রাঙ্গুনিয়ায় ইসলামী যুবসেনার কার্যালয় উদ্বোধন, বন্যা-বালুদস্যুতা নিয়ে সরকারের কড়া সমালোচনা এড. ইকবাল হাছানের
রাঙ্গুনিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি:
রাঙ্গুনিয়া উপজেলা উত্তর বাংলাদেশ ইসলামী যুবসেনার নতুন কার্যালয় শুভ উদ্বোধন করা হয়েছে এবং একই সাথে পালিত হয়েছে শহীদ হালিম দিবস।
শুক্রবার (১৭ জুলাই) বিকালে উপজেলার ধামাইরহাট হাজী বিল্ডিংয়ে মসজিদের পাশে দলীয় কার্যালয়ের ফিতা কেটে আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করেন অনুষ্ঠানের প্রধান অতিথি বাংলাদেশ ইসলামী ফ্রন্ট কেন্দ্রীয় আইন বিষয়ক সচিব ও সাবেক রাঙ্গুনিয়া সংসদ সদস্য প্রার্থী অ্যাডভোকেট এম ইকবাল হাছান। এ সময় মোনাজাত পরিচালনা করেন বিশিষ্ট আলেমে দ্বীন আল্লামা মোজাম্মেল হোসাইন নঈমী।
পরে শহীদ হালিম দিবস উদযাপন উপলক্ষে অনুষ্ঠিত হয় আলোচনা সভা। উপজেলা উত্তর যুবসেনার সভাপতি এম শহিদের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মাওলানা আব্দুল খালেকের সঞ্চালনায় অনুষ্ঠিত এ সভায় বক্তব্য রাখেন অ্যাডভোকেট এম ইকবাল হাছান, উপজেলা ইসলামী ফ্রন্টের সহ-সভাপতি ও সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান আকতার হোসেন, সাধারণ সম্পাদক মাহমুদুর রশিদ মাসুদ, আইন বিষয়ক সম্পাদক দিদারুল আলম, সহ-সাংগঠনিক সম্পাদক মাওলানা কোরবান আলী নূরী, সদস্য নুরুল ইসলাম, উপজেলা উত্তর যুবসেনার সাবেক সভাপতি শহিদুল ইসলাম খোকন, উপজেলা উত্তর ছাত্রসেনার সভাপতি মুহাম্মদ জমির উদ্দিনসহ যুবসেনার দায়িত্বশীলগণ।
প্রধান অতিথির বক্তব্যে অ্যাড. এম ইকবাল হাছান বলেন, পাহাড়-নদী-সমতলে ঘেরা রাঙ্গুনিয়ার মানুষ দীর্ঘদিন ধরে বালুদস্যুদের কবলে পড়ে নদীভাঙনে ঘরবাড়ি হারাচ্ছে, রাস্তাঘাট নষ্ট হচ্ছে। এর প্রতিবাদে মানুষ বারবার মানববন্ধন ও সংগ্রাম করলেও এখনো এই সংকট থেকে মুক্তি মেলেনি, যা রাঙ্গুনিয়ার জন্য অত্যন্ত দুঃখজনক ও লজ্জাজনক বলে মন্তব্য করেন তিনি।
তিনি নেতাকর্মীদের উদ্দেশ্যে বলেন, বালুদস্যুতা, সন্ত্রাস ও দুর্নীতির বিরুদ্ধে বাংলাদেশ ইসলামী যুবসেনাকে সবসময় সোচ্চার থাকতে হবে।
বন্যা পরিস্থিতি নিয়ে তিনি ক্ষোভ প্রকাশ করে বলেন, চট্টগ্রামে এত নেতা থাকার পরও শহর পানিতে ডুবে যায়, মানুষ মারা যায়। অথচ সরকার এখনো বন্যা নিরসনে কার্যকর কোনো পদক্ষেপ নেয়নি, শুধু এই ইস্যু নিয়ে রাজনীতি করা হচ্ছে বলে তিনি অভিযোগ করেন। বন্যায় মানুষ প্রাণ হারাচ্ছে, ঘরবাড়ি হারিয়ে নিঃস্ব হচ্ছে বহু পরিবার। রাঙ্গুনিয়াসহ বিভিন্ন এলাকায় পাহাড়ধসের একাধিক ঘটনাও ঘটেছে বলে জানান তিনি।
তিনি আরো বলেন, দুর্যোগকালে সংগঠনের কর্মীরা সাধারণ মানুষের পাশে থেকে কাজ করলেও দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয়ের পক্ষ থেকে বন্যাদুর্গতদের পুনর্বাসনে কোনো বাস্তবভিত্তিক উদ্যোগ চোখে পড়েনি, যা সরকারের দায়িত্বশীলদের জন্য লজ্জাজনক। ত্রাণ ও দুর্যোগ মন্ত্রণালয়ের কোনো দৃশ্যমান পদক্ষেপ দেখা যায়নি বলেও মন্তব্য করেন তিনি। পাশাপাশি সুন্নি ওলামায়ে কেরাম বন্যার্তদের পাশে থেকে সহযোগিতা করেছেন বলে উল্লেখ করেন তিনি।
প্রকাশক - শেখ রবিউল ইসলাম রবি, সম্পাদক - মোঃ আনিসুর রহমান, বার্তা সম্পাদক - শারীদ মোল্লা। অস্থায়ী প্রধান কার্যালয় - সোনারগাঁ,নারায়ণগঞ্জ, ঢাকা -বাংলাদেশ। Reg : TL-1061, fb: daily nayakontho, e-mail :[email protected], [email protected],web:www.dailynayakontho.com,
কপিরাইট © প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত | দৈনিক নয়া কন্ঠ | Developed by UNIKBD.COM