বর ইউনিয়নের আব্দুর রশীদ খানের ছেলে। তিনি বেগমগঞ্জে উপসহকারী কৃষি কর্মকর্তা হিসেবে কর্মরত ছিলেন।
স্থানীয় সূত্রে জানা যায়, সকালে তিনি শ্বশুরবাড়ি থেকে মোটরসাইকেলযোগে বেগমগঞ্জ উপজেলার একলাশপুর ইউনিয়নে কৃষক কার্ডের তথ্য সংগ্রহের কাজে রওনা দেন। পথে রোহিতার পোল এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাকের সঙ্গে তার মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
দুর্ঘটনার পর ট্রাকচালক পালিয়ে গেলেও স্থানীয়রা ট্রাকটি আটক করে পুলিশে খবর দেন।
বেগমগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শামসুজ্জামান জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে ট্রাকটি জব্দ করে থানায় নিয়ে এসেছে। নিহতের পরিবারের অভিযোগের ভিত্তিতে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
প্রকাশক - শেখ রবিউল ইসলাম রবি, সম্পাদক - মোঃ আনিসুর রহমান, বার্তা সম্পাদক - শারীদ মোল্লা। অস্থায়ী প্রধান কার্যালয় - সোনারগাঁ,নারায়ণগঞ্জ, ঢাকা -বাংলাদেশ। Reg : TL-1061, fb: daily nayakontho, e-mail :[email protected], [email protected],web:www.dailynayakontho.com,
কপিরাইট © প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত | দৈনিক নয়া কন্ঠ | Developed by UNIKBD.COM