বিয়ের একদিন পরই যুবকের আত্মহত্যা, ভাগনের লাশ দেখে মামার মৃত্যু
মোঃ সবুজ মিয়া,স্টাফ রিপোর্টার:
নীলফামারীর ডিমলায় বিয়ের মাত্র একদিন পর আব্দুল মালেক (২৫) নামের এক যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। এদিকে ভাগনের এই অকাল মৃত্যু সইতে না পেরে হৃদরোগে আক্রান্ত হয়ে মারা গেছেন তার আপন মামা আহিদুল ইসলাম (৪০)। এই জোড়া মৃত্যুর ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
বুধবার (১৫ জুলাই) দিবাগত রাতে ডিমলা উপজেলার ঝুনাগাছ চাপানী ইউনিয়নের মুনাকাশা কাকড়া চৌপতি জামে মসজিদে আব্দুল মালেকের লাশ পাওয়া যায়। নিহত মালেক ওই এলাকার নুরুল হকের ছেলে। মৃত মামা আহিদুল ইসলাম একই উপজেলার বাসিন্দা।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, গত মঙ্গলবার পারিবারিকভাবে আব্দুল মালেকের বিয়ে সম্পন্ন হয়। বিয়ের আনন্দ কাটতে না কাটতেই বুধবার দিবাগত মধ্যরাতে স্থানীয় মুসল্লিরা মসজিদের ভেতরের ছাদের কাঠামোর সাথে তাকে ঝুলন্ত অবস্থায় দেখতে পান। খবর পেয়ে ডিমলা থানা পুলিশ ঘটনাস্থল থেকে তার মরদেহ উদ্ধার করে।
এদিকে ভাগনের মৃত্যুর সংবাদ শুনে স্তব্ধ হয়ে যান মামা আহিদুল ইসলাম। সকালে তিনি ভাগনের মরদেহ দেখতে এসে তীব্র মানসিক আঘাতে অসুস্থ হয়ে পড়েন। পরে আশঙ্কাজনক অবস্থায় তাকে জলঢাকা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়ার পথে তিনি মারা যান। চিকিৎসকদের ধারণা, হৃদরোগে আক্রান্ত হয়ে তার মৃত্যু হয়েছে।
ঝুনাগাছ চাপানি ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান একরামুল হক চৌধুরী গভীর শোক প্রকাশ করে বলেন, "বিয়ের মাত্র একদিন পর মালেকের আত্মহত্যার ঘটনাটি রহস্যজনক ও দুঃখজনক। একই সাথে ভাগনের শোকে মামার মৃত্যুর বিষয়টি পুরো এলাকায় এক বেদনাবিধুর পরিস্থিতির সৃষ্টি করেছে।"
ডিমলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শওকত আলী জানান, খবর পাওয়া মাত্রই পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশের সুরতহাল প্রতিবেদন তৈরি করেছে। মরদেহ ময়নাতদন্তের জন্য নীলফামারী সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু (ইউডি) মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
প্রকাশক - শেখ রবিউল ইসলাম রবি, সম্পাদক - মোঃ আনিসুর রহমান, বার্তা সম্পাদক - শারীদ মোল্লা। অস্থায়ী প্রধান কার্যালয় - সোনারগাঁ,নারায়ণগঞ্জ, ঢাকা -বাংলাদেশ। Reg : TL-1061, fb: daily nayakontho, e-mail :[email protected], [email protected],web:www.dailynayakontho.com,
কপিরাইট © প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত | দৈনিক নয়া কন্ঠ | Developed by UNIKBD.COM